Sunday, 4 October 2026

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্নঃ সভাপতি এনাম, সম্পাদক মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ূন



গোলাপগঞ্জ প্রতিনিধিঃ দীর্ঘ ২০ বছর পর দুই প্যানেলের বিরোধের অবসান ঘটিয়ে ঐকমত্যের ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন। শনিবার গোলাপগঞ্জের ধারাবহর একমাইল এলাকার শাহজাহান এস্টেটে প্রেসক্লাব ভবনে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক উত্তরপূর্বের গোলাপগঞ্জ প্রতিনিধি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক পদে দৈনিক সিলেট মিররের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে আমাদের প্রতিদিনের গোলাপগঞ্জ প্রতিনিধি আনোয়ার হুমায়ুন নির্বাচিত হয়েছেন।

প্রেসক্লাবের মোট ৮৪ জন ভোটারের মধ্যে ৮৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৭টি পদে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পরে বিকেল ৬টায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলওয়ার হোসেন দিলু এবং নির্বাচন কমিশনার আনোয়ার শাহজাহান, আবুল কালাম, আব্দুল আহাদ ও শহীদুর রহমান সুহেদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ফলাফলঃ

সভাপতি পদে এনামুল হক এনাম ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজ আহমদ চৌধুরী পেয়েছেন ৩১ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুর রহমান খান ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট। সহ-সভাপতি পদে বদরুল আলম ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালিক পেয়েছেন ৩৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান চৌধুরী ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান আহমদ পেয়েছেন ৩৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল আজিজ বাবর ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন, নিকটতম প্রতিদ্বন্দ্বী সাকিব আল মামুন পেয়েছেন ৩১ ভোট।

কোষাধ্যক্ষ পদে আনোয়ার হুমায়ুন ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলওয়ার হোসেন মাহমুদ পেয়েছেন ৩৭ ভোট।

এ ছাড়া ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো. তামিম আহমদ ৪০ ভোট, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ফাহাদ হোসাইন ৪৪ ভোট, প্রচার সম্পাদক পদে ফাহিম আহমদ ৩৪ ভোট, প্রকাশনা সম্পাদক পদে সাকেল উদ্দিন ৪১ ভোট, দপ্তর সম্পাদক পদে ওলিউর রহমান তামিম ৩৭ ভোট, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সামিল হোসেন ৪৭ ভোট এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে সালমান কাদের দিপু ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ জাবের আহমদ ৪৬ ভোট, বাবর জোয়ারদার ৪৫ ভোট, মাহদী রহমান ৩৮ ভোট এবং এম. আব্দুল জলিল ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচন চলাকালে দুপুর ২টার দিকে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ভোটকেন্দ্র ও নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়া ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিলেট জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী, দৈনিক সিলেট মিররের সম্পাদক জিয়া উস শামস শাহীন, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছবেদ আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

দীর্ঘ দুই দশক পর বিরোধ নিরসন করে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচিত নতুন কমিটির মাধ্যমে গোলাপগঞ্জের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন