Sunday, 4 October 2026

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: প্রশিক্ষণ সম্পাদক পদে সালমান কাদের দিপু নির্বাচিত

 
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ  উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দীর্ঘ প্রায় দুই দশক পর অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন-২০২৬। শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিক্ষণের সাংবাদিক ও কুশিয়ারা নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক সালমান কাদের দিপু।
 
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সালমান কাদের দিপু ৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাবেদ মাহবুব পেয়েছেন ২২ ভোট। এছাড়া হাফিজুল ইসলাম ১১ ভোট, ফারহান ইসলাম রাজু ৫ ভোট এবং হাবিবুর রহমান পেয়েছেন ৫ ভোট।

প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত সালমান কাদের দিপু সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, জ্ঞানচর্চা ও প্রশিক্ষণ কার্যক্রমে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
 
দীর্ঘদিন পর অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাবের এই নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ১৭টি পদে অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন পদে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
 
নির্বাচন উপলক্ষে সকাল থেকেই ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়।

পরে বিকেল ৬টায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলওয়ার হোসেন দিলু এবং নির্বাচন কমিশনার আনোয়ার শাহজাহান, আবুল কালাম, আব্দুল আহাদ ও শহীদুর রহমান সুহেদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ফলাফলঃ

সভাপতি পদে এনামুল হক এনাম ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজ আহমদ চৌধুরী পেয়েছেন ৩১ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুর রহমান খান ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট। সহ-সভাপতি পদে বদরুল আলম ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালিক পেয়েছেন ৩৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান চৌধুরী ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান আহমদ পেয়েছেন ৩৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল আজিজ বাবর ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন, নিকটতম প্রতিদ্বন্দ্বী সাকিব আল মামুন পেয়েছেন ৩১ ভোট।

কোষাধ্যক্ষ পদে আনোয়ার হুমায়ুন ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলওয়ার হোসেন মাহমুদ পেয়েছেন ৩৭ ভোট।

এ ছাড়া ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো. তামিম আহমদ ৪০ ভোট, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ফাহাদ হোসাইন ৪৪ ভোট, প্রচার সম্পাদক পদে ফাহিম আহমদ ৩৪ ভোট, প্রকাশনা সম্পাদক পদে সাকেল উদ্দিন ৪১ ভোট, দপ্তর সম্পাদক পদে ওলিউর রহমান তামিম ৩৭ ভোট, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সামিল হোসেন ৪৭ ভোট এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে সালমান কাদের দিপু ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ জাবের আহমদ ৪৬ ভোট, বাবর জোয়ারদার ৪৫ ভোট, মাহদী রহমান ৩৮ ভোট এবং এম. আব্দুল জলিল ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচন চলাকালে দুপুর ২টার দিকে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ভোটকেন্দ্র ও নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়া ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিলেট জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী, দৈনিক সিলেট মিররের সম্পাদক জিয়া উস শামস শাহীন, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছবেদ আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন