Monday, 26 October 2026

বুধবারীবাজার ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে এনাম উদ্দিন


গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-০১ মোঃ এনাম উদ্দিন।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পরিষদ কার্যালয়ে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন তার হাতে দায়িত্বভার তুলে দেন।

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে চেয়ারম্যান হেলাল উদ্দিন আগামী ২৮ অক্টোবর মক্কার পথে রওনা হবেন। সেখানে ২০ দিন অবস্থান শেষে তিনি দেশে ফিরবেন। চেয়ারম্যানের এই অনুপস্থিতিকালে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এনাম উদ্দিন।

অনুষ্ঠানে চেয়ারম্যান হেলাল উদ্দিন তার ওমরাহ যাত্রা নির্বিঘ্ন ও সফল হওয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সর্বাত্মক সহযোগিতা করতে পরিষদের সদস্য-কর্মকর্তা ও ইউনিয়নবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

দায়িত্বভার গ্রহণ শেষে এনাম উদ্দিন চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সংরক্ষিত নারী সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়নবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি সবাইকে সঙ্গে নিয়ে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-০২ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন, বাগিরঘাট ভিলেজ ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি নাজিম উদ্দিন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সামছুল আলম কয়েছ, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুর রহমান মৌলা, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য উস্তার আলী, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সালমান কাদের দিপু এবং ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আফিয়া বেগম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউপি সচিব আব্দুল মালেক, সহকারী হিসাবরক্ষক দিব্য রঞ্জন দেবনাথ, উদ্যোক্তা কামরুল হাসান টিপু, সমাজসেবক রুকন আহমদ বাবলু, সমাজকর্মী আলী হোসেন, সুফিয়ান উদ্দিন, আলী আহমদ ও তানভীর রাশিদ প্রমুখ।


বিজ্ঞাপন