Friday, 8 October 2021

বাংলাদেশের টিকা সনদের অনুমোদন দিলো যুক্তরাজ্য

বাংলাদেশের টিকা সনদের অনুমোদন দিলো যুক্তরাজ্য



যুক্তরাজ্য সরকার অনুমোদিত করোনাভাইরাসের (কোভিড ১৯) অনুমোদিত টিকার সনদপত্র দেওয়া দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যের পরিবহন বিভাগের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

শুক্রবার (৮ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক বার্তায় বলেন, বাংলাদেশের টিকা সনদ এখন ব্রিটিশ কর্তৃপক্ষের স্বীকৃতি পেয়েছে। আমাদের (লন্ডন) মিশন যুক্তরাজ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমাদের প্রক্রিয়া অবহিত করেছে ও তারা আমাদের টিকা সনদপত্রকে স্বীকৃতি দিয়েছে। এই সনদপত্রের গ্রহণযোগ্যতা ১১ অক্টোবর ভোর ৪টা থেকে কার্যকর হবে বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাহরাইন ১০ অক্টোবর থেকে বাংলাদেশকে লাল তালিকা থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ১১ অক্টোবর ভোর ৪টা থেকে যুক্তরাজ্য অনুমোদিত দুই ডোজ টিকাগ্রহীতারা আর ১০ দিনের জন্য হোটেলে বা হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে না এবং কোভিড-১৯ প্রাক-প্রস্থান পরীক্ষার প্রয়োজন হবে না।

তবে ইংল্যান্ডে পৌঁছানোর পর দ্বিতীয় দিন বা তার আগে একটি কোভিড-১৯ পরীক্ষা নেওয়া উচিত হবে। সব ভ্রমণকারীর জন্য টিকা গ্রহণের প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রদত্ত টিকা সনদের প্রয়োজন হবে বলে হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন। দুই দেশের মধ্যে ব্যবসা, পর্যটন ও অপরিহার্য ভ্রমণের ক্ষেত্রে অবশিষ্ট বাধা দূর করতে হাইকমিশনের নিরন্তর কূটনৈতিক প্রচেষ্টারই ফল।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর যুক্তরাজ্য সরকারের ভ্রমণ সংক্রান্ত লাল তালিকা থেকে বাংলাদেশের নাম অপসারণ করা হয়। ২২ সেপ্টেম্বর ভোর ৪টা থেকে এ তালিকা কার্যকর হয়।

যেসব ভ্রমণকারী যুক্তরাজ্য অনুমোদিত টিকার দুই ডোজ গ্রহণ করেননি তাদের অবশ্যই বাড়িতে বা যেখানে তারা রয়েছেন সেখানে ১০ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে ও পৌঁছানোর দ্বিতীয় বা অষ্টম দিন কোভিড পরীক্ষা করতে হবে।
আফগানিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, নিহত ৫০

আফগানিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, নিহত ৫০



আফগানিস্তানে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে শুক্রবার জুমার নামাজের সময় একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫০ জন নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।  

কুন্দুজ সেন্ট্রাল হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন,  এ পর্যন্ত ৩৫ জনের লাশ  ওই হাসপাতালে এসেছে। এছাড়া ৫০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন তারা। 

ডক্টর উইদআউট বর্ডার (এমএসএফ) পরিচালিত আরেকটি হাসপাতালের আরেকজন চিকিৎসক জানান, তাদের হাসাপাতালে ১৫ জনের লাশ নিয়ে আসা হয়েছে।

তালেবানে তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ কুন্দুজের রাজধানীর খানাবাদ বানদার এলাকার একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। মসজিদটি শিয়া মতাবলম্বীদের।  বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছে।

কুন্দুজের স্থানীয় ব্যবসায়ী জলমাই অলোকজাই বিস্ফোরণের পর হাসপাতালে গিয়েছিলেন আহতদের রক্ত দেওয়ার জন্য। তিনি সেখানকার পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। 

বিস্ফোরণের সময় সেখানে অন্তত তিনশ’ মুসল্লি ছিল বলে ঘটনাস্থলে থাকা নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন। 

এমএফএস হাসপাতালের এক কর্মী বার্তা সংস্থা এএফপিকে জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

তিনি আরও বলেন,  নিখোঁজ আত্মীয়ের কয়েকশ’ মানুষ হাসপাতালের প্রধান ফটকের সামনে জড়ো হয়েছেন। তবে ফের বিস্ফোরণের আশঙ্কায় সশস্ত্র তালেবান যোদ্ধারা তাদের আটকে দিচ্ছে। 

এদিকে সেখানে শতাধিক মানুষ হতাহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন জানিয়েছে, আজ মসজিদের ভেতরে হামলায় শতাধিক মানুষের হতাহত হয়েছে। 

তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
নিজের নোবেল পাওয়ার খবর শুনে কলদাতাকে ধমকালেন আবদুলরাজাক!

নিজের নোবেল পাওয়ার খবর শুনে কলদাতাকে ধমকালেন আবদুলরাজাক!



এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন তানজানিয়ার সাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ। তবে নিজের নোবেল পাওয়ার খবর কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না সদ্য বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া এই সাহিত্যিক। নোবেল কর্তৃপক্ষের দেয়া ফোনকে এতটাই অবিশ্বাস হচ্ছিল যে, তিনি রীতিমতো কলদাতাকে ধমক দিয়েছিলেন।

আবদুলরাজাক তখন চা তৈরি করছিলেন। ঠিক এমন সময় তার ফোন বেজে ওঠে। ফোন ধরে নোবেল পাওয়ার কথা শুনে বিশ্বাস না করে উল্টো বিরক্ত হন তিনি। মজার এই ঘটনাটি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে নিজেই জানিয়েছেন আবদুলরাজাক।

সাক্ষাৎকারে আবদুলরাজাক বলেন, ‘ঘটনাটি মধ্যাহ্নভোজের কিছুক্ষণ আগের। নিজের জন্য চা তৈরি করছিলাম আমি। ঠিক সেই সময় ফোন বেজে ওঠে। ভাবলাম, কোনো বিক্রয় প্রতিনিধি হবে হয়তো। ফোন ধরলাম। ফোনে এক ব্যক্তি বললেন, হ্যালো, আপনি সাহিত্যে নোবেল পেয়েছেন। আমি বললাম, দূর হও! আমাকে একা থাকতে দাও।’

মূলত নিজের পুরস্কার জেতার খবর কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না আবদুলরাজাক। সেই ফোনে বিশ্বাস না করলেও পরে অবশ্য তিনি বিশ্বাস করেছিলেন, সাহিত্যের নোবেল যে তার হাতেই উঠেছে।

আবদুলরাজাক গুরনাহ নোবেল পেয়েছেন তার লেখা ‘প্যারাডাইস’ নামের একটি উপন্যাসের জন্য। বৃহস্পতিবার নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।

ভারত মহাসাগরীয় অঞ্চলের জাঞ্জিবার দ্বীপে ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন আবদুলরাজাক গুরনাহ । ১৯৬০ দশকের শেষের দিকে শরণার্থী হিসেবে তিনি পাড়ি জমিয়েছিলেন ইংল্যান্ডে। তিনি এখন পর্যন্ত মোট ১০টি উপন্যাস লিখেছেন। এ ছাড়া তার লেখা বেশ কয়েকটি ছোটগল্পও রয়েছে।

আবদুলরাজাক নিজে শরণার্থী থাকায় তার লেখায় জীবন্ত হয়ে উঠেছে শরণার্থীদের জীবনের নানা জটিলতা। পাশাপাশি ঔপনিবেশিকতার দুর্দশাও দারুণভাবে প্রতিভাত হয়েছে তার লেখায়।
কলামিষ্ট মনজুর খানের মাতৃবিয়োগে সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের শোক প্রকাশ

কলামিষ্ট মনজুর খানের মাতৃবিয়োগে সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের শোক প্রকাশ

সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সিনিয়র সহ সভাপতি, বিশিষ্ট লেখক-কলামিস্ট মুহাম্মদ মনজুর হোসেন খানের মাতা সাহেদা খানমের মৃত্যুতে সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সভাপতি আবু মালিহা, সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

উল্লেখ্য, মুহাম্মদ মনজুর হোসেন খানের মাতা বৃহস্পতিবার সকাল ১০টায় দক্ষিণ সুরমা পাঠানপাড়া খানবাড়িস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানে শক্তিশালী ভূমিকম্প


জাপানের রাজধানী টোকিও এবং আশপাশের এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

বৃহস্পতিবার রাতে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

জাপানের আবহাওয়া সংস্থার প্রাথমিক তথ্য বলছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল রাজধানী টেকিওর পূর্বাঞ্চলের চিবা শহর। 

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৪১ মিনিটের দিকে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে চিবার ৮০ কিলোমিটার ভূগর্ভে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর টোকিও শত শত বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সম্প্রতি টোকিওতে যে কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে তার মধ্যে বৃহস্পতিবারেরটি তুলনামূলক শক্তিশালী ছিল।

ভূমিকম্পে কেঁপে উঠল সিলেটসহ পুরো দেশ

ভূমিকম্পে কেঁপে উঠল সিলেটসহ পুরো দেশ


সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৩১ মিনিটে হালকাভাবে ভূমিকম্প শুরু হয়ে কিছু সময় স্থায়ী থাকে। যদিও অনেকেই এ ভূকম্পন টের পায়নি।

তবে রিখটার স্কেলে এর মাত্রা কত বা এর উৎপত্তি স্থল কোথায় তা তাৎক্ষণিক জানা যায়নি।

এর আগে চলতি বছরের ২৫ মে সিলেটে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। যার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৬৬ কিলোমিটার উত্তর-পূর্বে অর্থাৎ সিলেটের পূর্বে। ১৪ এপ্রিলের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের ডাউকি ফল্টের পার্শ্ববর্তী জৈন্তাপুর এলাকায়। এছাড়া ২৭ জানুয়ারি ৪ দশমিক ১ ও পরদিন ৪ দশমিক ৯ মাত্রায় ভূকম্পন অনূভত হয়। এরপর ২১ জুন (রোববার) বিকাল ৪টা ৪৯ মিনিটে ৫ দশমিক ১ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। এর প্রায় ১২ ঘণ্টা ব্যবধানে সোমবার (২২ জুন) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে দ্বিতীয় দফা ভূমিকম্প অনুভূত হয়। যার মাত্রা ছিল ৫ দশমিক ৮।

সর্বশেষ গত ৭ জুলাই সিলেটসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়। সে ভূমিম্পের মাত্রা ছিলো পাঁচ দশমিক ২। যার উৎপত্তিস্থল ঢাকা থেকে ২৪২ কিলোমিটার উত্তরে ভারতের লক্ষিপুর।
ডাঃ গিয়াস উদ্দিন স্মরণে ইনসাফ ওয়েলফেয়ার সোসাইটির দোয়া মাহফিল

ডাঃ গিয়াস উদ্দিন স্মরণে ইনসাফ ওয়েলফেয়ার সোসাইটির দোয়া মাহফিল



বিশ্বনাথ উপজেলা সদরের গিয়াস মেডিকেল হলের সত্ত্বাধিকারী, গরীবের ডাক্তার নামে খ্যাত ডাঃ গিয়াস উদ্দিন স্মরণে দক্ষিণ সুরমার নাজিরবাজারস্থ ইনসাফ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক আলোচনা ও দোয়া মাহফিল ৫ অক্টোবর মঙ্গলবার রাতে মরহুমের সর্বাজপুরস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।

ইনসাফ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি নোমান আহমদের সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ খায়রুল আফিয়ান চৌধুরী। 

সোসাইটির অর্থ সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় আলোচনায় অংশ নেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ, সাবেক ইউপি সদস্য কামারুজ্জামান খান ফয়সল, রোটারী ক্লাব অব সিলেট সিটির সেক্রেটারী রোটারিয়ান এস.এ শফি, বিশিষ্ট সংগঠক ছাত্রনেতা হাফিজ ইউসুফ নিজামী, সোসাইটির উপদেষ্টা জয়নুল হক আলম, মরহুমের ভাই মহিউদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ আশফাক আহমদ, সোসাইটির সেক্রেটারী তোফায়েল আহমদ, সহ সভাপতি খায়রুল ইসলাম সুমেল, সাংগঠনিক সম্পাদক আমিম আহমদ, সমাজসেবী তোতা মিয়া প্রমুখ। 

মরহুম ডাঃ গিয়াস উদ্দিনের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজ ইউসুফ নিজামী।