Showing posts with label কুশিয়ারা নিউজ. Show all posts
Showing posts with label কুশিয়ারা নিউজ. Show all posts

Monday, 6 July 2026

চন্দরপুরে ‘তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্ট’-এর ২য় শাখার উদ্বোধন সম্পন্ন

চন্দরপুরে ‘তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্ট’-এর ২য় শাখার উদ্বোধন সম্পন্ন



নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ: গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর বাজারের মেইনরোডস্থ পূবালী ব্যাংকের নিচতলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্ট’-এর ২য় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

০৬ জুলাই (সোমবার) সকাল ১১টায় স্থানীয় সুধীসমাজ, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ফিতা কেটে এই নতুন শাখার আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৫নং বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চন্দরপুর আল-এমদাদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম চৌধুরী।

​ইউপি সদস্য সালমান কাদের দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্ট ১ম ও ২য় শাখার পরিচালক মাছুম আহমদ। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক কামরুল ইসলাম।


​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন, চন্দরপুর বাজার বণিক সমিতির সভাপতি ডা: আব্দুল মুতলিব, পূবালী ব্যাংক চন্দরপুর শাখার ম্যানেজার মোঃ হেলাল উদ্দিন, চন্দরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মোহাম্মদ আব্দুল হামিদ, আছিরগঞ্জ বাজার সিটি শপিং কমপ্লেক্সের সহ-সভাপতি নিয়াজ মাহবুব, আছিরগঞ্জ গণপাঠাগারের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্ট ১ম ও ২য় শাখার প্রশিক্ষক জনাবা শুকরিয়া বেগম-সহ আরোও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আইটি শিক্ষার কোনো বিকল্প নেই। এই ট্রেনিং সেন্টারটি তরুণদের আধুনিক কম্পিউটার শিক্ষায় দক্ষ হিসেবে গড়ে তুলতে এবং বেকারত্ব দূরীকরণে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। সঠিক দিকনির্দেশনা ও কারিগরি শিক্ষার মাধ্যমে গ্রামীণ অঞ্চলের তরুণরাও এখন ঘরে বসে বিশ্বজয়ের স্বপ্ন দেখতে পারবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আরও উল্লেখ করেন, "ডিজিটাল দুনিয়ায় দক্ষতাহীন ডিগ্রি একটি একমুখী রাস্তার মতো, যা হয়তো গন্তব্যে পৌঁছাতে পারে না। কিন্তু ডিগ্রির সাথে যদি যুক্ত হয় কম্পিউটারের আধুনিক দক্ষতা, তবে সফলতার হাজারো দুয়ার এমনিতেই খুলে যায়।" ‘তালহা আইটি’ চন্দরপুরের তরুণদের সেই সৃষ্টিশীলতার পথ দেখাবে এবং তাদের প্রযুক্তির শুধু ব্যবহারকারী নয়, বরং ভবিষ্যৎ নির্মাতা হিসেবে গড়ে তুলবে।

​ফিতা কাটার আনন্দঘন মুহূর্তে উপস্থিত সকলের করতালিতে পুরো অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। উদ্বোধনের পর অতিথিবৃন্দ আইটি প্রতিষ্ঠানের আধুনিক কম্পিউটার ল্যাব ও প্রশিক্ষণ সুবিধা ঘুরে দেখেন এবং গ্রামীণ পর্যায়ে এমন বিশ্বমানের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। 

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

Sunday, 21 June 2026

প্রকাশিত হলো একেএম আব্দুল্লাহর নির্বাচিত অণুগল্পগ্রন্থ ‘নিষিদ্ধ বৃক্ষ ও ভার্জিন ফল’

প্রকাশিত হলো একেএম আব্দুল্লাহর নির্বাচিত অণুগল্পগ্রন্থ ‘নিষিদ্ধ বৃক্ষ ও ভার্জিন ফল’



বাংলা অণুগল্প সাহিত্যে নতুন সংযোজন হিসেবে প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক এ কে এম আব্দুল্লাহর নির্বাচিত অণুগল্পগ্রন্থ ‘নিষিদ্ধ বৃক্ষ ও ভার্জিন ফল’। বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ।

গ্রন্থটিতে লেখকের বিভিন্ন সময়ে রচিত নির্বাচিত অণুগল্প সংকলিত হয়েছে। জীবনের বহুমাত্রিক বাস্তবতা, সামাজিক বৈপরীত্য, মানবিক টানাপোড়েন, প্রেম-অপ্রেম, মূল্যবোধের সংকট এবং সমকালীন মানুষের মনোজগতের নানা দিক সংক্ষিপ্ত অথচ শিল্পিত ভাষায় উঠে এসেছে এসব গল্পে। অণুগল্পের সীমিত পরিসরে গভীর জীবনবোধ ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ তুলে ধরার ক্ষেত্রে লেখক তাঁর স্বকীয়তা বজায় রেখেছেন।

‘নিষিদ্ধ বৃক্ষ ও ভার্জিন ফল’ শিরোনামটি যেমন কৌতূহল জাগায়, তেমনি গ্রন্থের গল্পগুলোও পাঠককে নিয়ে যায় আত্মঅনুসন্ধান, সামাজিক বাস্তবতা এবং মানবজীবনের নানা অনুচ্চারিত সত্যের মুখোমুখি। প্রতিটি অণুগল্পে রয়েছে সংক্ষিপ্ত বয়ানে গভীর তাৎপর্য নির্মাণের প্রচেষ্টা, যা পাঠ শেষে দীর্ঘস্থায়ী ভাবনার জন্ম দেয়।

সাহিত্যবোদ্ধাদের মতে, বর্তমান সময়ে অণুগল্প পাঠকের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। দ্রুত পরিবর্তনশীল জীবনের ব্যস্ততার মধ্যেও স্বল্প সময়ে গভীর সাহিত্যিক অনুভূতি অর্জনের সুযোগ করে দেয় এই সাহিত্যধারা। সেই প্রেক্ষাপটে এ কে এম আব্দুল্লাহর এই সংকলন পাঠকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে।

প্রকাশনা প্রতিষ্ঠান ইত্যাদি গ্রন্থ প্রকাশ জানিয়েছে, বইটি ইতোমধ্যে সাহিত্যপ্রেমীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। অণুগল্পের প্রতি আগ্রহী পাঠকদের পাশাপাশি নতুন পাঠকরাও বইটি থেকে সমকালীন জীবন ও সমাজ সম্পর্কে ভিন্নধর্মী সাহিত্যিক অভিজ্ঞতা লাভ করবেন বলে আশা করা হচ্ছে।

লেখক এ কে এম আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে কবিতা, গল্প, অণুগল্প ও সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত। তাঁর রচনায় সমাজবাস্তবতা এবং মানবমনের সূক্ষ্ম অনুভূতি বিশেষ গুরুত্ব পায়। ‘নিষিদ্ধ বৃক্ষ ও ভার্জিন ফল’ গ্রন্থটি তাঁর সাহিত্যচর্চার একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হবে।

সাহিত্যাঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, বিষয়বস্তুর বৈচিত্র্য, ভাষার সংযম এবং ভাবনার গভীরতার কারণে গ্রন্থটি পাঠকমহলে ইতিবাচক সাড়া ফেলবে এবং বাংলা অণুগল্প সাহিত্যে নতুন আলোচনার ক্ষেত্র তৈরি করবে।

বইটি পাওয়া যাচ্ছে— Ittadibooks.com, rokomary.com সহ বিভিন্ন লাইব্রেরিতে।

Thursday, 2 April 2026

ব্রিটিশ রাজকীয় সম্মাননা ‘এমবিই’ খেতাবে ভূষিত গোলাপগঞ্জের আবু তাহের

ব্রিটিশ রাজকীয় সম্মাননা ‘এমবিই’ খেতাবে ভূষিত গোলাপগঞ্জের আবু তাহের


ব্রিটিশ রাজকীয় সম্মাননা পদক 'এমবিই' খেতাবে ভূষিত হতে যাচ্ছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান অ্যাকাউন্ট্যান্ট আবু তাহের। সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ রাজকীয় সম্মাননায় ভূষিত করা হচ্ছে। আগামী ১৩ মে উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস তার হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেবেন। ইতিমধ্যে রাজার পক্ষ থেকে তার নামও ঘোষণা করা হয়েছে।

ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহেরের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর গ্রামে। তিনি মরহুম মক্তার আলী ও মরহুমা মাছুমা খাতুনের ছেলে। ১৯৮৭ সালে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর তিনি পেশাগত জীবনে নিজেকে একজন দক্ষ অ্যাকাউন্ট্যান্ট হিসেবে প্রতিষ্ঠিত করেন। ১৯৯৯ সালে পূর্ব লন্ডনে তিনি প্রতিষ্ঠা করেন ‘মাহি অ্যান্ড কোং সার্টিফাইড প্র্যাকটিসিং অ্যাকাউন্ট্যান্টস’। বর্তমানে তিনি ইনস্টিটিউট অব সার্টিফাইড প্র্যাকটিসিং অ্যাকাউন্ট্যান্টস-এর ফেলো সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক ও আইনি পরামর্শ দিয়ে আসছেন।

ছাত্রজীবন থেকেই সাহিত্যের প্রতি অনুরাগী আবু তাহেরের সৃজনশীলতায় প্রবাস জীবন, মানবতা ও সমাজ সচেতনতা ফুটে ওঠে। ছড়া, কবিতা, প্রবন্ধ ও নাটক মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থ ও নাটকের সংখ্যা ১০টিরও বেশি। বিলেতে বাংলা ভাষা ও সাহিত্যচর্চাকে বেগবান করতে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ‘সংহতি সাহিত্য পরিষদ’-এর অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতির দায়িত্ব পালন করা আবু তাহের নতুন প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের মাঝে বাংলা সাহিত্য পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।

মানবসেবামূলক কাজেও তিনি সমানভাবে সক্রিয়। ‘ভিশন কেয়ার ফাউন্ডেশন’-এর অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে দেশের অসচ্ছল মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন নিয়মিত। এছাড়া ‘মাছুমা মেমোরিয়াল ট্রাস্ট’-এর মাধ্যমে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং ‘টি-ফাইভ টেইলরিং ট্রেনিং সেন্টার’-এর মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতেও নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

শিক্ষা খাতেও তার অবদান উল্লেখযোগ্য। গোলাপগঞ্জের চন্দরপুর আল এমদাদ ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে তিনি কাজ করেছেন। পাশাপাশি ইংরেজি মাধ্যমের ‘ব্রিজ অ্যাকাডেমি’ প্রতিষ্ঠা ও পরিচালনার সঙ্গেও যুক্ত রয়েছেন। বর্তমানে বাংলাদেশে ‘হ্যাভেন কেয়ার হোম’ নামে একটি বৃদ্ধ ও অসহায় মানুষের জন্য আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠার কাজও এগিয়ে নিচ্ছেন তিনি।

এই সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় আবু তাহের বলেন, মানুষের কল্যাণ, সংস্কৃতির বিকাশ এবং প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তোলাই তার কাজের মূল লক্ষ্য। তিনি মনে করেন, ব্যক্তিগত সাফল্যের চেয়ে সমাজের কল্যাণে অবদান রাখাই প্রকৃত অর্জন।

ব্যক্তিগত জীবনে তার স্ত্রী মিতা তাহের যুক্তরাজ্যের পরিচিত কণ্ঠশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক। দুই পুত্র ও এক কন্যাসন্তানসহ তারা বর্তমানে লন্ডনে বসবাস করছেন।

Tuesday, 30 December 2025

বুধবারীবাজার ইউপি চেয়ারম্যানের মাতৃবিয়োগঃ পরিষদের শোক প্রকাশ

বুধবারীবাজার ইউপি চেয়ারম্যানের মাতৃবিয়োগঃ পরিষদের শোক প্রকাশ


গোলাপগঞ্জ প্রতিনিধিঃ বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিনের মমতাময়ী মাতা মোছাঃ ফয়জুন নেছা আর নেই। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি........রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে পরিবারসহ পুরো এলাকায় শোকের আবহ নেমে এসেছে।

মরহুমার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও জনপ্রতিনিধিগণ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিশেষ করে বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এক শোকবার্তায় পরিষদের সকল সদস্য-সদস্যাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও উদ্যোক্তাগণ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় তারা বলেন, আল্লাহ তাআলা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য শোকাহত পরিবারকে দান করেন।

এদিকে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় কালিডহর জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সেলিম উদ্দিন ও ফয়ছল আহমদ চৌধুরী, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনাম উদ্দিন ও আতিকুর রহমান, ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, সামছুল ইসলাম কয়েছ, আবুল কাশেম, জাহেদুর রহমান মৌলা, উস্তার আলী, সালমান কাদের দিপু, ইউপি সচিব আব্দুল মালেক, সাবেক ইউপি সচিব ফয়জুল ইসলাম, উদ্যোক্তা কামরুল হাসান টিপুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ। তারা সকলেই মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Saturday, 6 December 2025

গোলাপগঞ্জে বন্ধন ক্লাবের কুইজ বৃত্তি পরীক্ষা–২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

গোলাপগঞ্জে বন্ধন ক্লাবের কুইজ বৃত্তি পরীক্ষা–২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন


গোলাপগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বন্ধন ক্লাব গোলাপগঞ্জ আয়োজিত কুইজ বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় গোলাপগঞ্জ সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমির মুক্তিযোদ্ধা ভবনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি এম.সি. একাডেমি'র শিক্ষক রাজীব কুর্মী এবং পরিচালনা করেন বন্ধন ক্লাবের সভাপতি এম. মাজহারুল ইসলাম হাসান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ সাব্বির আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন সহ-সভাপতি শাহরিয়ার আহমেদ এবং কুইজ প্রতিযোগিতা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক তাহের আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) মো. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, এম.সি. একাডেমি (প্রাথমিক শাখা'র) শিক্ষক শাহান আহমদ, দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান এবং তাফিয়া খাতুন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোনারা বেগম।

অনুষ্ঠানের এক মনোজ্ঞ পরিবেশনায় দেশাত্মবোধক নাশিদ পরিবেশন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী তাহমিদুর রহমান।

এ সময় ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম হাসান, সহ-সভাপতি মাহি আল জামি, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ সাব্বির আহমেদ, সহ-দপ্তর সম্পাদক রাফি আহমদ, অর্থ সম্পাদক আবু বক্কর, ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন, সদস্য মান্না আহমদ ও রুহিন আহমদ।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া। শিক্ষার্থী ও অভিভাবকরা বন্ধন ক্লাবের এ উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।