Saturday, 13 November 2021

বিয়ানীবাজার সরকারী হাসপাতালের নার্সের আত্মহত্যা

বিয়ানীবাজার সরকারী হাসপাতালের নার্সের আত্মহত্যা


বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সেবিকা আত্মহত্যা করেছেন। তার নাম নবনীতা দাশ (২৮)। শুক্রবার রাত ৯টার দিকে হাসপাতাল সংলগ্ন একট বাসায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে বিয়ানীবাজার থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে।

হাসপাতালে কর্মরত একজন নার্সের আত্মহত্যার ঘটনায় বিয়ানীবাজারজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্বামীর সাথে মান-অভিমান কিংবা পারিবারিক অন্য কোন কলহের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অনেকের ধারণা।

জানা গেছে, নবনীতা দাস দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফ সেবিকা হিসেবে কর্মরত রয়েছেন। তিনি সম্প্রতি প্রেম করে অনার্স পড়ুয়া তার এক সহপাঠীকে বিয়ে করে হাসপাতাল সংলগ্ন একট বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লায়। তাদের বিয়েতে দুই পরিবারের অসম্মতি ছিল বলে জানা গেছে। বিয়ের পর স্বামীর বেকারত্ব নিয়ে প্রায়ই তারা ঝগড়াঝাটি করতো। এসব বিষয় নিয়েই মনোমালিন্যের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় ঘটনাটির ব্যাপারে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। কিভাবে তার মৃত্যু হয়েছে এই প্রশ্নের জবাবে হিল্লোল রায় তার স্বামীর বরাত দিয়ে জানান, বাসার একটি কক্ষে ফ্যানের সাথে ঝুলে তিনি আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই পুলিশ ধারণা করছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে সেটা পরিষ্কার হবে।

এদিকে, হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলা হলেও হত্যা কিনা নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদের জন্য নবনীতা দাসের স্বামীকে আটক করে পুলিশ।
 
অন্যদিকে, হাসপাতালে কর্মরত একজন সেবিকার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, এমনিতেই হাসপাতালে লোকবল সংকটে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে, তার উপর আমাদের একজন স্টাফ সেবিকার মৃত্যুর সংবাদে আমরা ব্যতীত।

Friday, 12 November 2021

কারাগার থেকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত

কারাগার থেকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত


নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা মামলার আসামি বাহারুল আলম সুমন কারাগার থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোটে বিএনপি নেতা বাহারুল কারগারে থেকে বেগমগঞ্জের আমানউল্যাপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ২১৫ ভোটের ব্যবধানে জয়ী হন। বাহারুল ওই ইউনিয়ন বিএনপির সহসভাপতি।

বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহাত তানভীর চৌধুরী রাতে বেসরকারিভাবে বাহারুলকে চেয়ারম্যান ঘোষণা করেন।

তিনি জানান, আমানউল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বাহারুল ৩ হাজার ১০৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা পেয়েছেন ২ হাজার ৮৯১ ভোট। নৌকার প্রার্থী আরিফুর রহমান মাহমুদ ১ হাজার ৭০৫ ভোট পেয়ে চতুর্থ হন।
এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা

এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা


সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী রোববার (১৪ নভেম্বর) শুরু হতে যাওয়া এই পরীক্ষায় অংশ নেবে মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

শুক্রবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট নির্দেশনা সম্বলিত পরিপত্র প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সকল পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। অনিবার্য কারণে কেউ নির্ধারিত সময়ের পর পরীক্ষাকেন্দ্রে আসলে রেজিস্ট্রারে নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রসচিব সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করবেন।

পরিপত্র বলা হয়, কেন্দ্রসচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রসচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রত্যেক কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট/কর্মকর্তা (ট্যাগ অফিসার) নিয়োগ দিতে হবে। ট্রেজারি/থানা/নিরাপত্তা হেফাজত থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার মনোনীত উপযুক্ত প্রতিনিধি ট্যাগ অফিসারসহ প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশ প্রহরায় কেন্দ্রে নিয়ে যাবেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট/কর্মকর্তা (ট্যাগ অফিসার)-এর উপস্থিতি ব্যতীত প্রশ্ন বের করা যাবে না কিংবা বহন করা যাবে না।

ট্রেজারি/থানা/নিরাপত্তা হেফাজত থেকে পরীক্ষার কেন্দ্রে বহুমুখী নির্বাচনি প্রশ্নসহ রচনামূলক/সৃজনশীলের সকল প্রশ্ন সেটই নিতে হবে। সেট কোড পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে জানানো হবে। সে অনুযায়ী নির্ধারিত সেট কোডে পরীক্ষা গ্রহণ করতে হবে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার), কেন্দ্র সচিব এবং পুলিশ কর্মকর্তার উপস্থিতি ও সই বিধি অনুযায়ী প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে।

পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা অনুষ্ঠানের আগে বা পরে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিরা ব্যতীত অন্যদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এ সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারী অননুমোদিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অনিবার্য কারণবশত কোনো পরীক্ষা বিলম্বে শুরু করতে হলে যত মিনিট পরে পরীক্ষা শুরু হবে, পরীক্ষার্থীদের সে সময় থেকে যথারীতি প্রশ্নপত্রে উল্লিখিত নির্ধারিত সময় দিতে হবে।

পরীক্ষাকেন্দ্রে ও প্রশ্ন পরিবহনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা একাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো নজরদারি জোরদার করবে।

কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষার্থী, অভিভাবক ও পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা অনুষ্ঠান নিশ্চিত করতে হবে। এজন্য পরীক্ষার্থীর সঙ্গে একজনের বেশি অভিভাবক আসতে পারবেন না। তাছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে গত ৫ সেপ্টেম্বর জারি করা গাইড লাইনের নির্দেশনা প্রতিপালন করতে হবে।

পরিপত্রের আদেশ বাস্তবায়নে সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার অনুমোদন দিল সৌদি

বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার অনুমোদন দিল সৌদি



সৌদি আরবে অবশেষে বিদেশিদের নাগরিকত্ব লাভের দুয়ার খুলছে। দক্ষ বিদেশি পেশাজীবীদের নাগরিকত্ব দেবে মধ্যপ্রাচ্যের এ দেশটি। এ সম্পর্কিত একটি আইনের অনুমোদন দিয়েছে সেখানকার সরকার। আইনে বলা হয়েছে, কয়েকটি পেশায় বিশেষভাবে দক্ষদের সৌদির নাগরিকত্ব দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

এসংক্রান্ত রাজকীয় আদেশে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী এবং আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা ও প্রযুক্তিবিদ্যায় চৌকস ও দক্ষ পেশাজীবীরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সৌদির নাগরিকত্ব পাবেন।

সৌদি সরকারের লক্ষ্যমাত্রা বা ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নে বিভিন্ন পেশায় দক্ষ ও চৌকসদের আকৃষ্ট করতে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজপ্রাসাদ। সংশ্লিষ্টরা মনে করছেন, নাগরিকত্ব লাভকারী দক্ষ পেশাজীবীরা সৌদি আরবের বিভিন্ন খাতের উন্নয়নে অবদান রাখবেন।

সূত্র: আরব নিউজ।
ইউপি নির্বাচনঃ বিয়ানীবাজারের ১০ ইউপির দায়িত্বে পাঁচজন রিটার্নিং অফিসার

ইউপি নির্বাচনঃ বিয়ানীবাজারের ১০ ইউপির দায়িত্বে পাঁচজন রিটার্নিং অফিসার


বিয়ানীবাজার সংবাদদাতাঃ বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নে আগামী ২৩শে ডিসেম্বর নির্বাচন অনুষ্টিত হবে। সুষ্টু নির্বাচন আয়োজনের লক্ষে এখানকার ইউনিয়নগুলোতে ৫জন রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
 
উপজেলার মাথিউরা ও মুল্লাপুর ইউনিয়নে স্থানীয় নির্বাচন অফিসার সৈয়দ মো. কামাল হোসেন, দুবাগ ও শেওলা ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার তহমিনা খাতুন, কুড়ারবাজার ও মুড়িয়া ইউনিয়নে উপজেলা সমাজসেবা অফিসার অনুজ চক্রবর্তী, আলীনগর ও চারখাই ইউনিয়নে উপজেলা শিক্ষা অফিসার রোমান মিয়া এবং তিলপাড়া ও লাউতা ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমানকে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উল্লেখিত ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্য পদে প্রার্থীতা করতে ইচ্ছুক প্রার্থীগণ স্ব স্ব ইউনিয়নের নির্ধারিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আগামী ১১ থেকে ২৫ নভেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে প্রার্থীতার মনোনয়নপত্র গ্রহণ করতে পারবেন।
 
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করা হবে এবং ২৯ নভেম্বর মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হবে। আপিল দায়েরের জন্য ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর দিন ঠিক করা হয়েছে। আর ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্টিত হবে।
২ ধাপের ইউপি নির্বাচনঃ সিলেট জেলায় বিজয়ী যারা

২ ধাপের ইউপি নির্বাচনঃ সিলেট জেলায় বিজয়ী যারা


কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হলো সিলেট জেলার দ্বিতীয় ধাপের নির্বাচন।এই ধাপে অনুষ্ঠিত হয়েছে মোট ১৫ টি ইউনিয়নের নির্বাচন।

এর মধ্যে রয়েছে কোম্পানিগঞ্জ উপজেলার ৫টি ,বালাগঞ্জের ৬টি ও সদর উপজেলার ৪ টি।

এসব ইউনিয়নে বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফলে যারা জয়লাভ করেছেন তারা হলেন,সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাওলানা রফিকুজ্জামান,জালালাবাদ ইউনিয়নে আওয়ামীলীগের মো: উবায়দুল্লাহ ইসহাক,মোগলগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের মো: হিরণ মিয়া, এবং কান্দিগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মনাফ।

কোম্পানীগঞ্জে ইসলামপুর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন আলম ও তেলিখাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল অদুদ আলফু, ইছাকলস ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমান, উত্তর রণিখাই ইউনিয়নে আওয়ামীলীগের ফয়জুর রহমান মাস্টার ও দক্ষিণ রণিখাই ইউনিয়নে আওয়ামীলীগের ইকবাল হোসেন ইমাদকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এবং বালাগঞ্জ উপজেলার, সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মুনিম,পূর্ব গৌরীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এম মুজিবুর রহমান।পশ্চিম

গৌরীপুরে স্বতন্ত্র প্রার্থী আবদুর রহমান বোয়ালজুড় ইউনিয়নে আওয়ামীলীগের আনহার মিয়া বিজয়ী হয়েছেন। দেওয়ানবাজার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম বিজয়ী হয়েছেন।পূর্ব পৈলনপুর ইউনিয়নে আওয়ামীলীগের শিহাব উদ্দিন বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সিলেটের ১৫ ইউনিয়নে সর্বমোট ১৪৩ টি কেন্দ্রে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার ছিলেন ২ লাখ ৪৭ হাজার ২৫৪ জন ।এবং চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৬৮ জন।
নবীগন্জে এফআইভিডিবি- ইরি- এগ্রি প্রকল্পের নমুনা শস্য কর্তন

নবীগন্জে এফআইভিডিবি- ইরি- এগ্রি প্রকল্পের নমুনা শস্য কর্তন


আন্তর্জাতিক ধান গবেষনা ইন্সটিটিউট(ইরি)এর তত্বাবধানে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিটুয়া গ্রামে ইরি-এগ্রি প্রকল্পের নমুনা শস্য কর্তন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। 

বিল এন্ড মেলেন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এফআইভিডিবি’র সহযোগিতায় ১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার পিটুয়া গ্রামের কৃষক সুন্দর চৌধুরীর জমিতে  শস্য কর্তন করা হয়। এই প্রদর্শনীতে ৬ প্রকার (ব্রি ধান-৮০, ব্রি ধান-৮৭, ব্রি ধান-৯৩, ব্রি ধান-৯৪, ব্রি ধান-৯৫ ও ব্রি ধান৪৯) জাতের ধানের চাষ করা হয়। কৃষক সুন্দর চৌধুরী ব্রি ধান৮০, ব্রি ধান৮৭ ও ব্রি ধান৯৫ জাত ৩ টি বেশি পছন্দ করেছে।

আন্তজার্তিক ধান গবেষনা ইন্সটিটিউট (ইরি)’র বাস্তবায়নাধীন নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাকসুদুল আলম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, আন্তজার্তিক ধান গবেষনা ইন্সটিটিউট (ইরি)এর সিনিয়র স্পেশালিষ্ট, (এগ্রিকালচারাল রিসার্স এন্ড ডেভেলপমেন্ট) মোহাম্মদ আশরাফুল হাবিব।

উপস্থিত ছিলেন ইরি’র রিচার্জ টেকনিশিয়ান মোঃ আহাদাত হোসেন, আউশকান্দি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সবুজ আহমদ, ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)’র প্রজেক্ট অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল  ইসলাম, কৃষক সুন্দর চৌধুরী, সেলিম চৌধুরী, রাহেল চৌধুরী, মোঃ রেজওয়ান আলী, বিশিষ্ট মুরব্বী হাজী মোজেফর মিয়া, মোঃ সোহেল চৌধুরী, অলি আহমদ চৌধুরী, রাসেল চৌধুরী ও মোঃ আব্দুল আলী সহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।

আন্তজার্তিক ধান গবেষনা ইন্সটিটিউট (ইরি) এই এলাকার জন্য উপযোগী আধুনিক উচ্চ ফলনশীল(উফসি) জাতের ধান কৃষকের চাহিদা অনুযায়ী নির্বাচনের জন্য উপরোক্ত ৬টি জাত দ্বারা অত্র প্রকল্পের মাধ্যমে  কৃষকের জমিতে হেড টু হেড প্রদর্শনী স্থাপন করেন।