Wednesday, 16 February 2022

জকিগঞ্জ থানায় নতুন ওসি মোশাররফ হোসেন

জকিগঞ্জ থানায় নতুন ওসি মোশাররফ হোসেন




সিলেট জেলা পুলিশের জকিগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ মোশাররফ হোসেনকে পদায়ন করা হয়েছে।

বুধবার তাকে জকিগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ পদে পদায়ন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মুখপাত্র লুৎফুর রহমান।

এর আগে তিনি সিলেট মেট্রপলিটন পুলিশের কতোয়ালি এবং এয়ারপোর্ট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জকিগঞ্জ থানার বর্তমান ওসি আবুল কাশেমকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঢাকায় বদলি করা হয়েছে। 
যে রোগে মারা গেলেন বাপ্পি লাহিড়ী

যে রোগে মারা গেলেন বাপ্পি লাহিড়ী


উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ী আর নেই। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান তিনি।
 
বাপ্পী লাহিড়ী একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন। ড. দীপক নামজোসি জানিয়েছেন, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে মারা গেছেন বাপ্পী লাহিড়ী।
 
এই রোগে ঘুমানোর সময়ে শ্বাস-প্রশ্বাস অনিয়মিত হয়ে যায়। অর্থাৎ শ্বাস কখনো শুরু হয়, কখনো আচমকা বন্ধ হয়ে যায়। বিভিন্ন ধরনের স্লিপ অ্যাপনিয়া আছে, তবে সবচেয়ে বেশি যা দেখা যায়, তা হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া।

এই রোগে আক্রান্তের গলার পেশি স্বাভাবিকের তুলনায় বেশি শিথিল হয়ে যায়। এই পেশি মুখগহ্বরের টাকরা, আল জিভ, জিহ্বা ও টনসিলের মতো অংশগুলোকে ধরে রাখে। ফলে এই পেশির শিথিলতায় শ্বাস নেওয়ার পথটি রুদ্ধ হয়ে আসে ও ঘুমের সময় আচমকা শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়।

এই রোগের একটি লক্ষণীয় উপসর্গ হলো সশব্দে নাক ডাকা। এছাড়াও ঘুমের মধ্যেই দম বন্ধ হয়ে আসা, আচমকা ঘুম ভেঙে যাওয়া ও মুখ শুকিয়ে যাওয়ার মতো লক্ষণও দেখা যায় এই রোগে।
 
বিশেষজ্ঞদের মতে, ১০ সেকেন্ডের বেশি এমন অবস্থা থাকলে দেহে অক্সিজেনের পরিমাণ বেশ কমে যেতে পারে। অতিরিক্ত ওজন, বার্ধক্য উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, শ্বাসনালীর সমস্যা এই রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় অনেকটাই।
একটি গবেষণা বলছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ঘুমের মধ্যে মৃত্যু হওয়ার আশঙ্কা সাধারণ মানুষের তুলনায় প্রায় দ্বিগুণ। এই রোগের ফলে ঘুমের মধ্যে হ্রদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায় বলেই মত বিশেষজ্ঞদের।

এই ফেব্রুয়ারি মাসেই এ নিয়ে সঙ্গীতের তিন মহাতারকা হারাল ভারত। গত ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান লতা মঙ্গেশকর।

করোনায় আক্রান্ত হওয়ার পর গত ১১ জানুয়ারি লতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন তিনি। প্রথম থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গত ৩০ জানুয়ারি শিল্পীর করোনা নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে তাকে হাসপাতালেই থাকতে হয়। পরে ৬ ফেব্রুয়ারি মারা যান তিনি।

আর গতকাল রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলা গানের স্বর্ণালী যুগের নন্দিত কণ্ঠশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। জানা যায়, শৌচাগারে পড়ে গিয়ে ব্যথা পান সন্ধ্যা মুখোপাধ্যায়। এরপর শুরু হয় শ্বাসকষ্টের সমস্যা। দুটি ফুসফুসেই সংক্রমণ ধরা পড়েছিল নন্দিত গায়িকার। চিকিৎসকরা নিবিড়ভাবে চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

১৯৭০-৮০ দশকে ‘চালতে চালতে,’ ডিস্কো ড্যান্সার এবং শারাবির মতো বেশ কিছু গান দিয়ে মানুষের মনে জায়গা করে নেন বাপ্পী লাহিড়ী। বাঘি থ্রিয়ের জন্য ভানকাস গানটি ছিল বলিউডে বাপ্পী লাহিড়ীর শেষ গান।

অন্য আর সব শিল্পী ও সুরকার থেকে বাপ্পী লাহিড়ীকে সহজেই আলাদা করা যায় তার শরীরে থাকা সোনার অলংকার ও সানগ্লাসের জন্য।
 
বলিউডে ভালোবেসে বাপ্পী লাহিড়ীকে সকলে ‘বাপ্পী দা’ বলে ডাকতেন।
 
গত বছরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিংবদন্তী এই সঙ্গীত শিল্পী। সে সময় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে কয়েকদিন চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে ওঠেন তিনি।

যুক্তরাষ্ট্রে পৌঁছাতে নিজেদের মুখ সেলাই করছেন অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে পৌঁছাতে নিজেদের মুখ সেলাই করছেন অভিবাসীরা



মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছাতে নিজেদের মুখ সেলাই করছেন অভিবাসীরা। মুখ সেলাই করা এসব অভিবাসীর সংখ্যা এক ডজন। নথিপত্রহীন এসব অভিবাসী মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় সীমান্তে অবস্থান করছেন এবং মেক্সিকো হয়ে মার্কিন সীমান্ত পর্যন্ত পৌঁছাতে উত্তর আমেরিকার এই দেশটির অভিবাসন কর্তৃপক্ষের অনুমতি আদায়ে ব্যতিক্রমী এই প্রতিবাদে অংশ নিয়েছেন।

মেক্সিকো সীমান্তে অবস্থান করে মুখ সেলাই করা অভিবাসীদের অনেকের ছবি সংবাদমাধ্যমে এসেছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বার্তাসংস্থাটি জানিয়েছে, মেক্সিকো সীমান্তে অবস্থান করা এসব অভিবাসীর বেশিরভাগই মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের। সুঁচ ও প্লাস্টিকের সুতো ব্যবহার করে তারা একে অপরের মুখ সেলাই করতে সহায়তা করছেন।

রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ঠোঁট সেলাই করা হলেও তরল জাতীয় খাবার খাওয়ার জন্য মুখ একটু ফাঁকা রাখা হচ্ছে এবং সেলাইয়ের সময় রক্ত বন্ধ করতে অ্যালকোহল ব্যবহার করতে দেখা যাচ্ছে।
 
ইরিনিও মুজিকা নামে প্রতিবাদে অংশ নেওয়া এক কর্মী বলছেন, ‘প্রতিবাদের অংশ হিসেবে নিজেদের দু’টি ঠোঁট একসঙ্গে সেলাই করছেন অভিবাসীরা। অভিবাসীরাও মানুষ এবং তাদের রক্তক্ষরণ হচ্ছে। আমরা আশা করি, জাতীয় অভিবাসন ইনস্টিটিউট এই বিষয়টি দেখতে পাবে।’

গুয়েতেমালার সীমান্তবর্তী তাপাচুলা শহরের এই নাটকীয় প্রতিবাদে অংশ নেওয়াদের অনেকে তাদের সন্তানদেরও সঙ্গে রেখেছেন। গুয়েতেমালার এই শহরটি মাসের পর মাস ধরে হাজারও অভিবাসীতে পূর্ণ থাকে এবং বৈধ ভাবে সীমান্ত পার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেতে অভিবাসীরা সেখানে অপেক্ষা করেন।

ইয়োরজেলিস রিভেরা নামে ভেনেজুয়েলার এক নারী বলেন, ‘আমি আমার মেয়ের জন্য এটি করছি। সে গত কয়েক ঘণ্টা ধরে কিছুই খায়নি এবং …কর্তৃপক্ষের কাছ থেকে আমরা কোনো সমাধানমূলক উদ্যোগও দেখতে পারছি না।’
 
রিভেরা আরও বলেন, আমরা এখানে বন্দির মতো অবস্থান করছি। এক মাসেরও বেশি সময় ধরে মেক্সিকোর অভিবাসন বিষয়ক সংস্থা আইএনএম’র কাছ থেকে উত্তরের জন্য আমি এখানে অপেক্ষা করছি।

সীমান্তে আটকে থাকা এসব অভিবাসীদের ব্যতিক্রমী এই প্রতিবাদ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষ। তবে তারা জানিয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় শহরে অবস্থিত তাদের দফতরে প্রতিদিন এ বিষয়ক শতাধিক আবেদন জমা পড়ছে।

উল্লেখ্য, প্রতিবছর মধ্য আমেরিকা থেকে লাখ লাখ অভিবাসনপ্রত্যাশী যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন। তাদের মধ্যে অনেকে পায়ে হেঁটে আবার অনেকে ‘ক্যারাভ্যান’ নামে পরিচিত বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে মেক্সিকোর ভেতর দিয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছান।

অভিবাসীদের ক্রমবর্ধমান চাপ সামলাতে কার্যত সংগ্রাম করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। নিজ নিজ ভূখণ্ড থেকে মেক্সিকো পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছানোই এসব অভিবাসীর লক্ষ্য। অভিবাসনপ্রত্যাশী এসব মানুষের দাবি, অত্যাচার, সহিংসতা ও দারিদ্র্যতার কারণে তারা মাতৃভূমি ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যেতে চান।

রয়টার্স বলছে, সহিংসতা ও দারিদ্র্যতার কারণে যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে মেক্সিকোতে পৌঁছানো মানুষের সংখ্যা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে। ২০২১ সালে উত্তর আমেরিকার এই দেশটিতে আশ্রয় চাওয়া মানুষের সংখ্যা আগের বছরের তুলনায় বেড়েছে ৮৭ শতাংশ। আশ্রয়প্রার্থী এসব মানুষের বেশিরভাগই হাইতি ও হন্ডুরাসের বাসিন্দা।

Tuesday, 15 February 2022

মুখ দিয়ে লিখে জিপিএ ৪.৫৮ পেলেন সেই উজ্জ্বল

মুখ দিয়ে লিখে জিপিএ ৪.৫৮ পেলেন সেই উজ্জ্বল


মুখ দিয়ে লিখে পরীক্ষা দেওয়া রংপুরের মিঠাপুকুরের জুবায়ের হোসেন উজ্জ্বল এইচএসসি পাস করেছেন। তিনি জিপিএ ৪.৫৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

উজ্জ্বল উপজেলার বালারহাট ইউনিয়নের বালারহাট আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে তিনি পরীক্ষায় অংশ নেন।

উজ্জ্বল উপজেলার বালারহাট ইউনিয়নের হযরতপুর গ্রামের হতদরিদ্র চাষি জাহিদ সারোয়ারের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

জানা গেছে, জন্মের পর থেকে বহুমাত্রিক শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে তার বেড়ে ওঠা। নিজ বিছানাকে শ্রেণিকক্ষ বানিয়ে উজ্জ্বল দিনরাত মুখ দিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে পড়াশোনা করেন। শুধু তাই নয়, মুখ দিয়ে মোবাইল ফোন চালিয়ে অনলাইনে ক্লাসও করেছেন তিনি।

শারীরিক প্রতিকূলতাকে হার মানিয়ে জুবায়ের হোসেন উজ্জ্বলের অভাবনীয় এমন সাফল্যে খুশি তার পরিবার, কলেজের শিক্ষক ও পাড়া-প্রতিবেশীরা।

উজ্জ্বলের বাবা জাহিদ সারোয়ার বলেন, এসএসসি পাস করার পর উজ্জ্বলকে বালারহাট কলেজে ভর্তি করে দেই। করোনার কারণে অটো পাস দেওয়ার খবরে তার মন খারাপ ছিল। তার ইচ্ছা ছিল, পরীক্ষা দিয়েই সে এইচএসসির বাধা টপকাবে। পরে সশরীরে পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত শুনে সে দারুণ খুশি হয়েছিল।

তিনি আরও বলেন, বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অটোরিকশায় শুয়ে সে পরীক্ষা কেন্দ্রে যাওয়া-আসা করতো। পরীক্ষার হলে বিছানায় শুয়ে মুখ দিয়ে কলম চালিয়ে সবগুলো পরীক্ষা দিয়েছে উজ্জ্বল। সে পরিবারের বোঝা না হয়ে আত্মনির্ভরশীল হতে চায়। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

উজ্জ্বল বলেন, ‘মুখ দিয়ে লিখতে আমার বেশ কষ্ট হয়। তবে সব প্রতিকূলতাকে হারিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই।’

বালারহাট আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আলাউদ্দিন বলেন, বহুমাত্রিক প্রতিবন্ধী হওয়ার পরও লেখাপড়ার দিকে মেধাবী উজ্জ্বলের দারুণ আগ্রহ। সে যে ফল এনেছে, তা অনেক সাধারণ শিক্ষার্থীও করতে পারেনি।

তিনি বলেন, ‘পরীক্ষার কেন্দ্রে শুয়ে পরীক্ষা দেওয়ার জন্য বোর্ড থেকে অনুমতি নেওয়ার ব্যবস্থা করেছিলাম। আমরা চাই, প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সে জীবনে ভালো কিছু করুক।’ 
তরুণ-তরুণীর প্রেম নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪

তরুণ-তরুণীর প্রেম নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪


নোয়াখালীর সেনবাগে তরুণ-তরুণীর প্রেমকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রামের ৪ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় বাজার সংলগ্ন চৌরাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় বাজারের ৩-৪টি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে।

স্থানীয়রা জানান, সেনবাগ উপজেলার কেশারপাড় গ্রামের রাকিবের সঙ্গে বীরকোট গ্রামের নাসিমা আক্তার নুপুরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছে। এ নিয়ে দু’পক্ষের পরিবারের সদস্যরা কেউই রাজি ছিল না। দু’জনকেই পরিবারের সদস্যরা বিভিন্ন সময় সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য চাপ দিয়ে আসছিল। কিন্তু তারা তাদের সম্পর্ক চালিয়ে আসেন।

এর জের ধরে সোমবার রাতে নুপুরের পরিবারের পক্ষে বীরকোট গ্রামের কিছু যুবক কেশারপাড় বাজারে রাকিবকে খুঁজতে আসেন এবং তাকে না পেয়ে বাজারের লোকজনকে গালমন্দ করে দোকান ভাঙচুর করেন। এ সময় তাদের বাজার কমিটির লোকজন বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ সময় ইট ও লাঠির আঘাতে উভয় গ্রামের ৪ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। ঘটনার সময় আশপাশের বাড়িঘরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় থানায় মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। 
স্বামীর প্রতি ক্ষোভ থেকে নিজ সন্তানকে খুন করেন নাজমিন

স্বামীর প্রতি ক্ষোভ থেকে নিজ সন্তানকে খুন করেন নাজমিন


স্বামীর প্রতি ক্ষোভ থেকেই নিজের ১৭মাসের কন্যা সন্তানকে খুন করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন নাজমিন। 

নিজ সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যার এ ঘটনায় তাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গত বৃহস্পতিবার (১০ ফেভ্রুয়ারি) নাজমিনকে আদালতে তুলে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কিন্তু রিমান্ডে প্রথম দিনেই সবকিছু স্বীকার করায় বাকী দুইদিন আর রিমান্ডের প্রয়োজন পড়েনি।

তাই শনিবার নাজমিনকে আদালতে প্রেরণ করলে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুমন ভূঁইয়া তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সিলেটপ্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপি শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান।
 
রিমান্ডে নাজমিন জানান, স্বামীর প্রতি ক্ষোভেই ১৭ মাস বয়সী শিশু সন্তান নুসরাত জাহান সাবিহাকে বালিশচাপা দিয়ে হত্যা করেছি। পুরো তিন মিনিট সাহিবার মুখে বালিশচাপা দিয়ে রেখে মৃত্যু নিশ্চিত করেন নাজমিন।

জানা যায়, ২০১৫ সালের মে মাসে সাব্বির হোসেনের সঙ্গে বিয়ে হয় নাজমিনের। বিয়ের ৬ মাস পর সাব্বির বিদেশে চলে যান। পরে তিনি শাহপরান এলাকার নিপোবন-৪৯ নং বাসায় থেকে সিলেটের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করতে থাকেন।

পুলিশের জবানবন্দিতে নাজমিন জানান, বিদেশের যাওয়ার পর থেকে সাব্বির ভরণ পোষন তো দূরের কথা, খোঁজ খবরও রাখেননি। উল্টো পরিচিতজনদের দিয়ে নাজমিনকে ডিভোর্স দেওয়ার কথা বলতেন। এ অবস্থায় চার বছর পর ২০২০ সালে দেশে আসেন সাব্বির। দেশে এসে নাজমিনকে বুঝিয়ে আবারও সংসার শুরু করেন তিনি। তখন নাজমিন গর্ভবতী হন। তাকে গর্ভবতী রেখে সাব্বির আবারও কাতার চলে যান। তবে প্রবাসে যাওয়ার পরপরই গর্ভের সন্তান নিজের নয় বলে দাবি করেন সাব্বির।

নাজমিন বলেন, আমার বিরুদ্ধে নানা কুৎসা রটাতে থাকে, আমি বাধ্য হয়ে বলি- ডিএনএ টেস্ট করার কথা। কিন্তু সাব্বির তাতেও সায় দেননি। সন্তান জন্মের পর মেয়ের চেহেরা অবিকল তার বাবার মতো হওয়ায় তার সন্দেহ দূর হয়। সাব্বির ১৫ দিন আগে দেশে এসেছেন। কিন্তু আমার কাছে যাওয়ার প্রয়োজন বোধ করেননি। চার-পাঁচ দিন পর পর শুধু কয়েক মিনিটের জন্য মেয়েকে দেখতে যান। কিন্তু আমি স্ত্রী হিসেবে তাকে কাছে পাইনি।

নাজমিন বলেন, সাব্বির পরকীয় আসক্ত। সে বহু নারীর কাছে যায়। এজন্য আমার কাছে যাওয়ার প্রয়োজনবোধ করেনি।

নিজের অবুঝ শিশু সন্তানকে কেন হত্যা করলেন পুলিশের এমন প্রশ্নের জবাবে নাজমিন বলেন, আমি সাব্বিরের দেওয়া কষ্ট, অপবাধ সইতে পারিনি। তাই ইমোশনাল হয়ে আমার মেয়েকে হত্যা করেছি। হত্যার পর যখন বুঝতে পারি- আমি বড় ধরণের পাপ করে ফেলেছি, তখন আমার মেয়েকে বুকে জড়িয়ে নেই, আমার বমি করে। পরে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

উল্লেখ্য, গত বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে সাবিহাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। এ ঘটনায় নাজমিনের স্বামী সাব্বির আহমদ বুধবার রাতে বাদি হয়ে নাজমিনকে আসামি করে শাহপরাণ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-১১।


সূত্রঃ সিলেট প্রতিদিন
র‍্যাবের নিষেধাজ্ঞা তুলতে যুক্তরাষ্ট্রে আইনজীবী নিয়োগের ভাবনা

র‍্যাবের নিষেধাজ্ঞা তুলতে যুক্তরাষ্ট্রে আইনজীবী নিয়োগের ভাবনা


র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সে দেশে আইনজীবী নিয়োগ করবে সরকার। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ প্রক্রিয়া গ্রহণ করেছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছে।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের চ্যালেঞ্জ সম্পর্কে মন্ত্রণালয় জানায়, শ্রম আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ক্রমাগত চাপ দিচ্ছে। যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা বাতিল করার পর বাংলাদেশ একাধিক পদক্ষেপ গ্রহণ করলেও, পুনরায় সে সুবিধা চালু হয়নি। বৈঠকে বলা হয়, গত ২০ বছরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী পর্যায়ে কোনো দ্বিপাক্ষিক সফর হয়নি।
 
তবে এ বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর পূর্তিতে উচ্চ পর্যায়ের সফর আয়োজনের জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। বৈঠক শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান গণমাধ্যমকে বলেন, 'যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা বলেছি সেখানে আমাদের দূতাবাস আগে থেকে কেন জানতে পারেনি? তারা তাদের মতো ব্যাখ্যা দিয়েছে। তারা বলেছে যে করোনাভাইরাসের কারণে গ্যাপ তৈরি হয়েছিল।'

তিনি বলেন, 'আমরা আগেই লবিস্ট নিয়োগ করার জন্য বলেছিলাম। সেটা নিয়ে কাজ করেছে। এর বাইরে পিআর ফার্ম, আইনজীবী নিয়োগের কথাও বলেছে। আমরা এ বিষয়ে বলেছি যে যা যা করার করুক। ফান্ড লাগলে বলুক।' আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র 'গুরুতর' মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র‌্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমদসহ বাহিনীর ৭ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এদিকে ভবিষ্যতে এ ধরনের নিষেধাজ্ঞার বিষয়ে মন্ত্রণালয়কে সতর্ক থাকতে বলেছে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি বলেন, 'যুক্তরাষ্ট্র একটা নিষেধাজ্ঞা দিয়েছে। এ রকম আরো আসতে পারে। দেখা গেল ইউরোপীয় ইউনিয়নও দিলো। এজন্য আগে থেকে তৎপর হতে হবে।' এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্বরাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ও দেশটির অভিন্ন বন্ধুদের কাজে লাগানোর পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। এ বিষয়ে ফারুক খান বলেন, 'জাপান, ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব আমাদের বন্ধু। এই দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রেরও ভালো সম্পর্ক। নিষেধাজ্ঞার বিষয়ে তাদের কাজে লাগানোর জন্য আমরা পরামর্শ দিয়েছি।
 
মন্ত্রণালয় এটাকে ইতিবাচক হিসেবে দেখছে।' এ ছাড়া সংসদীয় কমিটি বিভিন্ন দেশে নিখোঁজ হওয়া বা গুম বিষয়ে কোনো বৈশ্বিক ইনডেক্স থাকলে তা সংগ্রহ করার কথা বলেছে। অন্য দেশের সঙ্গে তুলনায় বাংলাদেশের অবস্থান কোন জায়গায় তাও নির্ধারণ করার কথা বলা হয়েছে।

ফারুক খান বলেন, 'আগামী এপ্রিল মাসে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন সেক্রেটারি অব স্টেটের মধ্যে মিটিং হবে। এর আগে মার্চ মাসে ৩টি সংলাপ হবে। এসব জায়গায় নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে কথা বলার জন্য বলেছি।বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবা সহজ করতে পাসপোর্ট অধিদপ্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য আলাদা উইং খোলার সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের মিশনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তৎপর থাকার সুপারিশ করা হয়।

এ ছাড়া, যুক্তরাষ্ট্র বাংলাদেশের মতো করে অন্য দেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কি না, বাংলাদেশের বিপরীতে অন্য কোনো দেশের নিষেধাজ্ঞা রয়েছে কি না, তা আগামী বৈঠকে বিস্তারিতভাবে উপস্থাপনের সুপারিশ করা হয়। ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, মো. আব্দুল মজিদ খান, মো. হাবিবে মিল্লাত ও নাহিম রাজ্জাক এ বৈঠকে অংশ নেন।