Monday, 4 April 2022

শেখ হাসিনাকে বাইডেনের চিঠি

শেখ হাসিনাকে বাইডেনের চিঠি


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছরের মাইলফলক পালন উপলক্ষে এ চিঠি দেন তিনি।

চিঠিতে বাইডেন বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের অংশীদারিত্ব আগামী ৫০ বছর এবং তারপরও বৃদ্ধি অব্যাহত থাকবে।

তিনি বলেন, ১৯৭১ সালের যুদ্ধের পর দেশ পুনর্গঠনে এবং বর্তমানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে বাংলাদেশিদের কর্মশক্তি, উর্বর মস্তিষ্ক ও উদ্ভাবন অবশিষ্ট বিশ্বের কাছে একটি মডেল হিসেবে কাজ করে।

বাইডেন বলেন, উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সন্ত্রাসবাদ দমন বিষয়ে আমাদের অংশীদারিত্ব নিয়ে আমরা গর্ব করি।

তিনি বলেন, এ দুই দেশ জলবায়ু সংকট মোকাবিলায়, গণহত্যার হাত থেকে রোহিঙ্গাদের প্রাণ বাঁচাতে সহায়তায় এবং বিশ্বব্যাপী শান্তি রক্ষার সমর্থনে একসঙ্গে কাজ করে।

তিনি আরও বলেন, বাংলাদেশি নাগরিক ও আমেরিকানরা গণতন্ত্রের আদর্শ, সমতা এবং মানবাধিকারের প্রতি সম্মান জানানোর বিষয় একইভাবে শেয়ার করেন। এসব একটি ভালো, নিরাপদ ও সমৃদ্ধশালী সমাজের ভিত্তি।

বাইডেন বলেন, ১৯৫৮ সাল থেকেই এই দুই দেশ শিক্ষা ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে। ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তরাষ্ট্রে আয়োজিত ৩০ দিনের এক মতবিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।আমাদের প্রতিরক্ষা সম্পর্ক এযাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থায় রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ও নেভি হচ্ছে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অবাধ চলাচল ও স্বাধীনতা নিশ্চিত করতে মূল্যবান অংশীদার। তারা মানব ও অবৈধ মাদক পাচার বন্ধে আঞ্চলিক প্রচেষ্টার ক্ষেত্রে অবদান রাখছে।

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ মহামারি কভিড-১৯ মোকাবিলায় একত্রে কাজ করে এবং ওয়াশিংটন ঢাকাকে ৬১ মিলিয়নেরও বেশি ভ্যাকসিন ডোজ ও ১৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের বেশি আর্থিক সহযোগিতা প্রদান করে।

সূত্র : বাসস 

Sunday, 3 April 2022

ভারতে এবার মসজিদে মাইক বাজানো বন্ধের দাবি

ভারতে এবার মসজিদে মাইক বাজানো বন্ধের দাবি


মসজিদে মাইক বাজানো বন্ধের দাবি তুলেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। অন্যথায় মসজিদের সামনে মাইক লাগিয়ে হনুমান চালিসা বাজানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (২ এপ্রিল) এক অনুষ্ঠানে রাজ্য সরকারের প্রতি এ দাবি জানান তিনি।

রাজ ঠাকরে বলেন, 'আমি প্রার্থনার বিরুদ্ধে নই, আপনি আপনার বাড়িতে প্রার্থনা করতে পারেন। তবে মসজিদের মাইকগুলো সরানোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি এখন সতর্ক করে বলছি... মাইক সরানো না হলে মসজিদের সামনে মাইক লাগিয়ে হনুমান চালিসা বাজানো হবে।'

তিনি বলেন, ইশ্বরের সঙ্গে কথোপকথনের জন্য মাইকের প্রয়োজন নেই। ধর্মকে বাড়িতে সীমাবদ্ধ রাখা উচিত।

নিরাপত্তার জন্য মুম্বাইয়ের মসজিদ ও মাদরাসা তল্লাশির জন্য পুলিশকে অনুমতি দিতে রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান রাজ ঠাকরে।

এর আগে, হিজাব বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয় বলে রায় দিয়েছেন ভারতের কর্ণাটকের হাইকোর্ট। যা ক্লাসে হিজাব পরার নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের জন্য এটি একটি বিশাল ধাক্কা। নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আদালতে পাঁচটি পিটিশন দায়ের হয়েছিল।

সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া 
ভেঙে দেওয়া হলো পাকিস্তানের সংসদ

ভেঙে দেওয়া হলো পাকিস্তানের সংসদ


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে সংসদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি।

বোববার (৩ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

এর আগে দেশটির সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারজি করে দেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

এর পরেই জাতির উদ্দেশে এক ভাষণে প্রেসিডেন্টকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দেন ইমরান খান। তার কিছুক্ষণ পরেই আইনসভা ভেঙে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেন প্রেসিডেন্ট আরিফ আলভি।

এই পরিস্থিতিতে আগামী তিন মাস অর্থাৎ ৯০ দিনের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে। 

সূত্র : জিও নিউজ 
মৌলভীবাজারে একসঙ্গে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

মৌলভীবাজারে একসঙ্গে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই চা বাগানে বিষপানে তরুণ-তরুণী বিষপানে আত্মহত্যা করেছে।শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তারা বিষপান করলে হাসপাতালে নেয়ার পথে দুপুরে মৃত্যু হয়।

স্থানীয় বসু গোয়ালা জানান, দলই চা বাগানের লছমী লাইনের হারাধন সাঁওতালের ছেলে বিপুল সাঁওতালের (২২) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে একই বাগানের নতুন লাইনের কৃষ্ণ মাদ্রাজীর মেয়ে গীতা মাদ্রাজীর (১৬)। কিন্তু সেখানকার প্রথা অনুসারে এই দুই সম্প্রদায়ের মধ্যে বিয়ে হয় না। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ১০/১২ দিন পূর্বে গীতাকে নিজ বাড়িতে নিয়ে আসে বিপুল সাঁওতাল। বিষয়টি বিপুলের পরিবার মেনে নিতে পারেনি।

এ নিয়ে প্রায়শই পরিবারের সঙ্গে ঝগড়া হতো বিপুলের। শনিবার সকালে বিপুলের মা কুসুম সাঁওতাল অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের। আর এতে অভিমান করে তারা একসঙ্গে বিষপান করে।

তিনি আরও জানান, তাদের উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারের পরামর্শে তাদের মৌলভীবাজার নেয়া হয়। মৌলভীবাজার হাসপাতালে গীতা মাদ্রাজী মারা যায়। সেখান থেকে বিপুল সাঁওতালকে সিলেটে রেফার্ড করলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান আসিদ আলী জানান, মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ এলাকায় আনা হবে।

কমলগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইশতিয়াক আহমদ জানান, পরিবার চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
৮৮ বছর পর আয়া সোফিয়ায় প্রথম তারাবি, মুসল্লিদের ভিড়

৮৮ বছর পর আয়া সোফিয়ায় প্রথম তারাবি, মুসল্লিদের ভিড়


৮৮ বছর পর তুরস্কের বিখ্যাত আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে রমজানের মাসের প্রথম তারাবি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১ এপ্রিল) রাতে ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক এ স্থাপনায় তা অনুষ্ঠিত হয়। তারাবির নামাজে অংশ নিতে আয়া সোফিয়া চত্বরে সমবেত হন মুসল্লিরা। স্মরণীয় এ তারাবি নামাজে উপস্থিত ছিলেন দেশটির ধর্ম বিভাগীয় অধিদপ্তরের প্রধান অধ্যাপক ড. আলি ইরবাশসহ গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তিবর্গ।
 
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে এ আয়া সোফিয়ায় কোরআন তিলাওয়াত, দোয়া, সঙ্গীত, আলোচনাসহ নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পবিত্র মাসজুড়ে দুপুরের নামাজের আগে মুফতি, মুসলিম আইন বিশেষজ্ঞরা আলোচনা করবেন।

২০২০ সালের ২৪ জুলাই ঐতিহাসিক এ স্থাপনা নামাজের জন্য খুলে দেওয়া হয়। করোনা মহামারি সংক্রমণরোধে গত দুই বছর মসজিদের নামাজে বিধি-নিষেধ ছিল। ব্যাপকভাবে করোনা টিকাপ্রদান, মৃত্যুসংখ্যা হ্রাস ও সুস্থতার হার বৃদ্ধি পাওয়ায় তুরস্কের সরকার পবিত্র রমজান মাস উপলক্ষে সব মসজিদ খুলে দিয়েছে।

দীর্ঘ ৮ দশক পর অনুষ্ঠিত তারাবির নামাজে আগত মুসল্লিদের শুভেচ্ছা জানিয়ে ড. আলি ইরবাশ বলেন, ‘আমাদের মহান রবকে যথার্থ ধন্যবাদ জ্ঞাপন করতে পারব না। দীর্ঘ ৮৮ বছর পর আয়া সোফিয়ায় তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমরা সব মসজিদে গত দুই বছর যাবত তারাবির নামাজের আয়োজন করতে পারিনি। আমরা দীর্ঘ সময় স্বাভাবিক পরিস্থিতির অপেক্ষায় ছিলাম। মহার সৃষ্টিকর্তার জন্য সব প্রশংসা। তিনি আমাদের আকুতি শুনেছেন। আমাদের তিনি পবিত্র রমজান মাস পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আশাকরি আমরা তা পুরোপুরি কাজে লাগাতে পারব। ’

তরুণদের মসজিদে আসার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, ‘পেছন থেকে আসা শিশুদের আওয়াজ আমাদের বিরক্তিভাব দূর কদে দেয়। এসময়ে ধর্মবিভাগের দায়িত্বশীলরা যারা কোরআন পাঠ জানে না তাদের তা শেখাতে পারেন। ’

পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছে ইস্তাম্বুলের ইফতা বিভাগ। রমজানের পুরো মাস এ প্রদেশের ১৫৮টি মসজিদ সার্বক্ষণিক খোলা থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। তারাবির নামাজ ছাড়াও অনেক মসজিদে কোরআনের তাফসির অনুষ্ঠানের আয়োজন থাকবে। রমজান মাসের শেষ ১০দিন আগ্রহী মুসল্লিরা ইতিকাফ করতে পারবেন। তবে স্বাস্থ্যবিধি মেনে এক মসজিদে সর্বোচ্চ পাঁচজন ইতিকাফ করতে পারবেন।

৫৩২ সালে ঐতিহাসিক আয়া সোফিয়া নির্মিত হয়। ১৪৫৩ সালে ইস্তাম্বুল বিজয়ের আগ পর্যন্ত ৯১৬ বছর তা খ্রিস্টানদের গির্জা হিসেবে ব্যবহৃত হয়। এরপর ১৪৫৩-১৯৩৪ সাল পর্যন্ত তা মসজিদ হিসেবে ব্যবহৃত হয়। এরপর ৮৬ বছর ঐতিহাসিক এ স্থাপনা জাদুঘর হিসেবে থাকে। ১৯৮৫ সালে আয়া সোফিয়াকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়।
 
২০২০ সালে ১০ জুলাই তুরস্কের একটি আদালত ১৯৩৪ সালে জাদুঘর রূপান্তর বিষয়ক মন্ত্রিসভার আদেশ বাতিল করে আয়া সোফিয়াকে পুনরায় মসজিদ হিসেবে ব্যবহার নির্দেশনা দেয়। অবশ্য তা দেশি-বিদেশি সব দর্শনার্থীর জন্য উন্মুক্ত। 
গোলাপগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার

গোলাপগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার


গোলাপগঞ্জে রোমানা আক্তার রিনি (৩০) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার স্বামী হাসান আহমদ (৩৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ এপ্রিল) সকাল ১১টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হাসান আহমদ পৌর এলাকার ঘোগারকুল গ্রামের জোনাব আলীর ছেলে।  
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এস আই ফয়জুল করিম। 

জানা যায়, গত ১২ ফেব্রুয়ারী (শনিবার) রোমানা আক্তার রিনি রাত ১২টায় বিষক্রিয়ায় আক্রান্ত হলে তাকে প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা খারাপ হওয়ায় রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে রোমানা আক্তার মৃত্যুবরণ করেন। 

রোমানার ভাই ইউসুফ আলী ঝিনুক অভিযোগ করে বলেন, ২০১১ সালে বাদে রনকেলি গ্রামের মো. আক্কাস আলীর মেয়ে রোমানা আক্তার রিনির বিয়ে হয় পাশ্ববর্তী গ্রাম ঘোগারকুলের বাসিন্দা ও গাড়িচালক হাসান আহমদের। বিয়ের পর হাসান আহমদ রোমানাকে বিভিন্নভাবে শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ গত শনিবার মধ্যরাতে রোমানাকে বেধড়ক মারধর করেন হাসান। রাত ১২টার দিকে একই গ্রামে থাকা রোমানার মামিকে ফোন দিয়ে হাসান বলেন, রোমানা বিষ খেয়েছে। খবর পেয়ে রোমানার মামি তাকে গোলাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থা খারাপ হওয়ায় শেষ রাতে রোমানাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় একদিন পর সোমবার দুপুর দেড়টার দিকে তিনি মৃত্যুরবণ করেন।

এ ঘটনার পর আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে রুমানার ভাই ইউসুফ আলী ঝিনুক একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৬/৩৭)। 

সূত্রঃ জিভয়েস২৪

Saturday, 2 April 2022

রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু


বাংলাদেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (৩ এপ্রিল) থেকে ১৪৪৩ হিজরি সনের রমজান মাস শুরু হচ্ছে।

শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে একই দিন রাতে তারাবি নামাজ আদায় ও সাহরি খেয়ে রোববার প্রথম দিনের রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

এর আগে শুক্রবার (১ এপ্রিল) মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, মিশর এবং অস্ট্রেলিয়ায় রমজান মাসের চাঁদ দেখা গেছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ থেকে রমজান মাস শুরু হয়েছে।