Thursday, 14 April 2022

চন্দরপুরে গোলারখাল রোডের বেহাল দশা: গর্ত-কর্দমাক্তে দুর্ভোগ চরমে

চন্দরপুরে গোলারখাল রোডের বেহাল দশা: গর্ত-কর্দমাক্তে দুর্ভোগ চরমে


গোলাপগঞ্জের চন্দরপুরে গুরুত্বপূর্ণ একটি রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। গ্রামের গোলারখাল সংলগ্ন রাস্তাটিতে ব্যাপক গর্ত আর কর্দমাক্তে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এতে যানবাহন, শিক্ষার্থী ও স্থানীয়দের চলাচলে ব্যাপক দুর্গতি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের দাবী, দীর্ঘদিন থেকে রাস্তাটি সংস্কার না হওয়া এবং খাল খননকাজের অব্যবস্থাপনাই এই দুর্গতির কারণ। তারা জানান, স্থানীয় মেম্বার-চেয়ারম্যানদের বারংবার প্রতিশ্রুতি থাকলেও উন্নয়নের মুখ দেখেনি রোডটি।


সরেজমিন দেখা যায়, গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া গোলারখাল সংলগ্ন এ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যাতায়াত অনুপযোগী হয়ে পড়ে আছে। এছাড়া বিগত ২বছর পূর্বে খাল খনন কাজের অব্যবস্থাপনায় রাস্তাটি ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়। অথচ এই দীর্ঘদিনেও রাস্তাটির মেরামতে কোনো উদ্যোগ গ্রহন করা হয়নি। স্থানীয় ইউপি সদস্যকে এব্যাপারে বারবার অবহিত করা হলেও কার্যত কোনো উদ্যোগ গ্রহণ করেন নি তিনি।

স্থানীয়রা জানান, বিগত (২০১৬) ইউপি নির্বাচনে এ রাস্তাটি পাকাকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন চেয়ারম্যান-মেম্বারগণ। অথচ এই দীর্ঘ ৬বছরেও রাস্তাটির প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটেনি। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা গেছে।


রাস্তাটির ব্যাপারে কথা হলে ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল জানান, আপাতত ইউনিয়ন পরিষদে রাস্তাটির সংস্কার কাজের কোনো বরাদ্দ নেই। তবে উপজেলা পরিষদে এ রাস্তাটির উন্নয়নকাজের প্রস্তাবনা দেয়া রয়েছে। সেখান থেকে শীগ্রই তা পাস হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Wednesday, 13 April 2022

সিলেটে হোটেল থেকে গোলাপগঞ্জের যুবকের লাশ উদ্ধার

সিলেটে হোটেল থেকে গোলাপগঞ্জের যুবকের লাশ উদ্ধার



সিলেটের একটি আবাসিক হোটেল থেকে খালেদ আহমদ (৩৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর লালবাজার এলাকার হোটেল আল মিনার আবাসিক হোটেলের চার তলার ৪১৪ নং রুম থেকে তার লাশ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।

খালেদ আহমদ গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই গ্রামের উনু মিয়ার ছেলে।

হোটেল কতৃপক্ষ জানায়, নিহত খালেদ আহমেদ গতকাল (মঙ্গলবার) বিকাল ৪টার দিকে হোটেলে আসেন। আজ (বুধবার) দুপুরের দিকে তাকে ডাকাডাকি করার পরেও দরজা না খোলায় পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত খালেদ ব্যবসার কাজে সিলেট এসেছিলেন। তিনি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন।

পিবিআই কর্মকতা আজিম পাটওয়ারী জানান, খবর পেয়ে পুলিশ বিকাল ৪টায় ঘটনাস্থলে আসে। বিষয়টি পুলিশ তদন্ত করছে, বিস্তারিত পরে জানানো হবে। 

Tuesday, 12 April 2022

রোমানিয়ার কনস্যুলার টিম ঢাকায় আসছে শুক্রবার

রোমানিয়ার কনস্যুলার টিম ঢাকায় আসছে শুক্রবার



রোমানিয়ার কনস্যুলার টিম ঢাকায় আসছে আগামী শুক্রবার (১৫ এপ্রিল)।

মঙ্গলবার (১২ এপ্রিল) রোমানিয়ার বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কনস্যুলার টিম আগামী ১৭ এপ্রিল থেকে ভিসার কার্যক্রম শুরু করবে। রোমানিয়ায় যারা যেতে চান, তারা ভিসার ফাইল কাকরাইলে অবস্থিত বিএমইটি ভবনের ছয়তলায় তাদের অফিসে জমা দিতে পারবেন।

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২২ সালের মার্চ থেকে ৩ মাসের জন্য ঢাকায় ৬ সদস্যের কনস্যুলার টিম পাঠাচ্ছে যাতে ৩৪০০ পেন্ডিং ভিসাসহ প্রায় ৫০০০ ভিসা ইস্যু করা যায়। তাদের কিছু স্থানীয় সহায়তা প্রয়োজন।

এই প্রথম রোমানিয়া এই ধরনের কনস্যুলার মিশন বিদেশে পাঠাচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার খুজঁছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় ইউরোপের অন্যান্য দেশের মতো রোমানিয়াতেও বাংলাদেশি শ্রমিকদের সুযোগ সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের রোমানিয়ার কোনো মিশন নেই। নয়াদিল্লির মিশন থেকে রোমানিয়া বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখে। 
বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনঃ সভাপতি আশরাফ, সম্পাদক জয়রুল

বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনঃ সভাপতি আশরাফ, সম্পাদক জয়রুল


গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজীম আহমদ এবং সদস্য সচিব সাহান আহমদ এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে আশরাফুল কবিরকে সভাপতি, জয়রুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং তারেকুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে মোট ২৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শাবলু আহমদ রেজা, সহ-সভাপতি সাইফুল রহমান উজ্জল, আনোয়ারুল হক সাইম, সালমান সাকির, তানভীর হোসেন ও জাকির হোসেন।

সিনিয়র যুগ্ম সম্পাদক শুক্কুর আহমদ মামুন, সহ-সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, জাহেদ আহমদ, রেদওয়ান আহমদ নয়ন, রেহান আহমদ।

সহ-সাংগঠনিক সম্পাদক ইমন আহমদ জিবান ও আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক এমরান আহমদ, সহ-দপ্তর সম্পাদক মায়েব আহমদ, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম রাব্বি, সহ-প্রচার সম্পাদক সারওয়ার আহমদ রাফি, ক্রীড়া সম্পাদক আলাল হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল্লা আল হিমেল এবং সদস্য জাহেদ আহমদ, খুকন আহমদ ও রিফাত আহমদ।


বিজ্ঞপ্তি

Wednesday, 6 April 2022

জাতীয় নির্বাচন ধাপে ধাপে নেওয়ার প্রস্তাব

জাতীয় নির্বাচন ধাপে ধাপে নেওয়ার প্রস্তাব


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ ধাপে ধাপে নেওয়ার প্রস্তাব দিয়েছেন সাংবাদিকরা।

বুধবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি আয়োজিত সংলাপে অংশ নিয়ে সাংবাদিকরা এ সুপারিশ করেন।

সংলাপে ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন বলেন, বিভাগভিত্তিক জাতীয় সংসদ নির্বাচন করা যেতে পারে। তাহলেই দেখা যাবে আওয়ামী লীগ কয়টি সিট পায়, আর বিএনপি কয়টি সিট পায়।

ইসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা শতভাগ ন্যায্য ভোট করবেন বলে আশা করছি না। তবে ৫০ শতাংশ সাফল্য পেলে স্যালুট জানাব। আগামী নির্বাচন ভালোভাবে না হলে খুনোখুনি হবে। মেশিনগান নিয়ে নামবে।

তাসমিমা হোসেন বলেন, ডিসি-এসপিকে বললে এখন আর কোনো কাজ হয় না। আমরা যাচ্ছি কোথায়? লিডারশিপের অভাব প্রতিটি বেলায়। আমরা এখন ওপরের দিকে তাকিয়ে থাকি। প্রথমে গণভবন, তারপর আল্লাহর দিকে।

এ সময় তাসমিমা হোসেনের বক্তব্য সমর্থন করে প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন ইসিকে উদ্দেশ্য করে বলেন, সারাদেশে এক দিনে নির্বাচন না করে ভাগ ভাগ করে নির্বাচন করতে পারেন।

এদিকে ইসির তৃতীয় দফা সংলাপে ২৩ সম্পাদকসহ ৩৪ জন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ১১ জন ইসির এই আমন্ত্রণে সাড়া দেননি। 
হরিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত

হরিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত


জৈন্তাপুর উপজেলার হরিপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলো। যাওয়ার পথে হরিপুর বাজারের অদূরে হঠাৎ একটি টমটমের পিছনে থাকা একটি মোটরসাইকেল বিপরীত থেকে বাসের সামনে এসে পড়ে। এসময় মোটরসাইকেল ও বাসের সংঘর্ষ ঘটলে এক শিশুসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। 
চন্দরপুরে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

চন্দরপুরে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ



পবিত্র রমজান মাস উপলক্ষে গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুরে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ইউকে। 

বুধবার (০৬ এপ্রিল) দুপুরে প্রয়াত শিরিন-এর পারিবারিক অর্থায়নে গ্রামের ২০০টি পরিবারের হাতে রমজানের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে কুশিয়ারা নিউজের সম্পাদক সালমান কাদের দিপুর সঞ্চালনায় এবং শিরিন-এর চাচা নজরুল ইসলাম দুদু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাব্বির আহমদ, খাইরুল ইসলাম ও নাবিল মাহমুদ।


এসময় বক্তারা পবিত্র রমজান মাসে দরিদ্র পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়ায় শিরিন মেমোরিয়াল ট্রাস্ট এবং তাদের পরিবারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তারা প্রয়াত শিরিন স্মরণে গভীর শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে সকলের দোয়া প্রার্থনা করেন। 


এসময় আরোও উপস্থিত ছিলেন, বদরুল হক, সিরাজ উদ্দিন, দুলাল মিয়া, পংকি মিয়া, কয়েছ মিয়া, মকবুল হোসেন, নানু মিয়া, সাইফুল হক, নাবিল মাহমুদ, রেজাউল হক আহাদ, সুহেল আহমদ, রুহুল আমীন ও রাসেল আহমদ প্রমুখ।