গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জিবি টেলিভিশনের হলরুমে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করা হয়।
তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলোওয়ার হোসেন দিলু।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই, ২০ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় এবং ২২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৩ অক্টোবর (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিন বিকেল ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
দীর্ঘ প্রতীক্ষার পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন আয়োজনের এই উদ্যোগে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্য আনোয়ার শাহজাহান, আব্দুল আহাদ, শহিদুর রহমান সুহেদ ও আবুল কালামসহ গোলাপগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা একটি উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ কামনা করেছেন।
