‏إظهار الرسائل ذات التسميات গোলাপগঞ্জ. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات গোলাপগঞ্জ. إظهار كافة الرسائل

الأحد، 6 سبتمبر 2026

গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ

গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ


গোলাপগঞ্জ প্রতিনিধিঃ ২০০৮ সালে প্রতিষ্ঠিত গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির আগামী দুই বছরের জন্য ২০২৬-২৮ সালের কমিটি গঠন করা হয়েছে। এটি সমিতির ৬ষ্ঠতম কমিটি।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের মর্তুজা মার্কেটে সমিতির অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিলের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটিতে দেলোয়ার হোসেন মাহমুদকে সভাপতি (দৈনিক পূণ্যভূমি) ও ফাহাদ হোসাইনকে সাধারণ সম্পাদক (দৈনিক সিলেটের সংবাদ) এবং সাকেল উদ্দিনকে (এশিয়া বাণী) কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ (দৈনিক ভোরের আওয়াজ), সহ-সভাপতি আব্দুল্লাহ আহমদ (দৈনিক যায়যায়দিন), সহ-সভাপতি দেলওয়ার হোসেন মান্না (ইনকিলাব), সহ-সাধারণ সম্পাদক ওলিউর রহমান তামিম (আরটিভি), সাংগঠনিক সম্পাদক রিমন আহমদ (দৈনিক সচিত্র সিলেট), দপ্তর সম্পাদক তামিম আহমদ (আমার কুলাউড়া), প্রচার সম্পাদক জাবেদ আহমদ (জিবি সময়), নির্বাহী সদস্য সালমান কাদের দিপু (কুশিয়ারা নিউজ), ইমন আহমদ (সাপ্তাহিক হলি সিলেট) ও শিপন আহমদ (ফটো সাংবাদিক দৈনিক সংগ্রাম প্রতিদিন)।

الثلاثاء، 1 سبتمبر 2026

গোলাপগঞ্জের চন্দরপুরে আবু তাহের এমবিই-কে বর্ণাঢ্য সংবর্ধনা

গোলাপগঞ্জের চন্দরপুরে আবু তাহের এমবিই-কে বর্ণাঢ্য সংবর্ধনা


গোলাপগঞ্জ প্রতিনিধিঃ শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সাম্রাজ্যের সম্মানসূচক MBE (Member of the Order of the British Empire) খেতাবে ভূষিত চন্দরপুরের কৃতিসন্তান ও আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবু তাহের এমবিই-কে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আল-এমদাদ উচ্চ বিদ্যালয় ও বৃহত্তর চন্দরপুর এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সমাজসেবী, ব্যবসায়ী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেনের সভাপতিত্বে এবং বাংলা বিষয়ের শিক্ষক রাসেল বিশ্বাস ও ইউপি সদস্য সালমান কাদের দিপুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৫নং বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-এমদাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম চৌধুরী, ০৫নং বুধবারীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ উদ্দিন শরফ, আল-এমদাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ডা. আব্দুল মুতলিব এবং লালনগীতি শিল্পী ও সঙ্গীত শিক্ষক মিতা তাহের।

অনুষ্ঠানের শুরুতে আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী আবু মুসা পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি আবু তাহের এমবিই-এর জীবন, শিক্ষা, কর্ম ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়। বক্তারা তাঁর দীর্ঘদিনের সমাজসেবা, মানবকল্যাণ ও শিক্ষা-সহায়ক বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং MBE সম্মাননা অর্জনের মধ্য দিয়ে চন্দরপুর তথা বৃহত্তর এলাকার জন্য যে গৌরব বয়ে এনেছেন, তা তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বি.কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ডাঃ ফারুক উদ্দিন, আল-এমদাদ ডিগ্রি কলেজ গভর্ণিং বডির অভিভাবক সদস্য সিফত আলী, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য আব্দুল গফুর, ইউপি সদস্য উস্তার আলী, সমাজসেবী নুরুল হুদা, চন্দরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, আল-এমদাদ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির অভিভাবক সদস্য আবু তাহের ফয়সল, সমাজসেবী আব্দুল কুদ্দুছ, ছলফু মিয়া, সাইফুল হক, ফয়ছল আহমদ, সাইদুল ইসলাম লালসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


বক্তব্য পর্বে অতিথিবৃন্দ আবু তাহের এমবিই-এর কর্মময় জীবন ও অবদানের প্রশংসা করে তাঁকে অভিনন্দন জানান। তাঁরা বলেন, তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সম্মান নয়; এটি চন্দরপুর ও বৃহত্তর এলাকার জন্যও গর্ব ও অনুপ্রেরণার বিষয়।

পরে আবু তাহের এমবিই তাঁর অনুভূতি প্রকাশ করেন এবং শৈশব, শিক্ষা ও চন্দরপুরের সঙ্গে তাঁর স্মৃতিময় সম্পর্কের কথা তুলে ধরেন। এ সময় তিনি তাঁর জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি আবু তাহের এমবিই-কে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন সংবর্ধিত অতিথির প্রতি শুভকামনা জানান। তিনি বলেন, একজন প্রাক্তন শিক্ষার্থীর এমন সম্মাননা অর্জন বিদ্যালয়ের জন্য যেমন গৌরবের, তেমনি বর্তমান শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার।

সবশেষে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং বৃহত্তর চন্দরপুর এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

الأربعاء، 19 أغسطس 2026

সাংবাদিককে হেনস্তার অভিযোগ, গোলাপগঞ্জে ওসির সঙ্গে কর্মরত সাংবাদিকদের বৈঠক

সাংবাদিককে হেনস্তার অভিযোগ, গোলাপগঞ্জে ওসির সঙ্গে কর্মরত সাংবাদিকদের বৈঠক



গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপনকে হেনস্তা, অশালীন ভাষায় গালাগাল, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:ছবেদ আলীর সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) গোলাপগঞ্জ মডেল থানায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ এবং দায়িত্ব পালনের সময় কোনো ধরনের বাধা বা হেনস্তার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার বিষয়ে আলোচনা হয়।

এর আগে একই ঘটনায় মঙ্গলবার সকালে গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন। তিনি দৈনিক সকালের দিগন্তের সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট রাতে তথ্য সংগ্রহের জন্য গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান সাংবাদিক স্বপন। পরে সহযোগী মাহদি রহমানকে সঙ্গে নিয়ে ফেরার পথে খালেদ আহমেদ নামের এক ব্যক্তি তাদের পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি নিজেকে ‘তালাশ টিভি’র সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে স্বপনের সঙ্গে অশোভন ও আক্রমণাত্মক আচরণ করেন। একপর্যায়ে তাকে অশালীন ভাষায় গালাগাল, হেনস্তা এবং ভিডিও ধারণের চেষ্টা করা হয়। একই সঙ্গে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় সাংবাদিক স্বপন ভবিষ্যতে নিজের ও সহযোগীদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা চেয়ে পুলিশের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

বৈঠকে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো:ছবেদ আলী বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ সময় কর্মরত সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হেনস্তা কিংবা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বৈঠকে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের গোলাপগঞ্জ প্রতিনিধি এম. আব্দুল জলিল, দৈনিক সিলেটের পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরী, দৈনিক দিনকালের গোলাপগঞ্জ প্রতিনিধি আজিজ খান, দৈনিক যায়যায়দিনের গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, দৈনিক সচিত্র সিলেটের স্টাফ রিপোর্টার রিমন আহমদ, দৈনিক এদিনের গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তামিম আহমদ, হলি সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি ইমন আহমদ এবং সচিত্র সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহদি রহমান প্রমুখ।
গোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হেনস্তা ও হুমকির অভিযোগে থানায় জিডি

গোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হেনস্তা ও হুমকির অভিযোগে থানায় জিডি



গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সিনিয়র এক সাংবাদিককে হেনস্তা, অশালীন ভাষায় গালাগাল, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগে গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার সকালে এ সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন।

জিডি সূত্রে জানা যায়, দৈনিক সকালের দিগন্ত পত্রিকার সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের গোলাপগঞ্জ প্রতিনিধি এবং দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন গত ১৬ আগস্ট রাতে তথ্য সংগ্রহের জন্য গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে সেখান থেকে বের হয়ে সহযোগী মাহদি রহমানকে সঙ্গে নিয়ে ফেরার পথে খালেদ আহমেদ নামের এক ব্যক্তি তাদের পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, ওই ব্যক্তি নিজেকে ‘তালাশ টিভি’র সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে সাংবাদিক সপনের সঙ্গে অশোভন ও আক্রমণাত্মক আচরণ করেন। একপর্যায়ে তাকে অশালীন ভাষায় গালাগাল ও হেনস্তা করা হয়। একই সঙ্গে তার ভিডিও ধারণের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই ব্যক্তি সাংবাদিক সপন ও তার সহযোগীকে ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেওয়ার চেষ্টা করেন। এতে তাদের মধ্যে শারীরিক হামলার আশঙ্কা তৈরি হয়।

জিডিতে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন এবং তারা ঘটনার বিভিন্ন অংশ প্রত্যক্ষ করেন।

সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপনের অভিযোগ, এ ধরনের আচরণের কারণে সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালন এবং তথ্য সংগ্রহ বাধাগ্রস্ত হচ্ছে। ভবিষ্যতে অভিযুক্ত ব্যক্তি বা তার সঙ্গে থাকা কেউ তার ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, হুমকি কিংবা সাংবাদিকতার দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারেন বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

এ ঘটনায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই, প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে নিজের ও সহযোগীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ছবেদ আলীর যোগাযোগ করা হলে তিনি জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের করা হবে।

الثلاثاء، 18 أغسطس 2026

গোলাপগঞ্জে স্মৃতিময় বিদায়, ভালোবাসায় সিক্ত রোমান আহমদ নোশাদ

গোলাপগঞ্জে স্মৃতিময় বিদায়, ভালোবাসায় সিক্ত রোমান আহমদ নোশাদ


গোলাপগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিনের কর্মস্থল গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন থেকে বিদায় নিলেন অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক রোমান আহমদ নোশাদ। নতুন কর্মস্থল হিসেবে তিনি বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগ দিতে যাচ্ছেন। সোমবার গোলাপগঞ্জে তার শেষ কর্মদিবস ছিল।

শেষ দিনে তাকে বিদায় জানাতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হন। বিদায়ী শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার প্রতি ভালোবাসা ও আন্তরিকতার প্রকাশ ঘটান।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইমাম, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা, সাত শহীদ পরিবারের সদস্য, স্থানীয় সাংবাদিক, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা এবং উপজেলা পর্যায়ের কর্মচারীরা তাকে বিদায়ী শুভেচ্ছা জানান।

বিদায়ী বক্তব্যে রোমান আহমদ নোশাদ গোলাপগঞ্জে কর্মজীবনের নানা স্মৃতির কথা তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন এখানে দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা প্রশাসনের সহকর্মীদের কাছ থেকে তিনি আন্তরিকতা, সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন। একইভাবে রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমকর্মীদের কাছ থেকেও দায়িত্ব পালনে সহযোগিতা পেয়েছেন।

তিনি বলেন, “কর্মস্থল পরিবর্তন হলেও গোলাপগঞ্জের মানুষের ভালোবাসা ও এখানকার স্মৃতিগুলো সবসময় মনে থাকবে। দায়িত্ব পালনের সময় কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন কর্মস্থলেও যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।”

তার বিদায়কে ঘিরে শেষ কর্মদিবসে উপজেলা প্রশাসনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার নতুন কর্মস্থলের জন্য শুভকামনা জানান এবং ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য কামনা করেন।


الجمعة، 14 أغسطس 2026

গোলাপগঞ্জবাসীর হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন রুমান আহমেদ নোশাদ

গোলাপগঞ্জবাসীর হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন রুমান আহমেদ নোশাদ


গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিস সহকারী রুমান আহমেদ নোশাদকে বদলি করা হয়েছে। আগামী মঙ্গলবার তিনি বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

গোলাপগঞ্জে কর্মরত থাকাকালে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেন নোশাদ। আন্তরিক স্বভাব, সদা হাস্যোজ্জ্বল মুখ এবং সহযোগিতাপ্রবণ মানসিকতার কারণে সেবাপ্রত্যাশী সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন প্রিয়ভাজন হিসেবে।

সেবা গ্রহীতা অনেকেই জানান, যেকোনো প্রয়োজনে রোমান আহমেদ নোশাদ-এর কাছে গেলে তিনি মনোযোগ দিয়ে বিষয়টি শুনতেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করতেন। সবার সঙ্গে হাসিমুখে কথা বলা এবং প্রয়োজনের সময় পাশে থাকার মানসিকতাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার পাশাপাশি মানুষের প্রতি তাঁর আন্তরিকতাও প্রশংসিত হয়েছে।

সাধারণ মানুষের প্রতি তাঁর আন্তরিকতা ও সবাইকে আপন করে নেওয়ার আচরণেই সকলের সঙ্গে তৈরি হয়েছে তার গভীর সম্পর্ক। ফলে বদলির খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, পরিচিতজন ও উপজেলাবাসীর মধ্যেই তৈরি হয়েছে আবেগ ও বিষণ্নতা।

গোলাপগঞ্জে দায়িত্ব পালনকালে পাওয়া মানুষের ভালোবাসা ও সহযোগিতার কথা স্মরণ করে নোশাদ বলেন, “গোলাপগঞ্জে দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের কাছ থেকে যে ভালোবাসা, সম্মান ও সহযোগিতা পেয়েছি, তা সবসময় মনে থাকবে। আমার অবস্থান থেকে মানুষকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। নতুন কর্মস্থলেও যেন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সবার দোয়া চাই।”

কর্মস্থল বদলে গেলেও গোলাপগঞ্জের মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ককে স্মরণীয় বলে মনে করেন তিনি।

তাঁর নতুন কর্মস্থলের পথচলা সফল ও সুন্দর হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর সহকর্মী, পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীরা।

আগামী মঙ্গলবার বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগদানের মধ্য দিয়ে নোশাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের সূচনা হবে। নতুন দায়িত্বে তাঁর সাফল্য, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেছেন গোলাপগঞ্জবাসী।


الأحد، 9 أغسطس 2026

গোলাপগঞ্জে চৌঘরী যুব সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগঃ ভাঙা সড়কে স্বস্তির প্রলেপ

গোলাপগঞ্জে চৌঘরী যুব সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগঃ ভাঙা সড়কে স্বস্তির প্রলেপ

নিজস্ব প্রতিবেদকঃ একটু বৃষ্টি হলেই সড়কের গর্তে জমে পানি, চলাচলে বাড়ে দুর্ভোগ। কোথাও পিচ উঠে গেছে, কোথাও আবার তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। দীর্ঘদিনের এমন ভোগান্তি থেকে এলাকাবাসীকে কিছুটা স্বস্তি দিতে এবার এগিয়ে এসেছে চৌঘরী যুব সংগঠন। সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেদের উদ্যোগে গ্রামীণ সড়কের ভাঙা পিচ ও গর্ত মেরামত করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সংগঠনের তরুণরা।


শনিবার (৮ আগস্ট) সকাল থেকে গোলাপগঞ্জের চৌঘরী এলাকার বিভিন্ন গ্রামীণ সড়কের ক্ষতিগ্রস্ত অংশে মেরামত কাজ শুরু করেন সংগঠনের সদস্যরা। হাতে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে রাস্তায় নেমে পড়েন তারা। স্বেচ্ছাশ্রমে দীর্ঘ সময় ধরে চলে সড়ক সংস্কারের এ কার্যক্রম।


স্থানীয়দের কাছে যে সড়ক ছিল প্রতিদিনের চলাচলের দুর্ভোগের কারণ, সেই সড়কেই নিজেদের শ্রম দিয়ে স্বস্তি ফেরানোর চেষ্টা করেছেন তরুণরা। তাদের এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যেও দেখা দিয়েছে আনন্দ ও প্রশংসা।


সড়ক সংস্কার কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো. বদরুল আলম, রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি সুলতান মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন, সমাজসেবক সোনা মিয়া, মতিউর রহমান, জয়নাল আহমদ ও বশির আহমদ।


এ সময় চৌঘরী যুব সংগঠনের সভাপতি জুনেদ আহমদ ও সাধারণ সম্পাদক মাহিদ আহমদের নেতৃত্বে সংগঠনের সদস্য রুমেল, জয়নুল, রাহেদ হুসাইন, নয়ন, সাইম, মাসুদ, রনি, মুজাহিদ, রায়হান, আব্দুল আহাদ, রুজেল, মুরশেদ, জামিল, শাহরিয়া, শরিফ ও সারওয়ারসহ অন্যান্য সদস্যরা সংস্কারকাজে অংশ নেন।


এ ছাড়া চৌঘরী যুব সংগঠনের সম্মানিত উপদেষ্টামণ্ডলীর সদস্যরাও এ জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করেন।


মানুষের জন্য তরুণদের এই পথচলাঃ

চৌঘরী যুব সংগঠনের নেতৃবৃন্দ জানান, শুধু সংগঠনের কার্যক্রম পরিচালনা নয়, এলাকার মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য।


মানুষের চলাচলের দুর্ভোগের কথা বিবেচনা করেই নিজেদের উদ্যোগে সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এমন সামাজিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


স্থানীয় বাসিন্দারা বলেন, অনেক সময় ছোট একটি গর্তও মানুষের জন্য বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। সেই দুর্ভোগকে নিজেদের সমস্যা মনে করে তরুণরা যেভাবে রাস্তায় নেমে কাজ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাদের এ উদ্যোগ অন্য তরুণদেরও সামাজিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।


তরুণদের হাতের শ্রমে যখন ভাঙা সড়কে ফিরে আসে চলাচলের স্বস্তি, তখন সেটি শুধু একটি রাস্তা মেরামত নয় এ যেন মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও দায়িত্ববোধেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

الاثنين، 6 يوليو 2026

চন্দরপুরে ‘তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্ট’-এর ২য় শাখার উদ্বোধন সম্পন্ন

চন্দরপুরে ‘তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্ট’-এর ২য় শাখার উদ্বোধন সম্পন্ন



নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ: গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর বাজারের মেইনরোডস্থ পূবালী ব্যাংকের নিচতলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্ট’-এর ২য় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

০৬ জুলাই (সোমবার) সকাল ১১টায় স্থানীয় সুধীসমাজ, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ফিতা কেটে এই নতুন শাখার আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৫নং বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চন্দরপুর আল-এমদাদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম চৌধুরী।

​ইউপি সদস্য সালমান কাদের দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্ট ১ম ও ২য় শাখার পরিচালক মাছুম আহমদ। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক কামরুল ইসলাম।


​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন, চন্দরপুর বাজার বণিক সমিতির সভাপতি ডা: আব্দুল মুতলিব, পূবালী ব্যাংক চন্দরপুর শাখার ম্যানেজার মোঃ হেলাল উদ্দিন, চন্দরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মোহাম্মদ আব্দুল হামিদ, আছিরগঞ্জ বাজার সিটি শপিং কমপ্লেক্সের সহ-সভাপতি নিয়াজ মাহবুব, আছিরগঞ্জ গণপাঠাগারের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্ট ১ম ও ২য় শাখার প্রশিক্ষক জনাবা শুকরিয়া বেগম-সহ আরোও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আইটি শিক্ষার কোনো বিকল্প নেই। এই ট্রেনিং সেন্টারটি তরুণদের আধুনিক কম্পিউটার শিক্ষায় দক্ষ হিসেবে গড়ে তুলতে এবং বেকারত্ব দূরীকরণে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। সঠিক দিকনির্দেশনা ও কারিগরি শিক্ষার মাধ্যমে গ্রামীণ অঞ্চলের তরুণরাও এখন ঘরে বসে বিশ্বজয়ের স্বপ্ন দেখতে পারবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আরও উল্লেখ করেন, "ডিজিটাল দুনিয়ায় দক্ষতাহীন ডিগ্রি একটি একমুখী রাস্তার মতো, যা হয়তো গন্তব্যে পৌঁছাতে পারে না। কিন্তু ডিগ্রির সাথে যদি যুক্ত হয় কম্পিউটারের আধুনিক দক্ষতা, তবে সফলতার হাজারো দুয়ার এমনিতেই খুলে যায়।" ‘তালহা আইটি’ চন্দরপুরের তরুণদের সেই সৃষ্টিশীলতার পথ দেখাবে এবং তাদের প্রযুক্তির শুধু ব্যবহারকারী নয়, বরং ভবিষ্যৎ নির্মাতা হিসেবে গড়ে তুলবে।

​ফিতা কাটার আনন্দঘন মুহূর্তে উপস্থিত সকলের করতালিতে পুরো অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। উদ্বোধনের পর অতিথিবৃন্দ আইটি প্রতিষ্ঠানের আধুনিক কম্পিউটার ল্যাব ও প্রশিক্ষণ সুবিধা ঘুরে দেখেন এবং গ্রামীণ পর্যায়ে এমন বিশ্বমানের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। 

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

الخميس، 2 أبريل 2026

ব্রিটিশ রাজকীয় সম্মাননা ‘এমবিই’ খেতাবে ভূষিত গোলাপগঞ্জের আবু তাহের

ব্রিটিশ রাজকীয় সম্মাননা ‘এমবিই’ খেতাবে ভূষিত গোলাপগঞ্জের আবু তাহের


ব্রিটিশ রাজকীয় সম্মাননা পদক 'এমবিই' খেতাবে ভূষিত হতে যাচ্ছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান অ্যাকাউন্ট্যান্ট আবু তাহের। সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ রাজকীয় সম্মাননায় ভূষিত করা হচ্ছে। আগামী ১৩ মে উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস তার হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেবেন। ইতিমধ্যে রাজার পক্ষ থেকে তার নামও ঘোষণা করা হয়েছে।

ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহেরের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর গ্রামে। তিনি মরহুম মক্তার আলী ও মরহুমা মাছুমা খাতুনের ছেলে। ১৯৮৭ সালে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর তিনি পেশাগত জীবনে নিজেকে একজন দক্ষ অ্যাকাউন্ট্যান্ট হিসেবে প্রতিষ্ঠিত করেন। ১৯৯৯ সালে পূর্ব লন্ডনে তিনি প্রতিষ্ঠা করেন ‘মাহি অ্যান্ড কোং সার্টিফাইড প্র্যাকটিসিং অ্যাকাউন্ট্যান্টস’। বর্তমানে তিনি ইনস্টিটিউট অব সার্টিফাইড প্র্যাকটিসিং অ্যাকাউন্ট্যান্টস-এর ফেলো সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক ও আইনি পরামর্শ দিয়ে আসছেন।

ছাত্রজীবন থেকেই সাহিত্যের প্রতি অনুরাগী আবু তাহেরের সৃজনশীলতায় প্রবাস জীবন, মানবতা ও সমাজ সচেতনতা ফুটে ওঠে। ছড়া, কবিতা, প্রবন্ধ ও নাটক মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থ ও নাটকের সংখ্যা ১০টিরও বেশি। বিলেতে বাংলা ভাষা ও সাহিত্যচর্চাকে বেগবান করতে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ‘সংহতি সাহিত্য পরিষদ’-এর অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতির দায়িত্ব পালন করা আবু তাহের নতুন প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের মাঝে বাংলা সাহিত্য পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।

মানবসেবামূলক কাজেও তিনি সমানভাবে সক্রিয়। ‘ভিশন কেয়ার ফাউন্ডেশন’-এর অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে দেশের অসচ্ছল মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন নিয়মিত। এছাড়া ‘মাছুমা মেমোরিয়াল ট্রাস্ট’-এর মাধ্যমে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং ‘টি-ফাইভ টেইলরিং ট্রেনিং সেন্টার’-এর মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতেও নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

শিক্ষা খাতেও তার অবদান উল্লেখযোগ্য। গোলাপগঞ্জের চন্দরপুর আল এমদাদ ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে তিনি কাজ করেছেন। পাশাপাশি ইংরেজি মাধ্যমের ‘ব্রিজ অ্যাকাডেমি’ প্রতিষ্ঠা ও পরিচালনার সঙ্গেও যুক্ত রয়েছেন। বর্তমানে বাংলাদেশে ‘হ্যাভেন কেয়ার হোম’ নামে একটি বৃদ্ধ ও অসহায় মানুষের জন্য আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠার কাজও এগিয়ে নিচ্ছেন তিনি।

এই সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় আবু তাহের বলেন, মানুষের কল্যাণ, সংস্কৃতির বিকাশ এবং প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তোলাই তার কাজের মূল লক্ষ্য। তিনি মনে করেন, ব্যক্তিগত সাফল্যের চেয়ে সমাজের কল্যাণে অবদান রাখাই প্রকৃত অর্জন।

ব্যক্তিগত জীবনে তার স্ত্রী মিতা তাহের যুক্তরাজ্যের পরিচিত কণ্ঠশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক। দুই পুত্র ও এক কন্যাসন্তানসহ তারা বর্তমানে লন্ডনে বসবাস করছেন।

الثلاثاء، 30 ديسمبر 2025

বুধবারীবাজার ইউপি চেয়ারম্যানের মাতৃবিয়োগঃ পরিষদের শোক প্রকাশ

বুধবারীবাজার ইউপি চেয়ারম্যানের মাতৃবিয়োগঃ পরিষদের শোক প্রকাশ


গোলাপগঞ্জ প্রতিনিধিঃ বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিনের মমতাময়ী মাতা মোছাঃ ফয়জুন নেছা আর নেই। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি........রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে পরিবারসহ পুরো এলাকায় শোকের আবহ নেমে এসেছে।

মরহুমার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও জনপ্রতিনিধিগণ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিশেষ করে বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এক শোকবার্তায় পরিষদের সকল সদস্য-সদস্যাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও উদ্যোক্তাগণ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় তারা বলেন, আল্লাহ তাআলা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য শোকাহত পরিবারকে দান করেন।

এদিকে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় কালিডহর জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সেলিম উদ্দিন ও ফয়ছল আহমদ চৌধুরী, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনাম উদ্দিন ও আতিকুর রহমান, ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, সামছুল ইসলাম কয়েছ, আবুল কাশেম, জাহেদুর রহমান মৌলা, উস্তার আলী, সালমান কাদের দিপু, ইউপি সচিব আব্দুল মালেক, সাবেক ইউপি সচিব ফয়জুল ইসলাম, উদ্যোক্তা কামরুল হাসান টিপুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ। তারা সকলেই মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

السبت، 6 ديسمبر 2025

গোলাপগঞ্জে বন্ধন ক্লাবের কুইজ বৃত্তি পরীক্ষা–২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

গোলাপগঞ্জে বন্ধন ক্লাবের কুইজ বৃত্তি পরীক্ষা–২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন


গোলাপগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বন্ধন ক্লাব গোলাপগঞ্জ আয়োজিত কুইজ বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় গোলাপগঞ্জ সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমির মুক্তিযোদ্ধা ভবনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি এম.সি. একাডেমি'র শিক্ষক রাজীব কুর্মী এবং পরিচালনা করেন বন্ধন ক্লাবের সভাপতি এম. মাজহারুল ইসলাম হাসান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ সাব্বির আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন সহ-সভাপতি শাহরিয়ার আহমেদ এবং কুইজ প্রতিযোগিতা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক তাহের আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) মো. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, এম.সি. একাডেমি (প্রাথমিক শাখা'র) শিক্ষক শাহান আহমদ, দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান এবং তাফিয়া খাতুন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোনারা বেগম।

অনুষ্ঠানের এক মনোজ্ঞ পরিবেশনায় দেশাত্মবোধক নাশিদ পরিবেশন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী তাহমিদুর রহমান।

এ সময় ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম হাসান, সহ-সভাপতি মাহি আল জামি, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ সাব্বির আহমেদ, সহ-দপ্তর সম্পাদক রাফি আহমদ, অর্থ সম্পাদক আবু বক্কর, ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন, সদস্য মান্না আহমদ ও রুহিন আহমদ।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া। শিক্ষার্থী ও অভিভাবকরা বন্ধন ক্লাবের এ উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

السبت، 8 نوفمبر 2025

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৩য় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৩য় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন


গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ৩য় মেধাবৃত্তি পরীক্ষা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার, (৮ নভেম্বর) উপজেলার আল-এমদাদ উচ্চ বিদ্যালয়, চন্দরপুর কেন্দ্রে সকাল ১০টা থেকে দুই পর্বে বিকেল ৪টা পর্যন্ত চলে এই পরীক্ষা।

পরীক্ষায় গোলাপগঞ্জ উপজেলার ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির প্রায় ৪০০ জন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের উপস্থিতি, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মান দেখে শিক্ষক ও অভিভাবকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।


পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন—গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, সমাজসেবী ডা. আব্দুল মুতলিব, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন, এলবি গ্রীণ ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমান টিপু, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইকুল ইসলাম, শিরিন মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক শফিক উদ্দিন, আইসিটি শিক্ষক ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হামিদ, দক্ষিণভাগ এসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস, মেধাবৃত্তি পরীক্ষার সদস্য সচিব সালমান কাদের দিপু, ইউপি সদস্য সামসুল ইসলাম কয়েছ ও হেলাল উদ্দিন খান, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য আবু তাহের ফয়ছল, রেজা আহমেদ, কাওছার আহমদ, উজ্জ্বল আহমদ, রাফি আহমদ প্রমুখ।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে অতিথিরা বলেন, “শিরিন মেমোরিয়াল ট্রাস্টের এ আয়োজনে শিক্ষার্থীরা ব্যাপক অনুপ্রাণিত হয়েছে এবং গোলাপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে এ ট্রাস্ট।” অতিথিরা এ ট্রাস্টের চেয়ারম্যান গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে'র সাবেক সভাপতি ফজলুল হকের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে এরকম শিক্ষাবান্ধব কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, শিরিন মেমোরিয়াল ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকেই অসহায় মানুষদের সহযোগিতার পাশাপাশি শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষাখাতে ব্যাপক কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন ট্রাস্টের সদস্যরা।

الاثنين، 27 أكتوبر 2025

আছিরগঞ্জে তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্টের উদ্বোধন সম্পন্ন

আছিরগঞ্জে তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্টের উদ্বোধন সম্পন্ন



নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ বাজারে আইটি শিক্ষা ও আধুনিক প্রিন্টিং সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্ট-এর উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় আছিরগঞ্জ বাজারে এক বর্ণাঢ্য আয়োজনে এই প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে ইউপি সদস্য সালমান কাদের দিপুর সঞ্চালনায় ও আছিরগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হুদা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সিলেট ও চট্টগ্রাম বারের আইনজীবী মোঃ রফিকুল হাসান লোদী।

সূচিত অনুষ্ঠানে প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, জামেয়া আমকোনা মাদ্রাসার ছাত্র হাফিজ মুহি উদ্দিন সাফওয়ান। স্বাগত বক্তব্য রাখেন তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্টের উদ্যোক্তা মাছুম আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আছিরগঞ্জ গণপাঠাগারের সাধারণ সম্পাদক সালেহ আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডাঃ মোঃ আব্দুল গফুর, রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, আল-এমদাদ উচ্চ বিদ্যালয় চন্দরপুরের আইসিটি শিক্ষক আব্দুল হামিদ, পুবালী ব্যাংক পিএলসি আছিরগঞ্জ বাজার শাখার ম্যানেজার শহিদ আহমদ, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি আছিরগঞ্জ বাজার শাখার ম্যানেজার মোঃ মিজবাহ উদ্দিন ভূইয়া, কবি ও সাহিত্যিক এস এম সেবুল, জামিয়া আমকোনা মাদ্রাসার মুহতামিম হাফিজ নূর উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী খোরশেদ আলম, আছিরগঞ্জ বাজার সিটি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি নিয়াজ মাহবুব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগ প্রযুক্তির যুগ। তরুণ প্রজন্মকে আইটি শিক্ষায় দক্ষ করে তুলতে এমন উদ্যোগ প্রশংসার দাবী রাখে। তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্ট তথ্যপ্রযুক্তির আলো ছড়িয়ে গ্রামের তরুণদের কর্মমুখী শিক্ষা অর্জনের সুযোগ তৈরি করবে। এ প্রতিষ্ঠান শুধু কম্পিউটার শিক্ষা নয়, বরং প্রিন্টিং, ডিজাইনিং ও আধুনিক প্রযুক্তি সেবায় তরুণদের দক্ষ করে তুলবে।”

বক্তারা আরোও বলেন— ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তি শিক্ষা কেবল চাকরির সুযোগ তৈরীই নয়, বরং আত্মকর্মসংস্থানের পথও খুলে দেয়। তরুণ সমাজের মধ্যে এই শিক্ষা ছড়িয়ে দিতে তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্ট অগ্রণী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।


অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের উদ্যোক্তা মাছুম আহমদের পিতা মারুফ আহমদ-সহ সকল অতিথিবৃন্দ মিলে ফিতা কেটে তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্য ও দোয়া পরিচালনা করেন আছিরগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হুদা।


অনুষ্ঠান শেষে তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্টের উপহার হিসেবে ছাত্রদের হাতে  টি-শার্ট এবং ছাত্রীদের হাতে উন্নতমানের মগ তুলে দেয়া হয়।

الأربعاء، 15 أكتوبر 2025

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৩য় মেধাবৃত্তি পরীক্ষা ৮ নভেম্বর

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৩য় মেধাবৃত্তি পরীক্ষা ৮ নভেম্বর

ফাইল ছবি


গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জে প্রতি বছরের ন্যায় এবারও মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে শিক্ষা ও সমাজসেবী সংগঠন 'শিরিন মেমোরিয়াল ট্রাস্ট'। ট্রাস্টের ৩য় মেধাবৃত্তি এ পরীক্ষা আগামী ০৮ নভেম্বর ২০২৫ইং তারিখে উপজেলার চন্দরপুরে আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলাব্যাপী প্রায় ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে নিয়মিতভাবে এ মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট। গত দুই বছরের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবারের তৃতীয় পর্বকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আসন্ন পরীক্ষাকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে শুরু হয়েছে ফরম বিতরণ কার্যক্রম। বিদ্যালয়ভিত্তিক ফরম বিতরণ ও শিক্ষকবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আজ উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন মেধাবৃত্তি পরীক্ষার উপ-নিয়ন্ত্রক আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ এবং মেধাবৃত্তি পরীক্ষার সচিব সালমান কাদের দিপু।

পরিদর্শনকালে সকল বিদ্যালয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ মেধাবৃত্তি পরীক্ষার এই আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে এবং প্রতিযোগিতার মনোভাব জাগ্রত করবে।”

শিরিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হক ফজলু বলেন, প্রতিবারের মতো এবারও পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করাই ট্রাস্টের মূল লক্ষ্য বলেও জানান তিনি। 

তিনি আসন্ন পরীক্ষার সফলতার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।




الثلاثاء، 14 أكتوبر 2025

কাবাডিতে জেলা চ্যাম্পিয়ন আল-এমদাদ উচ্চ বিদ্যালয়, চন্দরপুর

কাবাডিতে জেলা চ্যাম্পিয়ন আল-এমদাদ উচ্চ বিদ্যালয়, চন্দরপুর



ক্রীড়া প্রতিবেদক: গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুরের আল-এমদাদ উচ্চ বিদ্যালয় কাবাডি খেলায় দেখিয়েছে দুর্দান্ত পারফরম্যান্স। উপজেলা পর্যায়ে বিজয়ের ধারাবাহিকতা ধরে রেখে এবার তারা জেলা পর্যায়েও ছিনিয়ে নিয়েছে চ্যাম্পিয়ন ট্রফি।

গত ২২শে সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে দক্ষিণভাগ এ.সি. বিদ্যালয়কে হারিয়ে আল-এমদাদ উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এরপর ১২ অক্টোবর অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনালে তারা মুখোমুখি হয় জাগরণ উচ্চ বিদ্যালয়ের। টানটান উত্তেজনাপূর্ণ সেই খেলায় আল-এমদাদ উচ্চ বিদ্যালয় ৬ পয়েন্টের ব্যবধানে জাগরণ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে এই অর্জনকে ঘিরে চলছে আনন্দের জোয়ার। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতে আরো বড় অর্জনের অনুপ্রেরণা যোগাবে।

আগামীকাল ১৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভাগীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতা, যেখানে জেলার প্রতিনিধি হিসেবে অংশ নেবে আল-এমদাদ উচ্চ বিদ্যালয় চন্দরপুর টিম। বিদ্যালয় কর্তৃপক্ষ দলের সফলতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
গোলাপগঞ্জে বিএমএসএফ’র নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জে বিএমএসএফ’র নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত




গোলাপগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোলাপগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির প্রথম সভা গত ১৩ অক্টোবর (সোমবার) রাত ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। জিবি টেলিভিশনের হল রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিএমএসএফ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ বদরুল আলম।

সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহ আলম। কোরআন তিলাওয়াত করেন বিএমএসএফ গোলাপগঞ্জের সহ-সভাপতি ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আহমদ।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাংগঠনিক সম্পাদক সাকেল উদ্দিন। বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সালমান কাদের দিপু, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, দপ্তর সম্পাদক তামিম আহমদ প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “আমরা সবসময় সাংবাদিকদের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবসেবার কাজে নিবেদিত থাকবো।”

সভায় উপস্থিত ছিলেন সহ-দপ্তর সম্পাদক ইমন আহমদ, সদস্য আফসার আহমদ, সদস্য তানিম আহমদ, সদস্য লিমন আহমদ প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে মোঃ বদরুল আলম নবগঠিত কমিটির কার্যক্রমকে গতিশীল করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “বিএমএসএফ গোলাপগঞ্জ সর্বদা সংগঠনের ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট থাকবে এবং কেন্দ্রীয় কমিটির নীতি ও দিকনির্দেশনা অনুযায়ী অগ্রসর হবে।”

সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা প্রশাসন ও গোলাপগঞ্জ মডেল থানার কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং নবগঠিত কমিটির পরিচিতি সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আহমেদ আবু জাফরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

الأحد، 12 أكتوبر 2025

গোলাপগঞ্জে বিএমএসএফের কমিটি গঠন: সভাপতি বদরুল, সম্পাদক আলম

গোলাপগঞ্জে বিএমএসএফের কমিটি গঠন: সভাপতি বদরুল, সম্পাদক আলম



গোলাপগঞ্জ প্রতিনিধি: সাংবাদিকদের প্রাণের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর গোলাপগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার (১০ অক্টোবর) উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভার মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক জৈন্তাবার্তার গোলাপগঞ্জ প্রতিনিধি মোঃ বদরুল আলম এবং সঞ্চালনা করেন দৈনিক তৃতীয়মাত্রার উপজেলা প্রতিনিধি শাহ আলম। এসময় নবগঠিত কমিটির সকল সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কমিটি অনুমোদনের জন্য বিএমএসএফ কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। ১৭ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন সভাপতি: মোঃ বদরুল আলম (দৈনিক গণমুক্তি ও দৈনিক জৈন্তাবার্তা প্রতিনিধি), সিনিয়র সহ-সভাপতি: আব্দুল মুমিত রনি (GB Television) সহ-সভাপতি: আব্দুল্লাহ আহমদ (দৈনিক যায়যায়দিন), সহ-সভাপতি  আব্দুল আজিজ বাবর (দৈনিক বাংলাদেশ সমাচার), সাধারণ সম্পাদক: শাহ আলম (দৈনিক তৃতীয়মাত্রা), যুগ্ম সম্পাদক: সালমান কাদের দিপু (কুশিয়ারা নিউজ), সহ-সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন (দৈনিক সিলেটের সংবাদ), সহ-সাধারণ সম্পাদক  সৈয়দ রাসেল (দৈনিক ইনকিলাব),অর্থ সম্পাদক এম. ফাহিম আহমদ (এন টিভি), সাংগঠনিক সম্পাদক: সাকেল উদ্দিন (দৈনিক বিজয়ের কণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক: আব্দুল্লাহ আল মাসুদ (দৈনিক জনতার খবর ও দৈনিক সিলেট সমাচার ) তথ্য ও গবেষণা সম্পাদক: হাবিবুর রহমান (দৈনিক সোনালী কণ্ঠ), দপ্তর সম্পাদক: মোঃ তামিম আহমদ (জিবি বার্তা),সহ-দপ্তর সম্পাদক: ইমন আহমদ (হলি সিলেট), সদস্যরা হলেন আফছার আহমদ (জিবি টেলিভিশন), 
তানিম আহমদ (জিবি বার্তা ডটকম), লিমন আহমদ (দৈনিক লিখনী)।

সভায় বক্তারা বলেন, বিএমএসএফ বরাবরই মফস্বল সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে। নতুন এই কমিটি গোলাপগঞ্জের সাংবাদিক সমাজের পেশাগত উন্নয়ন ও ঐক্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

الثلاثاء، 30 سبتمبر 2025

গোলাপগঞ্জে সাংবাদিক আব্দুল আহাদের উপর হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

গোলাপগঞ্জে সাংবাদিক আব্দুল আহাদের উপর হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুল আহাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাদ আসর পৌর শহরের চৌমুহনী নূর ম্যানশনের সামনে গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির উদ্যোগে ও গোলাপগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতি ও অনলাইন প্রেসক্লাবের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি বিলাল আহমদের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন-গোলাপগগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল জলিল, সাবেক সভাপতি শহিদুর রহমান সুহেদ, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা ইকবাল হোসেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপকমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম লিলু, অটোরিকশা শাখার সহসভাপতি আবুল লেইস, গোলাপগঞ্জ ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আইন উদ্দিন, হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি মামুনুর রশীদ, সমাজসেবী আব্দুল হামিদ আনা, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কামাল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ কাদির, ব্যবসায়ী রাহেল আহমদ চৌধুরী, ব্যবসায়ী রাজা মিয়া প্রমুখ।


এসময় বক্তারা বলেন,'সাংবাদিক আব্দুল আহাদ সমাজের সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব। তার উপর পরিকল্পিতভাবে পুলিশ পরিচয়ে 'মব' সৃষ্টি করে সন্ত্রাসী কায়দায় প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা  চালানো হয়। হামলার সাথে জড়িত সেলিম হাসান কাওছারসহ জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।'

বক্তারা বলেন, সাংবাদিক আব্দুল আহাদের ওপর হামলাকারীদের যদি পুলিশ দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা না হয় তাহলে বৃহৎ পরিসরে কর্মসূচির ডাক দেওয়া হবে।'

মানববন্ধনে গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী, সাংবাদিকসহ সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন।
গোলাপগঞ্জে সাংবাদিক আব্দুল আহাদ এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জে সাংবাদিক আব্দুল আহাদ এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত



সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিক আব্দুল আহাদ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোলাপগঞ্জ সদর ইউনিয়নবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় চৌঘরি বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় যৌথভাবে পরিচালনা করেন সুলতানা মাহমুদ ও শিপু আহমেদ। সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান আহমদ মজনু এবং কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহতাব উদ্দিন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মফিজুর রহমান স্বপন, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এম. আব্দুল জলিল, সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি দেলওয়ার হোসাইন মাহমুদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদ, মওদুদ চৌধুরী সুমন, শাকিল আহমদ চৌধুরী, কাশেম ছামী, সাহেদ আহমদ, আব্দুল মান্নান, মামুনুর রশীদ, আব্দুর রাজ্জাক প্রমুখ।

বক্তারা সাংবাদিক আব্দুল আহাদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। তারা হামলাকারী কাওসারকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

প্রতিবাদ সভায় আরোও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকরা—গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. বদরুল আলম, শাহ আলম, জেলয়ার হোসেন স্বপন, আব্দুল্লাহ আল মাসুদ, ইমন আহমদ, সৈয়দ রাসেল আহমদ, শামিল হোসেন, হুমায়ুন কবির তামিম, ডিএইচ মান্না, কে এম আব্দুল্লাহ, রিমন আহমদ, ফাহিম আহমদ, সাকেল উদ্দিন, অলিউর রহমান তামিমসহ আরও অনেকে।

সভায় ঘোষণা দেওয়া হয়, আগামী মঙ্গলবার গোলাপগঞ্জ চৌমুহনীতে সাংবাদিক আব্দুল আহাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এ মানববন্ধনে গোলাপগঞ্জের সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

শেষে সমাপনী বক্তব্যে সুলতান আহমদ মজনু এলাকাবাসীর পক্ষ থেকে সন্ত্রাসী কাওসারকে অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানান। সভা শেষে উপস্থিত এলাকাবাসী হামলাকারীর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।

الاثنين، 29 سبتمبر 2025

সাংবাদিক আব্দুল আহাদের ওপর হামলার ঘটনায় গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিক ও বণিক সমিতির নিন্দা

সাংবাদিক আব্দুল আহাদের ওপর হামলার ঘটনায় গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিক ও বণিক সমিতির নিন্দা


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল আহাদের ওপর সন্ত্রাসী  হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ ও গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ।

গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) গোলাপগঞ্জ বাজার বণিক সমিতি, গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সংগঠন গোলাপগঞ্জ প্রেসক্লাব, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি ও গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৮টায়  বণিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, গত ২৭ সেপ্টেম্বর (শনিবার) গোলাপগঞ্জ থানা-সহ সিলেটের বিভিন্ন থানার মামলার আসামি ও কথিত সাংবাদিক সেলিম হাসান কাওছার কিছু অজ্ঞাত ব্যক্তিকে সাথে নিয়ে পুলিশ  পরিচয়ে মব সৃষ্টি করে গোলাপগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও ব্যবসায়ী নেতা  সর্বজন  সমাদৃত আব্দুল আহাদের ওপর হামলা ও তাকে হেনস্তা করে। এছাড়া পরিকল্পিতভাবে ঘটনার ভিডিও ধারন করে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিক সমাজ ও ব্যবসায়ী সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

বক্তারা বলেন, একজন  প্রবীণ সাংবাদিকের ওপর এ ধরনের আচরণ দেশের সাংবাদিক সমাজ ও গণমাধ্যমের ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল। আমরা এ ঘটনার ইন্ধনদাতাসহ জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 


সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদ, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান চৌধুরী, সহ-সাধারন সম্পাদক ছালেক উদ্দিন, সদস্য সেলিম আহমদ, মাছুম আহমদ, শহীদুর রহমান সুহেদ, কাওছার আহমদ, সোহেল আহমদ, নাজিম আহমদ, নাছির উদ্দিন, শাকিল আহমদ। 

কর্মরত  সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এম আব্দুল জলিল, মাহফুজ আহমদ চৌধুরী, সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, ইমরান আহমদ, মোহাম্মদ বদরুল আলম, জাহিদ উদ্দিন, সৈয়দ রাসেল, সাইদুর রহমান, সাকেল উদ্দিন, আব্দুল্লাহ আল মাসুদ, ইমন আহমদ, তামিম আহমদ, ফাহাদ হোসাইন, মোঃ শাহ আলম, ফাহিম আহমদ, তামিম আহমদ,দেলওয়ার হোসেন মান্না,আব্দুল আজিজ বাবর, সামিল হোসেন, দেলওয়ার হোসেন মাহমুদ, কে এম আব্দুল্লাহ, সালমান কাদির দিপু প্রমুখ।