Saturday, 31 October 2026

গোলাপগঞ্জে রাস্তার দুরবস্থা নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা


গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে সড়কের বেহাল দশা ও জনদুর্ভোগ নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে সাক্ষাৎকার দেওয়ার পর জাকির হোসাইন নামে এক ব্যবসায়ীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত ওই ব্যবসায়ীর মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কুড়া নদীর সংযোগ সড়কসংলগ্ন উত্তর আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুড়া নদীর ওপর সেতু নির্মাণ করা হলেও এখনো সংযোগ সড়ক তৈরি হয়নি। পাশাপাশি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। এতে কয়েকটি গ্রামের হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

শনিবার সকালে এসব দুর্ভোগের চিত্র তুলে ধরতে আরটিভির একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী জাকির হোসাইন সড়কের দুরবস্থা নিয়ে সাক্ষাৎকার দেন। অভিযোগ রয়েছে, সাক্ষাৎকার দেওয়ার পরপরই কয়েকজন ব্যক্তি দা ও লাঠিসোঁটা নিয়ে এসে তাকে গালিগালাজ করে হামলা চালায়।

স্থানীয় শিক্ষক লুৎফুর রহমান হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করলেও তারা কর্ণপাত করেননি। একপর্যায়ে হামলাকারীদের একজন ধারালো দা দিয়ে জাকিরের মাথার সামনের অংশে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। এরপরও হামলাকারীরা তাকে লাঠিসোঁটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

পরে স্থানীয় শিক্ষক লুৎফুর রহমানসহ অন্যরা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়।

এ ঘটনায় জাকির হোসাইন গোলাপগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।