Friday, 30 October 2026

গোলাপগঞ্জে তরুণ সমাজকর্মী শুক্কুর আহমদ মামুনের ইন্তেকাল



নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ: গোলাপগঞ্জের কালিডহর গ্রামের উদীয়মান তরুণ সমাজকর্মী ও রাজনৈতিক সংগঠক শুক্কুর আহমদ মামুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ২৮বছর। তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

​শুক্কুর আহমদ মামুন তার জীবদ্দশায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে তার স্বতঃস্ফূর্ত সম্পৃক্ততা তাকে সর্বমহলে পরিচিত করে তুলেছিল।

​তার এই অকাল প্রয়াণে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

​শোক প্রকাশকারী নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার মতো ধৈর্য ও শক্তি দানের জন্য দোয়া করেন।