Thursday, 29 October 2026

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ওসির মতবিনিময়

 

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাতে ওসির আমন্ত্রণে থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ওসি ছবেদ আলী বলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন নির্বাচন স্থানীয় সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। তিনি মনে করেন, এ নির্বাচন গোলাপগঞ্জের সাংবাদিকতার ইতিহাসে একটি বিরল ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

ওসি আরও বলেন, গোলাপগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার অপরাধ, মাদক, সামাজিক সমস্যা কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয় সাংবাদিকদের নজরে এলে তা পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপরও জোর দেন ওসি।

সভায় নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানানোর জন্য ওসি ছবেদ আলীকে ধন্যবাদ জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তারা বলেন, সাংবাদিক ও প্রশাসনের মধ্যে তথ্য আদান-প্রদানের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের নজরে আনা সহজ হয়। গোলাপগঞ্জের মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সবাই।

সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খান, সহ-সভাপতি মো. বদরুল আলম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবর, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, দপ্তর সম্পাদক অলিউর রহমান তামিম, প্রকাশনা বিষয়ক সম্পাদক সাকেল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামিল হোসেন এবং কার্যনির্বাহী সদস্য বাবর জোয়ারদার, মাহদি রহমান, আব্দুল জলিল ও গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন মিত্র।