Monday, 28 June 2021

৭ জুলাইয়ের পর ‘কঠোর লকডাউনের’ মেয়াদ বাড়ানোর ইঙ্গিত

৭ জুলাইয়ের পর ‘কঠোর লকডাউনের’ মেয়াদ বাড়ানোর ইঙ্গিত


করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১ থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধের মেয়াদ শেষ হওয়ার পর তা আবার বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দাকার আনোয়ারুল ইসলাম।

সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আমাদের যেটা এক্সপিরেয়েন্স সেটা হলো- চাপাইনবাবগঞ্জ স্ট্রিক্টলি ব্লক করে দেওয়ায় সংক্রমণ অনেক কমে গেছে। সাতক্ষীরায় ইমপ্রুভ করেছে। যেখানে যেখানে আমরা মুভমেন্ট রেসস্ট্রিক্ট করে দিয়েছি সেখানে ইমপ্রুভ করেছ। সরকার যদি মনে করে আরও সাতদিন যেতে হবে, সেটাও বিবেচনায় আছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জরুরি প্রয়োজন ছাড়া আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত ঘরের বাইরে বের হওয়া নিষেধ।   

তিনি বলেন, এই সময়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। বিধিনিষেধ চলাকালে এবার কোনো মুভমেন্ট পাস থাকবে না।

‘জরুরি সেবা ছাড়া কেউ ঘর বের হতে পারবে না। জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস-আদালত সব বন্ধ থাকবে।’

খন্দাকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, লকডাউন, শাটডাউন এসব কিছু না, কড়া বিধিনিষেধ পালন করা হবে। আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। বিধি-নিষেধ বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি।

তিনি বলেন, আমরা সারাদেশের স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেছি। আমরা ভিডিও প্রেজেন্টেশনে দেখছি দেশের একটা বড় অংশ রেড, অরেঞ্জ হয়ে যাচ্ছে। কিছু বাস্তব কারণে ৩০ জুন পর্যন্ত করতে পারছি না। তবে ১ জুলাই থেকে ৭ জুলাই স্ট্রিক বিধিনিষেধ আরোপ হবে।

এই সাতদিন সাধারণ ছুটি কি না- প্রশ্নের জবাবে তিনি বলেন, ছুটি থাকবে কেন? নিষেধাজ্ঞা। লকডাউন আর নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য আছে। সব বন্ধ করে দিতে পারবেন না। জরুরি সেবা চালু থাকবে।

পোশাক শিল্প বা রপ্তানিমুখী শিল্প কারখানা বন্ধ থাকবে কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে আবার বসা হবে, হয় তো কালকেই (মঙ্গলবার) বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

বিধিনিষেধ বাস্তবায়ন কৌশল সম্পর্কে তিনি আরও বলেন, এরইমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। আগামীকাল বা পরশুদিন আবার বসব। সেখানে বিস্তারিত আলাপ হবে।

প্রসঙ্গত করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে তিন দিনের লকডাউনের প্রথম দিন আজ। চলবে আগামী ১ জুলাই পর্যন্ত। এ সময়ের মধ্যে সব ধরনের গণপরিবহণ বন্ধ থাকবে। দোকানপাট ও শপিংমলও বন্ধ থাকবে।

‘টিকার বড় চালান আসছে, এবার গ্রামের মানুষকে অগ্রাধিকার’

‘টিকার বড় চালান আসছে, এবার গ্রামের মানুষকে অগ্রাধিকার’



স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল বাশার মেহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন দেশে আগামী সপ্তাহে করোনার টিকার বড় চালান আসছে। 

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন অডিটোরিয়ামে একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

ডিজি বলেন, আমাদের টিকা দেওয়ার সক্ষমতা আছে।  ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে আসব।  যার ফলে টিকার মাধ্যমে দেশের বড় জনগোষ্ঠীকে সুরক্ষিত করতে পারব। 

তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় গ্রাম পর্যায় পর্যন্ত মানুষকে টিকার আওতায় আনতে চাই। পাশাপাশি যে শ্রমিকরা বিদেশে যাবেন তাদের টিকায় অগ্রাধিকার দেওয়া হবে।  প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের ভ্যাকসিন দিতে। 

মহাপরিচালক আরও বলেন, এখন পর্যন্ত করোনায় যত মানুষ এদেশে মারা গেছেন, তার তিন গুণ মানুষ প্রতিবছর মারা যায় যক্ষায়।  এছাড়া যক্ষা রোগীদের এক শতাংশ এইচআইভিতে আক্রান্ত হয়।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী ভ্যাকসিন নিয়ে রাজনীতি চলছে, আমরাও সেই রাজনীতির শিকার,তবে টিকা আনার ক্ষেত্রে সরকারের উদ্যোগ প্রশংসনীয়।

এ সময় সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

হেফাজতকে নিষিদ্ধ করার দাবি সংসদে

হেফাজতকে নিষিদ্ধ করার দাবি সংসদে


স্বাধীনতাবিরোধী জঙ্গি সংগঠন হিসেবে হেফাজতে ইসলামকে আখ্যায়িত করে তাদের নিষিদ্ধ করার দাবি উঠেছে সংসদে।  

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই দাবি করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিএনপি, জামায়াত, হেফাজত দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল সরকার পতন।  স্বাধীনতা দিবস ওরা সহ্য করতে পারে না, ওদের বুকে ব্যথা লাগে।  কথা নাই, বার্তা নাই বায়তুল মোকাররমে জমা হয়ে তাণ্ডব চালায়। সেখানে মুসল্লিরা নামাজ পড়তে পারেন না।  বায়তুল মোকাররমে এ ধরনের সমাবেশ নিষিদ্ধ করা উচিত।

হেফাজতের রাজনীতির সমালোচনা করে শেখ সেলিম বলেন, তারা বায়তুল মোকাররমকে প্লাটফর্ম বানিয়েছে।  কোরআন শরিফ পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে।  এই হেফাজতে ইসলাম এরা ছিল স্বাধীনতাবিরোধী নেজামে ইসলামী। মানুষ মেরে এরা ইসলামকে হেফাজত করবে কীভাবে? এটা জঙ্গি সংগঠন, এ সংগঠনকে নিষিদ্ধ করা হোক। যেভাবে জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হয়েছে সেভাবে।

তিনি বলেন, পাকিস্তান আমলে অধিকার আদায়ের কথা বলেই ধর্মের নামে সাম্প্রদায়িক উসকানি দিয়ে শাসন করা হয়।  স্বাধীনতার পর বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের রাজনীতি করা, সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন।  পরে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তি আন্তর্জাতিক চক্রের সঙ্গে হাত মিলিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে।

ঢাকাদক্ষিণ সরকারি কলেজের অ্যাসাইনমেন্ট জমা স্থগিত

ঢাকাদক্ষিণ সরকারি কলেজের অ্যাসাইনমেন্ট জমা স্থগিত



ঢাকাদক্ষিণ সরকারি কলেজের অ্যাসাইনমেন্ট জমা প্রদান স্থগিত ঘোষণা করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, লকডাউনের ফলে শিক্ষক-শিক্ষার্থীরা যাতায়াত করে কলেজে আসতে পারবেন না তাই জরুরী ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে লকডাউন চলমান সময়ের যেসব অ্যাসাইনমেন্ট রয়েছে সেগুলো শিক্ষার্থীরা সংগ্রহ করে তা লকডাউন পরবর্তী আগামী ১২/০৭/২০২১ইং তারিখে একসাথে জমা প্রদান করতে পারবেন বলেও জানান তিনি।

এব্যাপারে সোমবার (২৮ জুলাই) এক জরুরী বিজ্ঞপ্তিও দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্র কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (http://www.dshe.gov.bd) থেকে ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে লকডাউন পরবর্তী ১২/০৭/২০২১ তারিখে সকাল ১১টা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত স্ব স্ব শিক্ষকের নিকট অ্যাসাইনমেন্ট জমা প্রদানের নির্দেশ দেয়া হলো। 

উল্লেখ্য, ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্টও আগামী ১২/০৭/২০২১ তারিখে একসাথে জমা করা যাবে।



আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার লাভ

আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার লাভ


বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪" এ ভূষিত হয়েছে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরনের পথিকৃৎ আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭জুন রবিবার  তারিখে ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে গণভবন থেকে ভার্চুয়ালি পুরস্কারটি প্রদান করেন। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস ও প্রানীসম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি, কৃষি মন্ত্রনালয় ও চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট। 

আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক  আলীমুল এহছান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী ।

তেতলী ইউনিয়ন ফোরামের সুন্নাতে খতনা সম্পন্ন

তেতলী ইউনিয়ন ফোরামের সুন্নাতে খতনা সম্পন্ন



দক্ষিণ সুরমার ৩নং তেতলী ইউনিয়ন ফোরামের উদ্যোগে ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ডের ৫০জন অসহায়, গরীব বাচ্চাদের ফ্রি সুন্নাতে খতনা সম্পন্ন করা হয়েছে। 

এ উপলক্ষে ২৬ জুন শনিবার দুপুরে বলদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

৩নং তেতলী ইউনিয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবুল হাসনাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসসিসিআইয়ের সাবেক সহ সভাপতি শাহ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি দক্ষিণ সুরমা শাখার সেক্রেটারী আক্তার হোসেন, জান্নাতুল ফেরদৌস জামে মসজিদের মোতাওয়াল্লী মনির মিয়া শিশু, বিশিষ্ট মুরব্বী আজাদ মিয়া, আনাম মিয়া, সমাজসেবী লিপন আহমদ, দক্ষিণ সুরমা ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম আনহার, শ্রমিকনেতা নুরুল হুদা তারেক।

উপস্থিত ছিলেন, ফোরামের সহ সভাপতি আব্দুল লতিফ,  সোহরাব আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Sunday, 27 June 2021

কাল থেকে গণপরিবহন বন্ধ, চলবে রিকশা-পণ্যবাহী যান

কাল থেকে গণপরিবহন বন্ধ, চলবে রিকশা-পণ্যবাহী যান


আগামীকাল সোমবার থেকে সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।

রোববার (২৭ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে আগামী তিন দিনের জন্য বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এ সংক্রান্ত বিধিনিষেধ আরোপ থাকবে। এ সময়ে পণ্যবাহী যান ও রিকশা ছাড়া গণপরিবহন বন্ধ থাকবে। সীমিত পরিসরে খোলা থাকবে সরকারি-বেসরকারি অফিস। বন্ধ থাকবে শপিংমল, মার্কেট, বিনোদন কেন্দ্র। হোটেল-রেস্তোরাঁ খোলা থাকলেও বসে খাওয়া যাবে না।

আরও বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন পাঁচটি শর্ত সংযুক্ত করে ২৮ জুন সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হলো।

১. সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।

২. সব শপিংমল, মার্কেট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

৩. খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র অনলাইন/টেকওয়ে) করতে পারবে।

৪. সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেয়া করতে হবে।

৫. জনসাধারণকে মাস্ক পড়ার জন্য আরও প্রচার প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দেশে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ হার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এই প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার সারাদেশে ১৪ দিনের পূর্ণ শাটডাউন দেয়ার সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এর পরিপ্রেক্ষিতে সারাদেশে নতুন করে বিধিনিষেধ দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। যদিও এর আগে থেকে বিধিনিষেধ জারি ছিল, যেটির মেয়াদ রয়েছে আগামী ১৫ জুলাই পর্যন্ত।

এরমধ্যে অবনতিশীল করোনা পরিস্থিতিতে সীমান্তের জেলাগুলোতে লকডাউন দেয়া হচ্ছিল। সর্বশেষ গত ২২ জুন থেকে ঢাকার আশেপাশের মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ-এই সাত জেলায় কঠোর লকডাউন (বিধিনিষেধ) দেয়া হয়। বন্ধ করে দেয়া হয় ঢাকার সঙ্গে বাস, লঞ্চ ও রেল যোগাযোগ।