Thursday, 28 October 2021

অবশেষে জামিন পেলেন শাহরুখপুত্র

অবশেষে জামিন পেলেন শাহরুখপুত্র



অবশেষে মাদক মামলায় জামিন পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান।

গত মঙ্গলবার (২৬ অক্টোবর) বম্বে হাই কোর্টে আরিয়ানের মামলার শুনানি শুরু হয়। পরে তা মুলতবি ঘোষণা করেন বিচারক। বুধবার (২৭ অক্টোবর) বিচারপতি নীতিন সাম্বরের এজলাসে ফের জামিনের আবেদনের শুনানি কার্যক্রম শুরু হলে এদিনও মামলার রায় দেননি বিচারক। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে আবারো এই শুনানি অনুষ্ঠিত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এনসিবির পক্ষে আইনজীবী অনিল সিং আদালতকে জানান, আরিয়ান খান গত কয়েক বছর ধরে নিয়মিত মাদক সেবন করছেন। সেখানে বিপুল পরিমাণ মাদকের লেনদেন নিয়ে কথা হয়েছে, যা কমার্শিয়্যাল কোয়ান্টিটির। পাশাপাশি মাদক চক্রীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে তার।

আরিয়ান খানের হয়ে আদালতে লড়েছেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রাহাতগি। এর আগে আরিয়ানের আইনজীবী আদালতে যুক্তি দেখান, গ্রেপ্তারি পরোয়ানাতে সঠিক এবং উপযুক্ত তথ্য থাকা জরুরি, কেন গ্রেপ্তার করা হচ্ছে সেটা স্পষ্ট করতে হবে।

তিনি দাবি করেন, আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানাতে বেশ কিছু জিনিসের উল্লেখ রয়েছে, যা তার কাছ থেকে উদ্ধার করা হয়নি।

প্রসঙ্গত, মুম্বাইয়ের একটি প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-এর কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন আরিয়ান। তাকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানায় লেখা রয়েছে- ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা পাওয়া গেছে। গত ৭ অক্টোবর থেকে কারাবন্দি শাহরুখপুত্র।

Wednesday, 27 October 2021

ফেসবুক-ইউটিউব নিয়ন্ত্রণ করতে পারবে সরকার

ফেসবুক-ইউটিউব নিয়ন্ত্রণ করতে পারবে সরকার


প্রচারের একটি বড় মাধ্যমে পরিণত হয়েছে ফেসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম।

এসব মাধ্যমে ব্যবহার করে যখন যার যা খুশি, তাই সম্প্রচার করা হচ্ছে। কিন্তু এখন থেকে তা আর করতে পারবে না। সরকারের দৃষ্টিতে গুজব ও ক্ষতিকর সম্প্রচারের বিষয়গুলো চাইলেই বন্ধ করে দিতে পারবে কর্তৃপক্ষ। ফেসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ার ইঙ্গিত দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেছেন, যখনই প্রয়োজন হবে আমরা তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ ও ভিডিও বন্ধ করতে সক্ষম হব।

বুধবার (২৭ অক্টোবর)সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

মোস্তাফা জব্বার বলেন, সম্প্রতি কুমিল্লার ঘটনায় ৩০০ লিংকে আমরা রিপোর্ট করেছি। এবার আমরা ৩৬৪টি লিংক বন্ধ করেছি। ২০১৮ সাল থেকে শুরু করে আমি এখন পর্যন্ত ফেসবুকের সঙ্গে আলাপ-আলোচনা করছি। বাংলাদেশে তাদের বিশাল বাজার। আশা করছি, বাংলাদেশের পরিস্থিতি ফেসবুক-ইউটিউব বুঝতে শুরু করেছে।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, বাংলাদেশের পক্ষ থেকে যেভাবে চাপ দেওয়া দরকার সেই চাপ অব্যাহত আছে। তার পরিপ্রেক্ষিতে তারা ভ্যাট দেয়।

তিনি বলেন, আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমরা কুমিল্লার বিষয়ে ফেসবুককে খুব কড়া ভাষায় অবহিত করেছি।

তিনি বলেন, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা সমাধান নয়। ওষুধ দিয়ে সমস্যা সমাধান করতে হবে। এক সময় গুজব রটানো কঠিন হয়ে যাবে।

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সংলাপে আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহেনুর মিয়া।
এক হাজার টনের ফেরি উদ্ধারে ৬০ টন সক্ষমতার হামজা

এক হাজার টনের ফেরি উদ্ধারে ৬০ টন সক্ষমতার হামজা


মানিকগঞ্জের পাটুরিয়ায় ১৪টি ট্রাক ও ১৫টি মোটরসাইকেল নিয়ে ডুবে গেছে এক হাজার টন ওজনের রো রো ফেরি আমানত শাহ। ফেরিটি উদ্ধারে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার তৎপরতায় নেমেছে। তবে হামজার উদ্ধার ক্ষমতা রয়েছে ৬০ টন। ফেরি আমানত শাহর যে ওজন তাতে হামজা কোনো কূলকিনারা পাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এদিকে আরেকটি উদ্ধারকারী জাহাজ রয়েছে প্রত্যয়- যার উদ্ধারের সক্ষমতা ২৫০ টন। 

বুধবার সকালে দৌলতদিয়া থেকে আসার পর পাটুরিয়া ৫নং ঘাটের কাছে ফেরিটি ডুবে যায়। তবে এতে কোনো যাত্রী বা পরিবহণ শ্রমিক নিখোঁজের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা পর্যন্ত ডুবে যাওয়া ১০টি ট্রাক ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা অঞ্চলের উপ-পরিচালক দিনমনি শর্মা জানান, ফায়ার সার্ভিসের সাতটি টিম কাজ করছে। এছাড়া কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে অংশ নিয়েছেন। 

ডুবে যাওয়া রো রো ফেরি আমানত শাহ ফেরিটি ৪২ বছরের পুরনো। ডুবে যাওয়া ফেরি আমানত শাহ ১৯৭৯ সালে আরিচা ফেরি সেক্টরে যোগ হয়। ফেরির মাস্টার শরিফুল ইসলাম লিটন জানান, ৪ মাস আগে ফেরিটি নারায়ণগঞ্জ থেকে ভারি মেরামত শেষে পাটুরিয়া সার্ভিসে আসে। তবে সম্প্রতি ফেরিটির তলদেশে একটি ফুটো হয়। সেটি মেরামত করার কথা ছিল। সেই ফুটো দিয়েই ফেরির ভেতরে পানি প্রবেশ করে বলে দাবি ট্রাক চালকদের। 

প্রত্যক্ষদর্শী ফেরির যাত্রী আবদুর রাজ্জাক জানান, ডুবে যাওয়া ফেরি আমানত শাহ-এ পানি উঠতে শুরু করে মাঝ নদী থেকেই। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ফেরিটি যখন মাঝ নদীতে পৌঁছায়, তখনই সামনের দিকে ডান পাশে থাকা একটি ছিদ্র দিয়ে পানি উঠতে শুরু করে। মুহূর্তের মধ্যে ফেরির ভেতর পানি জমে যায়। এ সময় পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানসহ ১৭টি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল ছিল ফেরিতে।

তিনি বলেন, ফেরিতে পানি উঠতে দেখে স্টাফসহ যানবাহনের চালক ও যাত্রীরা চিৎকার শুরু করেন। তখন ফেরির মাস্টার ইঞ্জিনের গতি বাড়িয়ে দেন। অল্প সময়ের মধ্যে ফেরিটি পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে পৌঁছায়। পন্টুনের সঙ্গে রশি না বাঁধতেই ফেরির ডালা নামিয়ে দেওয়া হয়। এ সময় দুটি ট্রাক ফেরি থেকে নেমে যায়। আরেকটি ট্রাক অর্ধেকটা নামার পরইপরই ফেরি কাত হয়ে যায়। এ সময় ট্রাকটি পন্টুন থেকে নদীতে পড়ে যায়।

আরেক ট্রাকচালক আমির হোসেন জানান, তিনি সারা রাত গাড়ি চালিয়ে ক্লান্ত ছিলেন। গাড়ি ফেরিতে তোলার পরই তিনি ঘুমিয়ে পড়েন। তার গাড়ি যখন পদ্মায় ডুবে যায় তখনই আচমকা জেগে উঠেন তিনি। পরে নদীতে থাকা একটি ট্রলারের সহায়তায় তীরে ওঠেন।
গায়িকা সালমা এখন ব্যারিস্টারের বউ

গায়িকা সালমা এখন ব্যারিস্টারের বউ



ক্লোজআপ ওয়ান বিজয়ী গায়িকা সালমা এখন ব্যারিস্টারের বউ। স্বামী সানাউল্লাহ নূরে সাগর লন্ডনের লিংকনস-ইনে ব্যারিস্টারি সম্পন্ন করেছেন। 

আনন্দের এই সংবাদটি ফেসবুকে তার বক্তদের সঙ্গেও শেয়ার করেছেন এই গায়িকা। ফেসবুক পোস্টে সাগরকে ব্যারিস্টার সম্বোধন করে তিনি লিখেছেন, ‘আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব’।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সাগরকে বিয়ে করেছিলেন সালমা। কিন্তু সাগর সে সময় জজ কোর্টের আইনজীবী ছিলেন। পাশাপাশি লন্ডনে ব্যারিস্টারি পড়ছিলেন। 

স্বামীকে নিয়ে সালমা আরও লিখেন, ‘এটা আমার জন্য পরম পাওয়া। স্বামীর এই অর্জনে আমি গর্বিত এবং আনন্দিত! ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর মানুষ হিসেবেও অত্যন্ত নম্র, ভদ্র এবং মার্জিত! আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব।’

২০০৬ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার দ্বিতীয় সিরিজে বিজয়ী হন সালমা। তিনি নিজেও এখন আইনের ছাত্রী। সময় দিচ্ছেন শ্বশুরবাড়ি ময়মনসিংহ হালুয়াঘাটের মানুষদের। মেয়ের নামে প্রতিষ্ঠা করেছেন সাফিয়া ফাউন্ডেশন।
পাটুরিয়ায় যানবাহনসহ ফেরি ডুবার

পাটুরিয়ায় যানবাহনসহ ফেরি ডুবার



মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে রো রো আমানত শাহ নামের একটি ফেরি ডুবে গেছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে কি কারণে ফেরিটি ডুবে যায়, তা জানা যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়।

জানা যায়, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
টি-টোয়েন্টিতে সেরা সাকিব

টি-টোয়েন্টিতে সেরা সাকিব


চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট ও বলে সমান দাপট দেখাচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এর পুরস্কার হিসেবে আফগানিস্তানের মোহাম্মদ নবিকে সরিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আবার শীর্ষে উঠে এসেছেন টাইগার অলরাউন্ডার।

বুধবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাকিবের শীর্ষস্থান পুনরুদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এদিকে, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। কোমরের চোটে বিশ্বকাপ শেষ সাইফ উদ্দিনের। তার জায়গায় মূল স্কোয়াডে সুযোগ হয়েছে রুবেল হোসেনের। তবে একাদশে জায়গা পেয়েছেন যুব বিশ্বকাপ জয়ী পেসার শরিফুল ইসলাম।

এই ম্যাচের নামার আগে ২০১১ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংলিশদের হারানোর সুখস্মৃতি সামনে আসছে টাইগারদের। অন্যদিকে প্রথমবারের মতো দল দুটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে।

বাংলাদেশে থেকে ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।

বাংলাদেশ একাদশ

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ও নাসুম আহমেদ।
ডিসেম্বরেই ভিকিকে বিয়ে করছেন ক্যাটরিনা!

ডিসেম্বরেই ভিকিকে বিয়ে করছেন ক্যাটরিনা!


বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের প্রেমের গুঞ্জন বলিউডে বহুল চর্চিত বিষয়। শোনা যাচ্ছে দীর্ঘ প্রেমের পর বিয়ে করতে যাচ্ছেন তারা। ডিসেম্বরেই নাকি রাজস্থানে হবে তাদের বিয়ের অনুষ্ঠান! 

বলিউড বাবলের খবরে বলা হয়েছে— ১৮ আগস্ট ক্যাট ও ভিকির বাগদান হয়ে গেছে বলে তাদের নিকটজনরা দাবি করেছেন।  কিন্তু ভিকি এসব তথ্যকে উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন শিগগিরই বিয়ে করবেন তিনি। ভিকি কাকে বিয়ে করবেন সেটি উল্লেখ না করায় ভিকি-ক্যাটের ভক্তরা ধরে নিয়েছেন এ দুজন গাঁটছড়া বাঁধতে চলেছেন। 

এদিকে বিশেষ প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, গেল ১৮ আগস্ট গোপনে ভিকির সঙ্গে রোকা অনুষ্ঠান সেরেছেন ক্যাটরিনা। এবার ভারতের অন্যতম এ শীর্ষ সংবাদমাধ্যম জানাল, সম্পর্কের পরবর্তী ধাপে যাচ্ছেন ভিকি-ক্যাটরিনা। শিগগিরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন!

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে— বিয়ের প্রস্তুতিও নেওয়া শুরু করেছেন ক্যাট-ভিকি। তাদের বিয়ের পোশাক ডিজাইন করছেন সব্যসাচী। তারা এখন কাপড় নির্বাচন করছেন। ক্যাটরিনার পছন্দ সিল্কের কাপড়, যা দিয়ে লেহেঙ্গা বানানো হবে। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিয়ে হবে।

তবে বুধবার বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফ বিশেষ প্রতিবেদন প্রকাশ করে দাবি করেছে, ক্যাটরিনা কাইফের ডিসেম্বরের বিয়ের খবরটি সত্য নয়। পোর্টালটিকে ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, ওই খবর মিথ্যা এবং তিনি বিয়ে করছেন না। তা হলে এ নিয়ে এত মাতামাতি কেন— এমন প্রশ্নে ক্যাটরিনা বলেছেন, ১৫ বছর ধরে তিনি এ পরিস্থিতি মোকাবিলা করে আসছেন।