Tuesday, 9 November 2021

আসছে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ

আসছে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ



১৯ নভেম্বর কয়েক ঘণ্টার জন্য চাঁদ এবং সূর্যের মাঝামাঝি থাকবে পৃথিবী। এতে সূর্যের আলোর প্রভাবে পৃথিবীর ছায়া পড়বে চন্দ্রপৃষ্ঠে। সে ছায়ায় চাঁদের প্রায় পুরোটা ঢাকা পড়বে।
 
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বেলা আড়াইটার দিকে চাঁদের দৃশ্যমান অংশের ৯৭ শতাংশ সূর্যের আলো থেকে বঞ্চিত হবে।

শতভাগ ঢাকা না পড়ায় এটাকে আংশিক চন্দ্রগ্রহণ বলা হচ্ছে। সে সময় লালচে রং ধারণ করবে চাঁদ। আর শেষ দিকে পিনামব্রাল চন্দ্রগ্রহণ দেখা যাবে বাংলাদেশ থেকেও।
 
চাঁদের অবস্থান দিগন্তরেখার ওপরে থাকলেই কেবল চন্দ্রগ্রহণ দেখা সম্ভব। সে দিক থেকে এবারের গ্রহণের পুরোটা সবচেয়ে ভালো দেখা যাবে উত্তর আমেরিকার দেশগুলো থেকে। এনডিটিভির খবরে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও দৃশ্যমান হবে এবারের গ্রহণ।

টাইম অ্যান্ড ডেট ডটকমের তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রায় সব অঞ্চল থেকে ১৯ নভেম্বর পিনামব্রাল চন্দ্রগ্রহণ দেখা যাবে। গ্রহণের এ পর্যায়ে পৃথিবীর প্রচ্ছায়ায় না থেকে উপচ্ছায়ায় থাকে চাঁদ। আর মূল গ্রহণের মতো অতটা চমকপ্রদও নয়। তবু ঢাকাবাসী ১৯ নভেম্বর বিকেল ৫টা ১৩ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত চাঁদে নজর রাখতে পারেন। সারা দেশ থেকেও এই সময়ের আশপাশেই দেখা যাওয়ার কথা।

নাসা বলছে, এবারের চন্দ্রগ্রহণ থাকবে সব মিলিয়ে ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড, যা ২০০১ সাল থেকে শুরু করে ২১০০ সালের মধ্যে যেকোনো চন্দ্রগ্রহণের চেয়ে দীর্ঘতম। চলতি শতকে সব মিলিয়ে ২২৮টি চন্দ্রগ্রহণ দেখা যাবে পৃথিবী থেকে।

সচরাচর সূর্যের আলো চন্দ্রপৃষ্ঠে প্রতিফলিত হয় বলে আমরা চাঁদ দেখতে পাই। তবে চন্দ্রগ্রহণের সময় চাঁদ, পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় আসে। পৃথিবী সূর্যের আলো চাঁদে পৌঁছাতে বাধা দিলে তখন দেখতে মনে হয় কে যেন চাঁদের অংশবিশেষ খেয়ে ফেলেছে।
 
পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদের পুরোটা পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে। এবারের চন্দ্রগ্রহণ যদিও আংশিক, তবু পূর্ণ চন্দ্রগ্রহণের মতোই দেখানোর কথা।
 
পরবর্তী চন্দ্রগ্রহণ হবে ২০২২ সালের ১৬ মে।
এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড

এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড


সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে করা ঋণ জালিয়াতি মামলায় ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।

রায়ে ২ ধারায় সাবেক প্রধান বিচারপতিকে ১১ বছরের কারাদণ্ড ও মামলার বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

এর আগে এ মামলার সাত আসামির উপস্থিতিতে রায় পড়া শুরু করেন বিচারক।
এবার মোবাইল ডাটা ছাড়াই চলবে মেসেঞ্জার

এবার মোবাইল ডাটা ছাড়াই চলবে মেসেঞ্জার


মোবাইলে ইন্টারনেট না থাকলেও জরুরি প্রয়োজনে ফেসবুক মেসেঞ্জারে টেক্সট পাঠানোর সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটরগুলো।

এজন্য শুধু টেক্সটের মাধ্যমে যোগাযোগের জন্য ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ উদ্বোধন করা হবে। একই সাথে মোবাইল ডেটা প্যাকেজ নির্দেশিকাও প্রকাশ করবে বিটিআরসি।

আগামীকাল মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় বিটিআরসির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মোবাইল ডেটা প্যাকেজ নির্দেশিকা এবং শুধুমাত্র টেক্সটের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ উদ্বোধন করা হবে। বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং সচিব মো. খলিলুর রহমান উপস্থিত থাকবেন।
বিয়ানীবাজারে শুটিংয়ে ব্যস্ত ফারহান-সারিকা

বিয়ানীবাজারে শুটিংয়ে ব্যস্ত ফারহান-সারিকা


বিয়ানীবাজারের পল্লীতে নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশের বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা সারিকা সাবরিন ও নায়ক মুশফিক ফারহান।

উপজেলার সীমান্ত এলাকা মুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ লোকেশন ও এক প্রবাসীর বাড়িতে গত দুইদিন ধরে দিনরাত নাটকের শুটিং চলছে। নাম নির্ধারণ না হওয়া নাটকটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এই নাটকের পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন সোহেল খান, মনিরা মিটুসহ বিয়ানীবাজারের উদীয়মান অভিনয় শিল্পী শাহ মোহাম্মদ নিশাত।


নাট্যাঙ্গনে নিজেকে জড়িয়ে নিয়েছেন বিয়ানীবাজারের সন্তান শাহ মোহাম্মদ নিশাত। নবাগত এই অভিনয় শিল্পী বহুদূর যেতে চান, এ জন্য সবার দোয়া চেয়েছেন তিনি। গ্রামীণ পরিবেশে অভিনয় করতে পেরে উৎফুল্লতা প্রকাশ করেন আরেক জনপ্রিয় অভিনেতা সোহেল খান।

এদিকে, জনপ্রিয় তারকারদের একনজর দেখতে লোকেশন এলাকায় ভিড় জমাচ্ছেন নাট্যপ্রেমীরা। মাঝে মধ্যে দু-এক জন দর্শক কথা বলা কিংবা ছবি তোলার সুযোগ পাচ্ছেন প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে।

মুড়িয়া ইউনিয়নে নাটকের শুটিং হওয়ার পাশাপাশি ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে প্রবাসী ছাব্বির উদ্দিনও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

নাট্যকার সোহাগ রানার লেখা নাটকটির শুটিং চলতি সপ্তাহের মধ্যেই শেষ হলেও টিভিতে প্রচারিত হবে বছর শেষে কিংবা আগামী বছরের প্রথম দিকে।
চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের তফসিল বুধবার

চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের তফসিল বুধবার



আগামী বুধবার (১০ নভেম্বর) ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্টরা।

ইসি সূত্র জানায়, বুধবার (১০ নভেম্বর) বিকল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ৮৯তম সভা অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা যায়।

সংশ্লিষ্টরা জানান, সভায় ইউপির চতুর্থ ধাপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।এই ধাপে কতটি ইউপিতে ভোট হবে তা কমিশন সভায় নির্ধারণ করা হবে। এ ছাড়াও পৌরসভায় সাধারণ নির্বাচন, স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন ও উপ-নির্বাচনের বিষয়ও কমিশন সভায় নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, এর আগে তিন ধাপে ইউনিয়ন পরিষদের ভোটের তফসিল ঘোষণা করে ইসি। প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ৮৪৮টি ও তৃতীয় ধাপে ১ হাজার ৩টি ইউপিতে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দেশে করোনার ওষুধ উৎপাদনের অনুমোদন

দেশে করোনার ওষুধ উৎপাদনের অনুমোদন



দেশে করোনাভাইরাসের চিকিৎসায় মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার (৮ নভেম্বর) ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আইয়ুব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দেশের কয়েকটি প্রতিষ্ঠান মলনুপিরাভিরের জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন জানায়। অধিদপ্তর প্রাথমিকভাবে তাদের অনুমোদন দিয়েছে।

তিনি জানান, এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান দেশে মলনুপিরাভির উৎপাদন ও বিপণনের অনুমতি চেয়ে আবেদন করেছে।

খুব শিগগির তাদের 'রেসিপি' অনুমোদন দেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, মলনুপিরাভির করোনা চিকিৎসায় প্রথম অ্যান্টিভাইরাল ট্যাবলেট, যা ইনজেকশনের মাধ্যমে পুশ না করে ওষুধ হিসেবে খাওয়া যাবে।

গত ৪ দিন আগে যুক্তরাজ্যে এ ওষুধের অনুমোদন দেয় দেশটির সরকার। যুক্তরাজ্যে অনুমোদনের ৪ দিন পর দেশে ওষুধটির উৎপাদন ও ব্যবহারের বিষয়ে উদ্যোগ নেওয়া হলো।

Sunday, 7 November 2021

কমলগঞ্জে যুবলীগ নেতা হত্যা মামলার দুই আসামী বন্দুকযুদ্ধে নিহত

কমলগঞ্জে যুবলীগ নেতা হত্যা মামলার দুই আসামী বন্দুকযুদ্ধে নিহত



মৌলভীবাজারের মিরতিংগা চা বাগানে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন। র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, নিহত দুই জন কমলগঞ্জের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও যুবলীগ নেতা নাজমুল হাসান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীমঙ্গল র‍্যাব-৯ এর ব্যাটালিয়ান কমান্ডার বসু দত্ত চাকমা এ তথ্য জানিয়েছেন।

র‌্যাবের দাবি, ৭ নভেম্বর রবিবার ভোরে মৌলভীবাজারের মিরতিংগা চা বাগান এলাকায় নিহত দুই জন র‍্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় র‍্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে দুই জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

তবে নিহতদের একজন মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা। তিনি বলেন, বন্দুকযুদ্ধে নিহত একজন নাজমুল হত্যার ২ নম্বর এজাহারভুক্ত আসামি তোফায়েল মিয়া (৩৫)। তবে নিহত সুধাংশ দত্তের নাম মামলার এজাহারে নেই।

এদিকে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো. জামাল জানান, ভোরে শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্প থেকে দুটি লাশ থানায় হস্তান্তর করা হয়।

কমলগঞ্জের চৈত্রঘাটে গত ৩১ অক্টোবর সন্ত্রাসীরা একটি মাইক্রোবাসে এসে প্রকাশ্যে ব্যবসায়ী নেতা নাজমুল হাসানকে কুপিয়ে গুরুতর আহত করেন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে সিলেটের উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল মারা যান।

এ ঘটনায় পরদিন নিহত নাজমুল হাসানের বড় ভাই শামসুল হক বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়।

ফুটেজে দেখা যায়, কালো একটি মাইক্রোবাসে আসা ৯ ব্যক্তি নাজমুলকে ধাওয়া করে। এক পর্যায়ে নিজ বাড়ির সামনে এসে মাটিতে লুটিয়ে পড়েন নাজমুল। তখন নাজমুলকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় ওই ৯ সন্ত্রাসী। সিসিটিভি ক্যামেরাটি নাজমুলের অফিসে লাগানো ছিল।

নাজমুল ফেসবুক লাইভে জানিয়েছিলেন, হামলাকারীদের মধ্যে চার জনকে চিনতে পেরেছেন। তারা হলেন স্থানীয় তোফায়েল, রাসেল, মাসুদ ও তোফাজ্জল। তার দাবি, ইউপি নির্বাচনে সদস্য পদে নির্বাচন করার ঘোষণায় তার ওপর হামলা হয়েছে। তার মৃত্যু হলে খুনিদের যেন সাজা হয় সেই দাবিও জানিয়েছিলেন নাজমুল।