Wednesday, 20 April 2022

আছিরগঞ্জে মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ইফতার মাহফিল সম্পন্ন

আছিরগঞ্জে মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ইফতার মাহফিল সম্পন্ন

আছিরগঞ্জ বাজারে মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) বাজারের তোতাব আলী মার্কেটে মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে সাবেক সেনা সদস্য নুনু মিয়ার সঞ্চালনায় এবং বিশিষ্ট মুরব্বী করামত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার হেলাল উদ্দিন, সাফওয়ান ফার্মেসির স্বত্বাধিকারী সরফ উদ্দিন মাষ্টার, সমাজসেবী মাখন মিয়া, অনিরাজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নিয়াজ মাহবুব, আছিরগঞ্জ আলীম মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান, দেবারাই সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনাম উদ্দিন, মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের পরিচালক শাহীন আহমদ প্রমুখ।

ইফতারের পূর্বে গুরুত্বপূর্ণ বয়ান ও দোয়া পরিচালনা করেন রায়গড় পুরানবাজার হাফিজিয়া মাদ্রাসার সুপার আব্দুর রউফ।


এসময় আরোও উপস্থিত ছিলেন, জাহেদ আহমদ, বাবলু মিয়া, কুশিয়ারা নিউজের সম্পাদক ও প্রকাশক সালমান কাদের দিপু, এন মিডিয়ার পরিচালক নজরুল ইসলাম, কাওছার আহমদ, জিবার আহমদ, জিবি টিভির প্রতিবেদক নাইমুল ইসলাম, নুরুল আলম প্রমুখ।

এছাড়াও মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের কর্মকর্তাগণ, সেন্টারের শুভানুধ্যায়ী, আছিরগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও এলাকার বিশিষ্টবর্গগণ উপস্থিত ছিলেন।

Tuesday, 19 April 2022

নিউমার্কেটে শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষ, নিহত ১

নিউমার্কেটে শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষ, নিহত ১


রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় নাহিদ (২০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ৯টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন হাসপাতাল জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন।

জানা যায়, নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় আহত অবস্থায় নাহিদ রাস্তায় পড়েছিলেন। তিনি বাটা সিগনাল এলাকায় ডিলিংক কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। তিনি রাজধানীর কামরাঙ্গীরচরে বসবাস করতেন। মাত্র ছয় মাস আগে তিনি বিয়ে করেছেন।

ময়নাতদন্তের জন্য নাহিদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হচ্ছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

ডা. আলাউদ্দিন জানান, বর্তমানে মোরসালিন নামে আরও একজন লাইফ সাপোর্টে রয়েছেন। তিনিসহ তিন জন চিকিৎসাধীন রয়েছেন। অপর দুজন হলেন শিক্ষার্থী কানন চৌধুরী ও দোকান কর্মচারী ইয়াছিন।

এর আগে, সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা চলে রাত ৩টা পর্যন্ত। এ ঘটনার জের ধরে নিউমার্কেট খুলতে না দেওয়ার ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে নিউমার্কেটের সকল দোকানপাট বন্ধের সঙ্গে সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। এই সংঘাতে এখন পর্যন্ত দুই শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে অন্তত ১০ সাংবাদিকও আহত হয়েছেন।

আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ধানমন্ডির পপুলার, গণস্বাস্থ্য ও স্কয়ার হাসপাতালেও অনেকে ভর্তি রয়েছে। 

সূত্রঃ আরটিভি নিউজ

Monday, 18 April 2022

গোলাপগঞ্জে হত্যা মামলার ৬ আসামী ঢাকা থেকে গ্রেফতার

গোলাপগঞ্জে হত্যা মামলার ৬ আসামী ঢাকা থেকে গ্রেফতার


গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত হত্যা মামলার ৬ আসামীকে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক মোঃ ফখরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পানিয়াগা মেহেরপুর গ্রামের মৃত  আব্দুল গফুরের ছেলে আবুল কালাম (৩৭) ও তার ভাই আব্দুছ ছালাম (৫২)। আব্দুল ছালামের ছেলে সাজ্জাদ হোসেন (২২), রাশেদ  আহমদ  রাব্বি (২০), শাকিল আহমদ সাকেল (২৪) ও আব্দুল হামিদ প্রকাশ কুটু মিয়ার ছেলে জামিল আহমদ (২০)। 

তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে জানায় পুলিশ। মামলা নং (১১- তারিখ- ০৮/০৪/২০২২ইং)।

আটকের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী।

জানা যায়, গত ৬ এপ্রিল জমিসংক্রান্ত বিষয় নিয়ে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পানিয়াগা গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হেলাল আহমদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

হেলাল মিয়ার মৃত্যুর পর তার স্ত্রী রায়না বেগম (৪২) বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে সোমবার (১৮ এপ্রিল) ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 

Sunday, 17 April 2022

দেশের ৬১ জেলা পরিষদ বিলুপ্ত

দেশের ৬১ জেলা পরিষদ বিলুপ্ত


দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করেছে সরকার।

রোববার (১৭ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে ৫ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে। এসব জেলা পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে। 
বাড়ছে নদ-নদীর পানি: সিলেট-সুনামগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি

বাড়ছে নদ-নদীর পানি: সিলেট-সুনামগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি

ফাইল ছবি


হাওর অঞ্চলের নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। দুটি নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন পূর্বাভাস দিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও হবিগঞ্জ জেলার প্রধান নদ-নদীর পানির সমতল বাড়ছে।
 
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, রোববার (১৭ এপ্রিল) নাগাদ দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশের কতিপয় স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এই অবস্থায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রধান নদ-নদীগুলোর পানির সমতল কতিপয় স্থানে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দ্রুত বাড়তে পারে। ফলে, সুরমা নদী সুনামগঞ্জ জেলায় বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে এবং ধনু-বাউলাই নদী নেত্রকোণা জেলার কতিপয় পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

সোমবার নাগাদ সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশােরগঞ্জ জেলায় আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে।

বর্তমানে সুরমা নদী পানি কানাইঘাটে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে, সিলেটে ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর গোয়াইন নদীর পানি সারিঘাটে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে এবং গোয়াইনঘাটে বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবো জানিয়েছে, বিভিন্ন নদ-নদীতে তাদের পর্যবেক্ষণাধীন ৩৯টি স্টেশনের মধ্যে শনিবার (১৬ এপ্রিল) পানির সমতল বেড়েছে ২৬টিতে, কমেছে ১২টিতে, একটির পানির সমতল অপরিবর্তিত আছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের উত্তর-দক্ষিণ পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়াে হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়াে হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানােসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া রাজশাহী, পাবনা, নওগাঁ ও যশাের জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা আকারে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত ওঠে যেতে পারে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে, এক মিলিমিটার। 

Thursday, 14 April 2022

মাত্র ২৭ বছর বয়সেই ৯ হাজার কোটি টাকার মালিক এক বাঙ্গালী তরুণী

মাত্র ২৭ বছর বয়সেই ৯ হাজার কোটি টাকার মালিক এক বাঙ্গালী তরুণী


মাত্র ২৭ বছর বয়সেই ৯ হাজার কোটি টাকার মালিক এক বাঙ্গালী তরুণী! মাত্র সাতাশ বছর বয়সে অসম্ভবকে সম্ভব করে দেখালেন এক বঙ্গতনয়া। তাঁর নাম অঙ্কিতি বসু। ব্যবসা শুরু করেছিলেন মাত্র ২১ লক্ষ টাকা নিয়ে। মাত্র চার বছরে তা ফুলেফেঁপে দাঁড়াল ৯ হাজার ৮০০ কোটিতে।

কোনও সংস্থার ব্যবসা ১০০ কোটি মার্কিন ডলার পেরোলে, কাল্পনিক জন্তুর নাম অনুসারে ইউনিকর্ণ তকমা জোটে। অঙ্কিতির ফ্যাশন ই-কমার্স সংস্থা জিলিঙ্গো ইতিমধ্যেই তা পেয়ে গিয়েছে। তার জেরে কনিষ্ঠতম ভারতীয় মহিলা নির্বাচিত হলেন অঙ্কিতি, যিনি কোনও ইউনিকর্ণ সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও।

বাঙালি পরিবারে জন্ম হলেও, বাংলার বাইরেই বেড়ে ওঠা অঙ্কিতি বসুর। ২০১২ সালে মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে অর্থনীতি ও গণিত নিয়ে পড়াশোনা করেন তিনি। তার পর চাকরি শুরু করেন মার্কিন কনসাল্টিং সংস্থা ম্যাকিনজির মুম্বই শাখায়। সেখান থেকে যোগ দেন অন্য একটি মার্কিন সংস্থা সেকোয়া ক্যাপিটালসের বেঙ্গালুরু অফিসে। তেইশ বছর বয়সে বেঙ্গালুরুতেই বছর চব্বিশের ধ্রুব কপূরের সঙ্গে আলাপ তাঁর। আইআইটি গুয়াহাটি থেকে পড়াশোনা সেরে গেমিং স্টুডিয়ো কিউয়ি আইএনসি-তে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন ধ্রুব।

চাকরি ছেড়ে নিজের মতো কিছু করার স্বপ্ন ছিল দুজনেরই। প্রথমেই ই-কমার্স সাইট খোলার কথা মাথায় আসে তাঁদের। কিন্তু ভারতে তখন ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো সংস্থা জাঁকিয়ে বসে। তাদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠা যাবে না বুঝেছিলেন তাঁরা। তাই চিন্তাভাবনা জারি থাকে।

সে বছরই ব্যাঙ্কক বেড়াতে গিয়ে চোখ খুলে যায় অঙ্কিতির। সেখানকার চতুচক বাজারে ঢুকে স্থানীয় ডিজাইনারদের তৈরি পোশাক, জুতো, ব্যাগ এবং অ্যাকসেসরিজ ইত্যাদি নজর কাড়ে তাঁর। ভাষাগত সমস্যা থাকায়, স্থানীয় ব্যবসায়ীদের পক্ষে সেগুলি বাইরের লোকের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে না বুঝতে পারেন তিনি। তখনই মাথায় আইডিয়া আসে। দেশে ফিরে ধ্রুবের সঙ্গে আলোচনা সারেন অঙ্কিতি। চাকরি ছেড়ে ২১ লক্ষ টাকা পুঁজি নিয়ে কাজে লেগে পড়েন তাঁরা।

তবে যাত্রা সহজ ছিল না। মার্কেট রিসার্চ সারতেই প্রায় একবছর লেগে যায় তাঁদের। ব্যাঙ্ককের বাজারে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের মধ্যে অনলাইন ব্যবসায় আগ্রহ গড়ে তুলে শুরু করেন অঙ্কিতি। বেঙ্গালুরুতে বসে প্রযুক্তিগত দিকটা সামলাতে শুরু করেন ধ্রুব। দক্ষিণ এশিয়ার বাজার দখল করতেই আগ্রহী ছিলেন তাঁরা।

সেই মতো কাজ শুরু করেন। গত চারবছরে সিঙ্গাপুর,ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, চিন, কোরিয়া এবং কম্বোডিয়ার বাজার দখল করতে সফল হয়েছে জিলিঙ্গো। ভারত এবং অস্ট্রেলিয়াতেও লেনদেন শুরু হয়েছে।

একসময় যে সেকোয়া সংস্থার কর্মী ছিলেন অঙ্কিতি, আজ তারাও জিলিঙ্গোয় ২২ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার বিনিয়োগ করেছে। বিনিয়োগ রয়েছে সিঙ্গাপুরের তামসেক হোল্ডিং প্রাইভেট লিমিটেডের। এই মুহূর্তে জিলিঙ্গোর সিইও অঙ্কিতি। সিঙ্গাপুরে সংস্থার সদর দফতর সামলান তিনি। বেঙ্গালুরুতে ১০০ জন কর্মীকে নেতৃত্ব দেন ধ্রুব। তিনি সংস্থার প্রযুক্তিগত প্রধান (সিটিও)। 
সিলেট বিভাগে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ৮ মৃত্যু

সিলেট বিভাগে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ৮ মৃত্যু


সুনামগঞ্জের জগন্নাথপুর, শাল্লা ও হবিগঞ্জের বানিয়াচংয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর ও শাল্লা থানার ওসি এবং হবিগঞ্জের বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সলেমানপুর গ্রামে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শশাঙ্ক পাল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৩ এপ্রিল) রাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, মাহিমা আক্তার (৩৫) তার মেয়ে মৌসুমি বেগম (৪) এবং ছেলে মো. হোসেন (১)। এ সময় মহিমা আক্তারের স্বামী মোহাম্মদ হোসেন (৪০) আহত হন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শশাঙ্ক পাল বলেন, বুধবার (১৩ এপ্রিল) রাতে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ঘরে পড়ে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা দুই শিশুসহ তাদের মা চাপা পড়ে মারা যান। এ ছাড়া তাদের বাবাও আহত হয়েছেন।

হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে পৃথক স্থানে দুই শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলায় বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের শামসুল মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৬), একই উপজেলার কাতারী মহল্লার আক্কল আলীর ছেলে শিক্ষার্থী হুসাইন মিয়া (১২) ও জাতুকর্নপাড়া মহল্লার আব্দুর রহমানের মেয়ে জুমা বেগম (১৩)।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার সকালে বানিয়াচংয়ের বিভিন্ন স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে মারা গেছেন বাবা ও ছেলে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার নাসিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, কৃষক মুকুল খা ও তার ছেলে মাসুদ খা।

শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নাসিরপুর গ্রামে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাত হয়। এ সময় খেতে কাজ করছিলেন কৃষক মুকুল খা ও তার ছেলে মাসুদ খা। বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, খেতে থাকা মুকুলের আরেক ছেলে ও তার শ্যালকের ছেলে আহত হয়েছেন। তাদের হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।