Saturday, 14 May 2022

গোলাপগঞ্জে টিলা ধসে ঘুমন্ত সাবেক শিক্ষকের মৃত্যু

গোলাপগঞ্জে টিলা ধসে ঘুমন্ত সাবেক শিক্ষকের মৃত্যু


গোলাপগঞ্জে ধসে পড়া টিলার মাটি চাপায় ঘুমন্ত অবস্থায় প্রাণ হারালেন সাবেক শিক্ষক অপু পাল (৩০)। শনিবার ভোর রাতে উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের চক্রবর্তী পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় তার ছোট ভাই পাপ্পু পালও গুরুতর আহত হয়েছেন।

নিহত অপু লাল উপজেলার লক্ষনাবন্দ ইউপির চক্রবর্তী গ্রামের ডা. নকুল পালের ছেলে ও নিশ্চিন্ত আইডিয়াল একাডেমির সাবেক শিক্ষক। বর্তমানে তিনি বেসরকারি এনজিও সংস্থা আশাতে কর্মরত ছিলেন।

জানা যায়, লক্ষণাবন্দ ইউনিয়নের চক্রবর্তী গ্রামের অপু লাল রায়ের ঘরে পাশেই একটি টিলা ছিল। গত দুই দিনের অব্যাহত বৃষ্টিতে শনিবার ভোর রাতে এই টিলার মাটি হঠাৎ ঘরের মধ্যে ধসে পড়ে। এতে ঘুমের মধ্যেই ঘটনাস্থলে প্রাণ হারান অপু লাল রায়। এ ঘটনায় তার ছোট ভাইও গুরুতর আহত হয়েছেন তাকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান খলকু।
দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু হতাহত, ২৬ মরদেহ উদ্ধার

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু হতাহত, ২৬ মরদেহ উদ্ধার


ভারতের পশ্চিম দিল্লিতে একটি চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষ নিহত হয়েছেন। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ অন্তত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। 


শুক্রবার সন্ধ্যায় পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি চার তলা বাণিজ্যিক ভবনে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এ পর্যন্ত ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।এ পর্যন্ত ৪০ জনেরও বেশি লোক দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।ভবনটির একটি তলায় এখনও তল্লাশি চালানো হয়নি।

পুলিশ জানিয়েছে, ভবন থেকে প্রায় ৬০-৭০ জনকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার বিভাগের কর্মকর্তারা জানান, বিকাল ৪টা ৪০ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পুলিশের ধারণা ভবনটির উপরের তলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।

সূত্র : এনডিটিভি
এভারেস্ট জয় করলেন সিলেটের আকি রহমান

এভারেস্ট জয় করলেন সিলেটের আকি রহমান


বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আখলাকুর রহমান ওরফে আকি (৩৯) পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তিনি প্রথম ব্রিটিশ মুসলিম হিসেবে এভারেস্ট জয় করলেন। নেপাল সময় সকাল সাড়ে ৭টায় তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছেন।

পবিত্র রমজান মাসে ৩৯ বছর বয়সী আকি এভারেস্ট জয়ের যাত্রা শুরু করেন। নেপাল থেকে শেরপারা লন্ডনের চ্যানেল এস টেলিভিশনের হেড অব প্রগ্রাম ফারহান মাসুদ খানকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

আকি রহমান সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুরের যুক্তরাজ্য প্রবাসী মরহুম হাজি ইছকন্দর আলীর ছেলে। চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে বাড়ি তাদের। তিনি বিশ্বজুড়ে আকি রহমান নামেই পরিচিত। 

জানা যায়, জন্মসূত্রে আকি রহমান যদিও বাঙালি, তবে মাত্র দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে পাড়ি জমান যুক্তরাজ্যের ইংল্যান্ডে। তার শৈশব কেটেছে ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে। ৫ ভাইয়ের মধ্যে আকি রহমান সবার বড়। স্ত্রী হেনা রহমান ও পরিবারের লোকজনের উৎসাহে আকি রহমান এবার এভারেস্ট জয়ের পথে যাত্রা করেন। পর্বতারোহী আকি রহমান তিন সন্তানের জনক। 

এর আগে আকি রহমান এক এক করে ছোট-বড় বেশ কয়েকটি পর্বতশৃঙ্গে আরোহণ করে অভিজ্ঞতা অর্জন করেছেন। এবার হিমালয়ের মাউন্ট এভারেস্ট জয়ের পথে পা বাড়ান। ২০২০ সালের জুলাই মাসে আফ্রিকার তানজিনিয়ার সবচেয়ে উঁচু পর্বত, যার উচ্চতা পাঁচ হাজার ৮৯৫ মিটার এবং মাউন্ট কিলিমানজারো জয় করে প্রথম সাফল্য অর্জন করেন তিনি। এরপর ফ্রান্সের সবচেয়ে উঁচু পর্বত চার হাজার ৮১০ মিটার মন্ট ব্লাংক, যা মাউন্ট এভারেস্টের চেয়ে মাত্র ৩৮ মিটার ব্যবধান, ওই পর্বতটিও জয় করেন। 

একই বছরের অক্টোবরে তৃতীয়বার ২৪ ঘণ্টায় জয়ের চ্যালেঞ্জ নিয়ে রাশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এলব্রস, যার উচ্চতা ৫৬৪২ মিটার, তা মাত্র ৮ ঘণ্টায় আরোহণ করে বিজয়ী হন। এর পাশাপাশি রাশিয়ার কারবাদিনো-বলকারিয়াও জয় করেন আকি রহমান। 

এরপর ২০২১ সালে নেপালে অবস্থিত পৃথিবীর সবচেয়ে কঠিনতম পর্বত হিমালয় আমাদা ব্ল্যাম জয় করেন তিনি। যার উচ্চতা ছয় হাজার ৮৫৬ মিটার। 

আকি রহমান, প্রথম ব্রিটিশ মুসলিম বাংলাদেশি ও প্রথম সিলেটি, যিনি পায়ে হেঁটে এভারেস্টের চূড়ায় যাবেন। অনেকেই এভারেস্টের বিভিন্ন বেজক্যাম্পে গেলেও এখন পর্যন্ত এভারেস্টের চূড়ায় কোনো ব্রিটিশ মুসলিম, ব্রিটিশ বাঙালি বা সিলেটের বাসিন্দা পায়ে হেঁটে যাননি বলে জানা গেছে। 

উল্লেখ্য, গত ১১ এপ্রিল আকি রহমান ওল্ডহ্যাম থেকে নেপালের উদ্দেশে যাত্রা শুরু করেন। এর আগে  চ্যানেল এস-এর আরএফএস চ্যারিটির মাধ্যমে বিশ্বজুড়ে রিফিউজিদের সাহায্যে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন। 

Friday, 13 May 2022

বিয়ানীবাজার পৌর নির্বাচনে নৌকার মাঝি আব্দুস শুকুর

বিয়ানীবাজার পৌর নির্বাচনে নৌকার মাঝি আব্দুস শুকুর


বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আব্দুস শুকুর। আগামি ১৫জুন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে লড়বেন তিনি।

আজ শুক্রবার বিকেল থেকে শুরু হওয়ায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বর্তমান মেয়র আব্দুস শুকুরকে নৌকার প্রতীকের জন্য মনোনীত করা হয়েছে।

এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সাথে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন ৭জন। তাদের মধ্যে আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড বর্তমান মেয়র আব্দুস শুকুরের হাতে আবারও নৌকা তুলে দিয়েছেন। বর্তমান মেয়র আব্দুস শুকুর ছাড়াও আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হাসিব মনিয়া, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ টিটু, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক জিএস ফারুকুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য ময়নুল হোসেন ও পাবেল মাহমুদ এবং ফ্রান্স প্রবাসী আলী হোসেন।
গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার মাঝি এলিম চৌধুরী

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার মাঝি এলিম চৌধুরী


গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মাঝি হলেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য এলিম চৌধুরী। আগামি ১৫জুন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকা প্রতীকে লড়বেন তিনি।

আজ শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারী বাসভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে সর্বসম্মতভাবে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। বৈঠক সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

জান যায়, গত ২৯ জানুয়ারি প্রয়াত হন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী। তাঁর মৃত্যুতে উপজলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। এই শূন্য পদে আগামী ১৫জুন অনুষ্ঠিত হবে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হব। 

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ১৭ মে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে ও ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

Thursday, 12 May 2022

১৫জুন নয়, বুধবারীবাজার ইউপি নির্বাচনের পুনঃতারিখ ঘোষণা

১৫জুন নয়, বুধবারীবাজার ইউপি নির্বাচনের পুনঃতারিখ ঘোষণা



বুধবারীজার ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৫ জুন তারিখে হওয়ার কথা থাকলেও তা পুনঃনির্ধারন করা হয়েছে।

পুনঃনির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১৫জুনের পরিবর্তে আগামী ১৭ই জুন তারিখে এ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১৫জুন তারিখে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন থাকায় বুধবারীবাজার ইউপি নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়।

কারণ হিসেবে উল্লেখ করা হয়, একই তারিখে একই উপজেলায় পৃথক দুটি নির্বাচন অনুষ্ঠিত হলে ভোট কেন্দ্রে দুই ধরনের ব্যালট প্রদান করতে হবে। আর এতে নির্বাচন পরিচালনায় ব্যবস্থাপনাগত অসুবিধার সৃষ্টি হবে।

তাই বুধবারীবাজার ইউপি নির্বাচন ১৫জুন তারিখের পরিবর্তে ১৭জুন তারিখে সম্পন্ন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
জকিগঞ্জে ট্রাকচাপায় প্রবাসী নিহত

জকিগঞ্জে ট্রাকচাপায় প্রবাসী নিহত


জকিগঞ্জে ট্রাকচাপায় শফিকুর নূর রফিক (৫৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি সদ্যপ্রবাস থেকে (ওমান) দেশে এসেছিলেন। নিহত শফিকুর নূর রফিক (৫৫) উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের অধিবাসী।
 
আজ বুধবার ( ১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কালিগঞ্জ বাজারের পশ্চিমে জান্নাত পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলের বাইসাইকেল চালিয়ে  বাসায় ফেরার পথে জকিগঞ্জ- সিলেট সড়কের কালিগঞ্জ এলাকার পশ্চিম পাশে আকস্মিক একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান রফিক। এসময় ঘাতক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। 

মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে