Saturday, 22 March 2025

আ.লীগ পুনর্গঠন নিয়ে পিনাকীর বক্তব্য, যা বললেন সোহেল তাজ

আ.লীগ পুনর্গঠন নিয়ে পিনাকীর বক্তব্য, যা বললেন সোহেল তাজ


আওয়ামী লীগ পুনর্গঠন নিয়ে যখন আলোচনা চারদিকে, ঠিক তখনই এ নিয়ে লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি উল্লেখ করেন, আগামীতে আওয়ামী লীগ পুনর্গঠিত হলে সেখানে সভাপতি করা হবে সাবের হোসেন চৌধুরীকে আর সম্পাদক হবেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। বিষয়টি নজরে এলে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন  তাজপুত্র। 

শুক্রবার (২১ মার্চ) দুপুরে পিনাকীর সেই স্ট্যাটাস শেয়ার দিয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পিনাকীর বক্তব্যকে সরাসরি খারিজ করে দিয়ে সোহেল তাজ লিখেছেন- ‘ভুয়া- Fake news!’ 

পরে বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, নোংরা ও পচা রাজনীতিতে আমার আগ্রহ নেই। 

এ সময় তাকে প্রশ্ন করা হয় আওয়ামী লীগ পুনর্গঠন হলে নেতৃত্ব দেবেন কি না—জবাবে সোহেল তাজ বলেন, আওয়ামী লীগ পুনর্গঠন নিয়ে কারও সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি। আমি এই ব্যাপারে কিছুই জানি না।


তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা আর জনগণের নীতি-আদর্শভিত্তিক দল ছিল আওয়ামী লীগ। বাকশালে সেই আওয়ামী লীগ বিলুপ্ত হয়।

তাজপুত্র বলেন, আওয়ামী লীগকে পুনর্গঠন করতে হলে একাত্তরের আগের আদর্শে ফিরে যেতে হবে।

নতুন করে নতুন দল নিয়ে রাজনীতিতে ফিরে আসবেন কি না জানতে চাইলে এ সময় সোহেল তাজ সরাসরি কোনো উত্তর দেননি। 

তিনি বলেন, নতুন প্রজন্মই দেশ গড়বে। তারাই হবে মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক। নতুন প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে পিওর হার্ট নিয়ে দেশ গড়তে এগিয়ে আসে, তবে তাদের পাশে থাকব।

এর আগে, বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পিনাকী ভট্টাচার্য বলেন, ‘সাবের হোসেন চৌধুরী সভাপতি আর বডি সোহেলকে সাধারণ সম্পাদক এইভাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে। এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে। এইটাই বিএনপি, ভারত ও ওয়াকারের যৌথ সিদ্ধান্ত। এতে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে ব্রিটেনের সমর্থন আছে।’

তিনি আরও বলেন, ‘এই কারণেই সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায় নাই। ১৯৭৫ সালের ১৫ আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়তে হয়েছিল। তারা বিভক্ত হতে হতে শক্তিহীন হয়ে পড়ে। যারা ১৯৭৫ এর বেনিফিসিয়ারি তারা বিপ্লবীদের বাঁচায় নাই। একাংশ রাজনৈতিক দল তৈরি করলো ফ্রিডম পার্টি। আরেক অংশ খন্দকার মুশতাককে মাঝে রেখে দল গড়তে চাইলো। পারলো না। মুশতাককে প্লেট চুরির মামলায় জেলে দেওয়া হলো। হাসিনা ফিরে এলো।’

এই অনলাইন অ্যাক্টিভিস্ট বলেন, ‘২০২৪ সালে আবার ১৯৭৫ এর পুনরাবৃত্তি হচ্ছে। সেই একই ব্যবস্থা সেই একই কাঠামো অবিকৃত রেখে রাষ্ট্র চলবে। লুটপাট চলবে, ভারতের কর্তৃত্ব চলবে। ২৪-এর নায়কেরা ভুল আর বিভেদের পঙ্কিল আবর্তে ডুবে যাবে। এখন শুরু হয়েছে একজনের বিরুদ্ধে আরেকজনকে লড়িয়ে দেওয়া।’

তিনি বলেন, ‘ছাত্রদের ক্ষমতা এখন সীমিত। ব্যাপকভাবে চলছে ছাত্রদের চরিত্রহনন। ছাত্রদের উপলব্ধি হওয়া দরকার ছিল তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ লিখে ফেলেছিল ৫ থেকে ৮ আগস্টের মধ্যে। তারা যাদের ওপরে নির্ভর করেছিল। যাদের মিষ্টি কথায় ভুলেছিল, তারাই এখন চোখ উলটে দিয়েছে। আরও একবার আরেক সম্ভাবনা হাতছাড়া হয়ে যাওয়ার মুখোমুখি হয়েছে।’

এই ব্লগার আরও বলেন, ‘আপনারা জানেন, আমি হাল ছাড়ি না। যতদিন বেঁচে আছি, বিপ্লবকে ব্যর্থ হতে দেব না। ১৯৭৫-এর পুনরাবৃত্তি হতে দেব না। বাংলাদেশে আওয়ামী লীগ বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না; যতই তার পেছনে ওয়াকার থাকুক, সিভিল মিলিটারি বুরোক্রেসি থাকুক, প্রথম আলো আর ডেইলি স্টার থাকুক আর বিএনপি থাকুক।’ 

সবশেষে পিনাকী বলেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’

Thursday, 20 March 2025

অসহায়দের মাঝে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

অসহায়দের মাঝে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ


পবিত্র রমজান মাস উপলক্ষে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বাদ যোহর গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামের অসচ্ছল ২০০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইউপি সদস্য সালমান কাদের দিপুর সঞ্চালনায় এবং শিরিন মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন। 

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী নুরুল হক, মানিক মিয়া, সাবেক ইউপি সদস্য মাওলানা সাব্বির আহমদ, ফয়সল আহমদ, শাহজাহান আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রতি বছর রমজান মাসে এ ট্রাস্ট অসহায়দের সাহায্যার্থে এগিয়ে আসে। এছাড়া এ ট্রাস্ট বিভিন্ন সময় শীতার্তদের শীতবস্ত্র, অসহায়দের খাদ্য সামগ্রী, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে অনুদান-সহ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে। বক্তারা এ ট্রাস্টের প্রতিষ্ঠাতা গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হককে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতেও অসহায়দের সাহায্যে হাত প্রসারিত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় ফজলুল হকের মরহুমা মেয়ে শিরিন হকের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে পরিবারবর্গের প্রতিও মঙ্গল কামনা করেন বক্তারা।

Tuesday, 18 March 2025

বিয়ানীবাজারে নিজের গায়ে আগুন লাগিয়ে যুবকের আত্মহত্যা

বিয়ানীবাজারে নিজের গায়ে আগুন লাগিয়ে যুবকের আত্মহত্যা



বিয়ানীবাজারে গায়ে আগুন লাগিয়ে আফজল হোসেন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। তিনি উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজনা গ্রামের ছরফর আলীর ছেলে। শনিবার ভোরে ঢাকায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, নিহত যুবক মানষিক রোগী। ৩-৪ বছর পুর্বেও তিনি আরেকবার আত্মহত্যার চেষ্টা করেন। শুক্রবার দিনের কোন একসময় অজ্ঞাত দোকান থেকে পেট্রোল কিনে নিয়ে লুকিয়ে রাখেন আফজল। রাতের কোন এক সময় নিজ গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি। পরিবারের লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে রাস্তায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ৫ ভাইবোনের মধ্যে আফজল ছিলেন ৩য়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান বলেন, বিষয়টির খোঁজখবর নেয়া হচ্ছে। 
ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে ডাকাতির অভিযোগ

ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে ডাকাতির অভিযোগ



ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের হবিগঞ্জ বাহুবল থানার রশিদপুর গ্যাসফিল্ডের সামনে গাছ ফেলে কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

রোববার (১৬মার্চ) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। এসময় সড়কের দুই পাশের  যানবাহনগুলো আটকে ডাকাতি করে ডাকাতরা নিরাপদে চলে যায়।

শ্রীমঙ্গলের বাস যাত্রী শেখ আল নোমান জানান, আমি যে গাড়িতে ঢাকা থেকে আসছিলাম তার সামনের তিনটি গাড়িতে ডাকাতি শেষে যখন আমাদের গাড়িতে আসবে সেই সময় পুলিশ ও সেনাবাহিনীর লোক চলে আসাতে আমাদের গাড়িতে ডাকাতি হয়নি।

মো.জামাল নামে এক যাত্রী জানান, রশিদপুর গ্যাস ফিল্ডের সামনে ভয়াবহ ডাকাতি হচ্ছে। এ সময় আমরা সড়কে জ্যামে আটকা পড়ি। পুলিশকে কল দিয়েছি, পুলিশ আসছি আসছি বলেছে কিন্তু পুলিশ সময় মতো আর আসে নাই।

মনতোষ নামে শ্রীমঙ্গলের এক গাড়ি চালক চিটাগাংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন রশিদপুর গ্যাস ফিল্ডের সামেনে রাত ১১টা ২০ মিনিটে পৌঁছার পর দেখেন গাছ ফেলে ডাকাতি হচ্ছে, এনা বাস, কভার্ড ভ্যান, ড্রাম ট্রাকে ডাকাতি হচ্ছিল। প্রায় একঘণ্টা পর পুলিশ ঘটনা স্থলে যায় বলে তিনি অভিযোগ করেন। 

তবে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশের পরির্দশক সাইফুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাস্থলে আসতে আমাদের পাঁচ সাত মিনিট লেগেছে। তার দাবি রাত ১১টায় এঘটনা ঘটে। কোনো গাড়িতেই ডাকাতরা হাত দিতে পারেনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। 

অল্প সময়ের ভেতরে সড়কে ফেলা গাছ কেটে সরিয়ে যান চলাচলের উপযোগী করে দেওয়া হয় বলেও জানান তিনি। 
পানসী ও পাঁচ ভাই রেষ্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

পানসী ও পাঁচ ভাই রেষ্টুরেন্টকে লাখ টাকা জরিমানা


সিলেট নগরীর দুই রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জরিমানা করা হয় ১ লাখ টাকা।


সোমবার (১৭মার্চ) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেততৃত্বে এই অভিযান চালানো হয়।


দুটি রেস্টুরেন্টের  মধ্যে নগরীর জিন্দাবাজারের পাঁচ ভাই রেস্টুরেন্টকে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত না করার অভিযোগে ও পানসি রেস্টুরেন্টকে বাসি খাবার সংরক্ষণ ও পরিবেশনের প্রস্তুতির অভিযোগে জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে আদায় করা হয় ১ লাখ টাকা।


অভিযানে নেতৃত্ব দেয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা জানান, জরিমানা আদায়ের পাশপাশি সতর্ক করা হয়েছে রেষ্টুরেন্ট ব্যবসায়ীদের। জনস্বার্থ বিবেচনায় এই অভিযান অব্যাহত থাকবে। কোথাও ভোক্তা অধিকার ক্ষুন্ন, গ্রাহক হয়রানি-জুলুমের ঘটনা ঘটলে তাৎক্ষণিক বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তরকে জানানোর অনুরোধ জানান তিনি।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্নঃ মার্কিন গোয়েন্দাপ্রধান

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্নঃ মার্কিন গোয়েন্দাপ্রধান



যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ড বলেছেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দেশটি উদ্বিগ্ন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে ‘ইসলামি সন্ত্রাসবাদকে’ পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার  (১৭ মার্চ) সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে চলা নির্যাতন, হত্যা ও নিপীড়নের ঘটনা যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য উদ্বেগের বড় কারণ।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ট্রাম্পের নতুন মন্ত্রিসভা কথা বলতে শুরু করেছে বলে জানান তিনি। বাংলাদেশে ইসলামি চরমপন্থা ও সন্ত্রাসবাদী উপাদানের উত্থান প্রসঙ্গে তুলসী গ্যাবার্ড বলেন, বাংলাদেশের সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভার মধ্যে আলোচনা কেবল শুরু হচ্ছে, তবে এখনও উদ্বেগের অবসান হয়নি।


দিল্লিতে ‘ইসলামিক খিলাফতের’ আদর্শ নিয়েও কথা বলেছেন তুলসি গ্যাবার্ড। উগ্রপন্থি উপাদান ও সন্ত্রাসীগোষ্ঠীগুলো বৈশ্বিকভাবে কেমন করে এ ধরনের একটি পরিস্থিতি তৈরির লক্ষ্যে কাজ করে, তা নিয়েও কথা বলেছেন তিনি৷ 

তুলসী গ্যাবার্ড বলেন, ইসলামপন্থি সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয়৷ সেই আদর্শ ও লক্ষ্য হলো, ইসলামপন্থি খিলাফতের মাধ্যমে শাসন করা। এতে অবশ্যই তাদের কাছে গ্রহণযোগ্য ছাড়া অন্য যেকোনো ধর্মের মানুষের ওপর প্রভাব পড়ে। তারা এটা সন্ত্রাস ও অন্যান্য সহিংস পন্থায় বাস্তবায়নের পথ বেছে নেয়।

তিনি বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ ধরনের আদর্শকে শনাক্ত ও পরাজিত করা এবং তিনি যেটাকে ‘কট্টর ইসলামপন্থি সন্ত্রাসবাদ’ বলেন, সেটিকে নির্মূলের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।


মার্কিন গোয়েন্দা প্রধান বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামি সন্ত্রাসবাদের পেছনে যে আদর্শ কাজ করে তা চিহ্নিত করতে এবং এই আদর্শ ও তাদের সন্ত্রাসী কার্যক্রমকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Sunday, 16 March 2025

সিলেটে রমজানেও থেমে নেই অসামাজিকতা : ৬ নারী-পুরুষ আটক

সিলেটে রমজানেও থেমে নেই অসামাজিকতা : ৬ নারী-পুরুষ আটক



পবিত্র রমজানেও থেমে নেই সিলেটে অসামাজিক কার্যকলাপ। বিভিন্ন আবাসিক হোটেলের পাশাপাশি ফ্লাটেও চলছে এসব অনৈতিক কর্মকান্ড। এসব অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।


সিলেট নগরীর মেন্দিবাগ পয়েন্টের গার্ডেন টাওয়ারের ১২তম তলার ৪১২৪নং ফ্ল্যাটে অনৈতিক কর্মকাণ্ডের খবর পেয়ে অভিযান চালায় এসএমপি'র সোবহানীঘাট পুলিশ ফাঁড়ীর একটি টিম।


অভিযানে পাঁচ নারী ও এক পুরুষকে আটক করা হয়। আটককৃতরা হলেন, শামীম আহমদ (৩৪), আয়েশা আক্তার (৪০), সুপ্রিয়া চৌধুরী (২২), জারা আহমদ (১৮), তানিশা বেগম (২৩), জাহানারা বেগম (৪০)।


বিষয়টি রোববার রাতে নিশ্চিত করেছেন এসএমপি'র মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। 


তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে এসএমপি এ্যাক্টের ৭৭ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।