Sunday, 1 November 2026

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের প্রেস ব্রিফিং: মেধাবৃত্তি পরীক্ষা ৬ নভেম্বর

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা আগামী ০৬ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। গোলাপগঞ্জের চন্দরপুরে আল-এমদাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সবশেষ প্রস্তুতি তুলে ধরতে রবিবার (০১ নভেম্বর) বিকেলে গোলাপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন আয়োজকরা।

ব্রিফিংয়ে উপস্থিত থেকে বিস্তারিত তথ্য তুলে ধরেন ট্রাস্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু, পরীক্ষা নিয়ন্ত্রক শফিক উদ্দিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুল হামিদ এবং পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব সালমান কাদের দিপু।

আয়োজকরা শুরুতেই উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করা শিক্ষার্থী, অভিভাবক এবং অংশগ্রহণকারী সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

তারা জানান, শিরিন মেমোরিয়াল ট্রাস্ট প্রতি বছরই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এবারের ৪র্থ আসরে গোলাপগঞ্জ উপজেলার পাশাপাশি বিয়ানীবাজার উপজেলার কয়েকটি বিদ্যালয়ও অংশ নিচ্ছে। পরীক্ষায় প্রায় ৪০০ জন অষ্টম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এতে কোনো রেজিস্ট্রেশন ফি নেই বলেও উল্লেখ করেন তারা।

ব্রিফিংয়ে তারা বলেন, মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন প্রায় শেষ পর্যায়ে। প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত তারিখের আগেই পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করা হবে। প্রতিবছরের ন্যায় এবারও অত্যন্ত সুন্দর ও নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হবে বলেও জানান তারা।

আয়োজকরা আরও জানান, নিরাপত্তার স্বার্থে সিলেট জেলার বাইরে থেকে প্রশ্ন প্রণয়ন ও প্রিন্ট করা হবে। প্রিন্ট শেষে কড়া নিরাপত্তায় সিল করা প্যাকেটে পরীক্ষার দিন সকালে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পৌছাবে।

পরীক্ষার সময়সূচি তুলে ধরে বক্তারা জানান, শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হবে ইংরেজি বিষয়ের পরীক্ষা, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। এরপর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত থাকবে নামাজ ও আপ্যায়ন বিরতি। বিরতির পর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে গণিত বিষয়ের পরীক্ষা। অষ্টম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষার সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান তারা। তাই সব শিক্ষার্থীকে যথাযথ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়ে সবার প্রতি শুভেচ্ছা ব্যক্ত করেন বক্তারা।

শিক্ষাখাতের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও এ ট্রাস্ট নিয়মিত ভূমিকা রেখে চলেছে বলে জানান বক্তারা। শীতকালে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং রমজান মাসে দরিদ্র পরিবারে ফুড প্যাকেজ বিতরণ তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। এছাড়া ইতিপূর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন, শিক্ষাসামগ্রী বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সিসি ক্যামেরা স্থাপনসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করেছে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট।

উল্লেখ্য, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হকের কন্যা শিরিন হকের অকাল প্রয়াণের পর তার স্মরণে এ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন পিতা ফজলুল হক। শিরিন হক যুক্তরাজ্যে শিক্ষকতা ও মানবিক কাজে নিয়োজিত ছিলেন। ২০২০ সালে তিনি অকালে মৃত্যুবরণ করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হকের অর্থায়নে মানবিক, সামাজিক ও শিক্ষাবান্ধব এসব কর্মসূচি পরিচালিত হয়ে আসছে।

প্রেস ব্রিফিং শেষে আয়োজকরা মেধাবৃত্তি পরীক্ষায় আগত সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমণ্ডলী, শুভানুধ্যায়ী, সাংবাদিক ও অতিথিবৃন্দকে অগ্রীম ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় এবারের মেধাবৃত্তি পরীক্ষাও অতন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হবে বলেও প্রত্যাশা করেন।