Tuesday, 17 November 2026

গোলাপগঞ্জে পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

 

বামে জাকারিয়া আহমদ লাকী ও ডানে নিজাম উদ্দিন | ছবি : সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত উপজেলার লক্ষ্মীপাশা বাজার থেকে ঐ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের নিমাদল পূর্বপাড়া গ্রামের বারিক আলী ফুটইয়ের ছেলে।

এদিকে, একই দিন রাত সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জের এমসি একাডেমি এলাকা থেকে সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ লাকীকে (২৮) গ্রেপ্তার করা হয়। তিনি পৌর এলাকার রণকেলী ইয়াগুল গ্রামের রিয়াজ আহমদের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. ছবেদ আলী। তিনি জানান - গ্রেপ্তারকৃত দুজনই গোলাপগঞ্জ মডেল থানার মামলা নং-০৮ (তারিখ: ৯ নভেম্বর ২০২৬), বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারার মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।