Thursday, 3 June 2021

একসঙ্গে থাকতে চাওয়া নিয়ে মাহির হৃদয়স্পর্শী স্ট্যাটাস

একসঙ্গে থাকতে চাওয়া নিয়ে মাহির হৃদয়স্পর্শী স্ট্যাটাস


সম্প্রতি পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে ২০১৬ সালের ২৪ মে বিয়ে হয় মাহিয়া মাহির। কয়েক বছর পার হতেই স্বামীর সঙ্গে মাহির সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন প্রকাশ পায়। অবশেষে ২৩ মে এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই জানিয়ে দিলেন স্বামীর সঙ্গে আর থাকছেন না তিনি।

কিন্তু স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে সবসময় থাকতে চেয়েছিলেন মাহি। মঙ্গলবার (১ জুন) রাতে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাসে সেই কথা নিজেই জানালেন। লিখলেন, অপুর সঙ্গে সংসার টিকিয়ে রাখা শত চেষ্টা করেছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়ে উঠেনি।

মাহি তার পোস্টে লিখেছেন, ‘মুখে মুখে না হয় ১২ লক্ষবার ছেড়ে যাব বলেছিলাম কিন্তু যেই খোদাকে তুমি বিশ্বাস করো তার কাছে সিজদায় শেষদিন পর্যন্ত একসঙ্গে থাকার জন্য কত কোটিবার মাথা ঠুকেছিলাম সেটা বুঝতে কেন পারলে না?’

স্ট্যাটাসের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন মাহি। যেখানে দেখা যাচ্ছে লাল রঙের শাড়ি পরে আছেন নায়িকা। বোঝা যাচ্ছে তিনি পুরনো স্মৃতি আঁকড়ে ধরতে চাইছেন।

বিচ্ছেদের পর মাহি সংবাদমাধ্যমকে জানান, প্রায় বছর দুই আগেই তাদের বিচ্ছেদ হয়েছে। কিন্তু তার স্বামী অপু গত ২৬ মে জানান, দুই বছর নয়, মাত্র দুই দিন আগে তাদের বিচ্ছেদ হয়।

Wednesday, 2 June 2021

সিলেটের নূর চৌধুরীসহ বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব-পদক বাতিল

সিলেটের নূর চৌধুরীসহ বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব-পদক বাতিল


সিলেটের নূর চৌধুরীসহ বঙ্গবন্ধুর পলাতক চার খুনির মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া বীরত্বের খেতাব, পদক ও সনদ বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সচিবালয়ে বুধবার (২ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রী জানান, বঙ্গবন্ধুর খুনিদের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, শিগগিরই গেজেট জারি করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানান, যাচাই-বাছাইয়ের পর খেতাব বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে গত বছরের ডিসেম্বরে চার খুনির মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া বীরত্বের খেতাব বাতিল করা হয়। চারজন হলেন- শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও এবিএমএইচ নূর চৌধুরী।

জাতির পিতাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই চারজনের খেতাব বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাশ রিট আবেদন করেন। তার রিটের পরিপ্রেক্ষিতে এ খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়।

রিট আবেদনে বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও গেজেটে দেখা গেছে, বঙ্গবন্ধুর পলাতক ছয় খুনির অন্যতম নূর চৌধুরীর নামের সঙ্গে ‘বীর বিক্রম’, শরিফুল হক ডালিমের নামের সঙ্গে ‘বীর উত্তম’, রাশেদ চৌধুরীর নামের সঙ্গে ‘বীর প্রতীক’ ও মোসলেহ উদ্দিন খানের নামের সঙ্গে ‘বীর প্রতীক’ উপাধি রয়েছে।

১৯৯৮ সালের ৮ নভেম্বর ওই চারজনসহ মোট ১৫ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে ঢাকার দায়রা জজ আদালত। ২০০৯ সালের ১৯ নভেম্বর আপিল বিভাগ সেই মামলার চূড়ান্ত রায় দেয়। তবে ২০১৫ সালের ১১ আগস্ট সবশেষ এ তালিতা হালনাগাদ করা হলেও সেখানে খুনিদের নাম থেকে যায়।

গণধর্ষণের ঘটনায় এমসি কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ

গণধর্ষণের ঘটনায় এমসি কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ



গত বছরের ২৯ সেপ্টেম্বর এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণের ঘটনা এমসি কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল আংশিক মঞ্জুর করে বুধবার (২ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কমরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। এর আগে মঙ্গলবার সিলেটের এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় জারি করা রুলের রায়ের জন্য বুধবার (২ মে) দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।

গণধর্ষণের এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

একইসঙ্গে এ ঘটনায় অনুসন্ধানে যৌথ কমিটি গঠন করেন হাইকোর্ট।  চার সদস্যের অনুসন্ধান কমিটিতে সিলেটের জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান, অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেসা, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেম ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন সুলতানা ছিলেন।  পরে অনুসন্ধান কমিটি হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে বলা হয়, সিলেটের এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় হোস্টেল সুপার ও প্রহরীদের দায়িত্বে অবহেলা ছিল। তাই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এমসি কলেজের অধ্যক্ষও কোনোভাবেই ওই ঘটনার দায় এড়াতে পারেন না।  গণধর্ষণের পেছনে মূলত হোস্টেলের বর্তমান তত্ত্বাবধায়কেরা, হোস্টেলের মূল গেটের ডে গার্ড, ৫ নম্বর ব্লকের ডে গার্ড ও নাইট গার্ড (নৈশপ্রহরী) এবং ৭ নম্বর ব্লকের ডে গার্ড ও নাইট গার্ডের দায়িত্বে অবহেলা ছিল।

গত বছরের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীকে সঙ্গে নিয়ে এমসি কলেজে বেড়াতে আসেন এক গৃহবধূ। এসময় ক্যাম্পাস থেকে কয়েকজন ছাত্র ওই গৃহবধূকে স্বামীসহ কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে যায়। পরে তারা স্বামীকে বেঁধে মারধর করে গৃহবধূকে ধর্ষণ করে।  খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

ভুক্তভোগী গৃহবধূর স্বামী ঘটনার দিন (২৫ সেপ্টেম্বর) রাতে বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করেন।  মামলায় এজাহার নামীয় আসামি করা হয় ৬ জনকে।  সেই সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও ২/৩ জনকে আসামি করা হয়।  আসামিরা হলেন- এম. সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, অর্জুন লঙ্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান। তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আসামিদের মধ্যে তারেক ও রবিউল বহিরাগত, বাকিরা এমসি কলেজের ছাত্র। এরইমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

এমসি কলেজে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের উদাসীনতায় ব্যবস্থা চেয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মোহাম্মদ মেসবাহ উদ্দিন।

সিলেটে আগামী সপ্তাহেই বন্যার আশঙ্কা

সিলেটে আগামী সপ্তাহেই বন্যার আশঙ্কা


সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন ভারি বৃষ্টিপাতের ফলে আগামী সপ্তাহেই সিলেটর কিছু অঞ্চল বন্যাকবলিত হতে পারে।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ‘সিলেটে ভূমিকম্প ও বন্যা পরবর্তী করণীয়’ বিষয়ক জরুরি সভায় তিনি এ পূর্বাভাস জানিয়েছেন।

তিনি জানান, আগামী সপ্তাহে সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলায় ভারি বৃষ্টিপাত ও বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসময় সাঈদ চৌধুরী বলেন, গত শনিবার ও রোববার সিলেটে হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল এখন আর সীমান্তবর্তী ডাউকিতে সীমাবদ্ধ নয়। অবস্থান পরিবর্তন করে বিভিন্ন স্থানে ভূকম্পের সংযোগস্থল তৈরি হচ্ছে। এমনি একটি স্থান এখন রাতারগুল। শনিবার অনুভূত চারটি ভূমিকম্পের একটির উৎপত্তিস্থল ছিল রাতারগুল।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য দেন সিলেট সেনানিবাসের লে. কর্নেল জাহিদ, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মো. তারিক, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক ইমরান হোসেন, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, সিলেট জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন, সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাংবাদিক আব্দুর রশিদ রেনু ও সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনিসুর রহমান প্রমুখ।

বিয়ানীবাজারে ইয়াবা বিক্রিকালে ২ যুবক গ্রেফতার

বিয়ানীবাজারে ইয়াবা বিক্রিকালে ২ যুবক গ্রেফতার



বিয়ানীবাজার সংবাদদাতাঃ বিয়ানীবাজার থেকে ইয়াবা বিক্রিকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকা থেকে ২৮ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করে। বুধবার (২ জুন) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

ইয়াবাসহ আটককৃতরা হচ্ছেন- বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা গ্রামের আব্দুল লতিফের ছেলে আবুল কাশেম ওরফে অডি (২৪) ও নয়াগ্রামের মাখন খলিফার ছেলে দেলোয়ার হোসেন ওরফে সুমন আহমদ (২৬)।

বিষয়টি নিশ্চিত করেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়। তিনি বলেন, গোপন তথ্যে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা বিক্রি করার সময় ২ যুবককে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অবস্থান জিরো টলারেন্সে। মাদক কারবারিদের গ্রেফতারসহ মাদক নির্মূলে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tuesday, 1 June 2021

রাজধানীতে গোলাপগঞ্জের যুবককে ছয় টুকরো করে হত্যাঃ ৫ দিনের রিমান্ডে স্ত্রী

রাজধানীতে গোলাপগঞ্জের যুবককে ছয় টুকরো করে হত্যাঃ ৫ দিনের রিমান্ডে স্ত্রী


রাজধানীর মহাখালীতে দ্বিতীয় বিয়ে করার কারণে ময়না মিয়া নামের এক যুবককে কুপিয়ে হত্যার পর মরদেহটি ছয় টুকরো করে ফেলে দেন প্রথম স্ত্রী ফাতেমা খাতুন। ময়না মিয়ার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌঘরী গ্রামে। তিনি মরহুম তোতা মিয়ার ছেলে। এ ঘটনায় ময়না মিয়ার প্রথম স্ত্রী ফাতেমা খাতুনকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


মঙ্গলবার (০১ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।


এর আগে এদিন দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের সাইবার ক্রাইম ইউনিটের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ জানান, মহাখালী থেকে উদ্ধার হওয়া ময়না মিয়ার ছয় টুকরো মরদেহটির রহস্য উদঘাটন করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 


এ ঘটনায় অভিযুক্ত ফাতেমা খাতুনকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তারের সময় ফাতেমার কাছ থেকে বোরকা, নিহতের রক্তমাখা জামাকাপড়, ধারালো ছুরি, ধারালো দা, বিষাক্ত পেয়ালা ও শীল-পাটা উদ্ধার করে পুলিশ।


তিনি বলেন, ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান, অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সাকলায়েন ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রেজাউল হক টিম নিয়ে তথ্য-প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে ঘটনাটির রহস্য উন্মোচন করেন। এ হত্যাকাণ্ডের একমাত্র আসামি নিহতের প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।


সংবাদ সম্মেলনে হারুন-অর-রশীদ বলেন, রোববার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রোডের আমতলী এলাকায় একটা নীল রঙের ড্রামের মধ্যে বনানী থানা পুলিশ একজন পুরুষ ব্যক্তির মাথাবিহীন দেহ উদ্ধার করে। এরপর রাত ১১টার দিকে মহাখালী বাস টার্মিনালের এনা কাউন্টারের কাছে খণ্ডিত দুটি পা এবং কাঁধ থেকে খণ্ডিত দুটি হাতের অংশ উদ্ধার করে তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশ।


এ বিষয়ে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী ইউনিটের সঙ্গে সিআইডির ফরেনসিক বিভাগ ভিকটিমের পরিচিতি শনাক্ত করার জন্য চেষ্টা চালায়। আর ডিবির গুলশান বিভাগের একটি টিম নিহতের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কথা বলে তার স্বামী নিখোঁজ হওয়ার বিষয় নিশ্চিত হয়।


ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, নিহত ব্যক্তি বনানীর কড়াইল এলাকাতে তার প্রথম স্ত্রী ফাতেমার সঙ্গে কয়েকদিন ধরে বসবাস করছিলেন। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ বনানী থানার একটি ইলেকট্রনিক যন্ত্রপাতির কোম্পানির অফিস থেকে আসামি ফাতেমা খাতুনকে গ্রেপ্তার করে।


ঘটনার বিবরণ দিয়ে মশিউর রহমান বলেন, গ্রেপ্তার ফাতেমা জানান, গত ২৩ মে থেকে তার স্বামী ময়না মিয়া কড়াইল এলাকায় তার বাসাতেই অবস্থান করছিলেন। পারিবারিক কলহ, টাকা-পয়সা বণ্টন ও একাধিক বিয়েকে কেন্দ্র করে ময়না মিয়ার সঙ্গে তার মনোমালিন্য হয়। এক পর্যায়ে ফাতেমা পরিকল্পনা করে তার স্বামীকে ঘুমের ট্যাবলেট খাইয়ে নিস্তেজ করেন এবং পরবর্তীতে টুকরো টুকরো করে মরদেহ ফেলে দেন।

চীনে বার্ড ফ্লুর নতুন ধরনে আক্রান্ত মানুষ

চীনে বার্ড ফ্লুর নতুন ধরনে আক্রান্ত মানুষ

প্রথমবারের মতো মানবদেহে এইচ১০এন৩ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশু প্রদেশে গত মঙ্গলবার (০১ জুন) এ রোগ শনাক্ত হয়। খবর রয়টার্সের।

গত ২৮ এপ্রিল বার্ড ফ্লুর ধরনটিতে আক্রান্ত ওই ব্যক্তি জ্বরসহ একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি ঝেনজিয়াং শহরের বাসিন্দা। এর এক মাস পর ওই ব্যক্তির শরীরে ফ্লুর ধরন থাকার বিষয়টি নিশ্চিত হয়।

চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বার্ড ফ্লুতে আক্রান্ত ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল। শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে।

তবে ওই লোক কীভাবে এই ভাইরাসে আক্রান্ত হলেন তা জানা যায়নি। তার ঘনিষ্ঠ আর কেউ এ ভাইরাসে আক্রান্ত নন বলেও জানিয়েছে দেশটি।

প্রধানত পোল্ট্রি খাতে দেখা যাওয়া ভাইরাসের এই এইচ১০এন৩ ধরনটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম। চীনে ইনফ্লুয়েঞ্জার অনেকগুলো ধরন রয়েছে। সেগুলো মাঝেমধ্যে মানুষকে আক্রান্ত করে। তবে এইচ১০এন৩ বার্ড ফ্লুতে দেশটিতে আর কেউ আক্রান্ত হয়নি।