Friday, 4 June 2021

রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমারের ‘ছায়া’ সরকার

রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমারের ‘ছায়া’ সরকার

মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে এ বছরের ফেব্রুয়ারি থেকে জোর করে ক্ষমতাসীন রয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। এবার জান্তা সরকারকে সরিয়ে ক্ষমতায় ফিরতে বৃহস্পতিবার (৩ জুন) পাঁচটি নীতিকৌশল প্রকাশ করেছে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত ঐক্য সরকার।

জান্তা সরকারকে অবৈধ ঘোষণা করে সম্প্রতি দেশটির রাজনীতিবিদসহ বেসামরিক নাগরিকদের নিয়ে গঠন করা হয়েছে জাতীয় ঐক্য সরকার- এনইউজি। এর মধ্যে সু চির রাজনৈতিক দল এনএলডির সদস্যরাও রয়েছেন। তারা নিজেদের মিয়ানমারের বৈধ সরকার হিসেবে দাবি করছে। একইসঙ্গে বিশ্বের দরবারে সমর্থন পাওয়ারও চেষ্টা করছে তারা।

এনইউজি বৃহস্পতিবার প্রকাশিত নীতিকৌশলে ১৯৮২ সালের বিতর্কিত নাগরিকত্ব আইন সংশোধনের ঘোষণা দেওয়া হয়েছে। ওই বিতর্কিত আইনে রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করা হয়েছিল। এবার এনইউজি সরকার আইনটি সংশোধন করে জানাচ্ছে, আইনটি সংশোধন করে বিশ্বের যে কোনো প্রান্তে জন্ম নেওয়া মিয়ানমারের নাগরিকদের সন্তানকে পূর্ণ নাগরিকত্ব প্রদান করা হবে। বিবৃতিতে রোহিঙ্গাসহ মিয়ানমারের নাগরিকদের এনইউজি সরকারের সঙ্গে যুক্ত হতে আহ্বান জানানো হয়েছে।

এনইউজি এক বিবৃতিতে জানিয়েছে, রোহিঙ্গাদের ওপর সামরিক বাহিনীর সহিংসতা ও চরম মানবাধিকার লঙ্ঘন এবং গত কয়েক দশক ধরে রাখাইনে চলা সহিংসতায় লাখ লাখ মানুষ ঘরছাড়া হওয়ার বিষয়টি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে জাতীয় ঐক্য সরকার। তাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়া হবে।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটপাটের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় সাড়ে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা। সব মিলিয়ে সাড়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয়ে রয়েছে। বিপুল সংখ্যক রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ চাপ দিলেও এ নিয়ে কার্যত কোনো কথাই কানে তুলছে না মিয়ানমার।

Thursday, 3 June 2021

বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় পয়েন্ট পেল বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় পয়েন্ট পেল বাংলাদেশ


আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বেশ কঠিন হবে বলেই মনে করা হয়েছিল। এখান থেকে পয়েন্ট বের করতে চাইলে সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে ফুটবলারদের পারফর্ম করতে হবে বলে জানিয়েছিলেন জামাল ভূঁইয়া।

তবে বৃহস্পতিবার (৩ জুন) দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে ম্যাচটিতে পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, পুরো ম্যাচজুড়েই লাল-সবুজরা ছিলেন সাবলীল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই যদিও গোল খেয়ে ছন্দ হারিয়েছিল জেমির শিষ্যরা। তবে ৮০ মিনিটে দুর্দান্তভাবে ওই গোল শোধ দিয়েছেন তপু বর্মন। এতে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ড্র করে পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।  

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে বাংলাদেশ। ম্যাচর ৪৮তম মিনিটে গোলটি করেন আমিরুদ্দিন মোহাম্মদ আনোয়ার শরিফি। এতে হারের শঙ্কায় ছন্দ হারিয়ে ফেলে লাল সবুজের প্রতিনিধিরা। অবশেষে সেই শঙ্কা কাটিয়ে ম্যাচে সমতা ফিরিয়েছেন তপু বর্মন। ম্যাচের ৮৪তম মিনিটে এই ডিফেন্ডারের গোলে ম্যাচে এখন ১-১ সমতা।

২০১৯ সালে বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। প্রায় দুই বছর পর আজকের ফিরতি ম্যাচে পয়েন্ট পেল জামাল ভূঁইয়ারা। বাছাইয়ের ৬ ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় ড্র। পয়েন্টও ২। সবশেষ ভারতের বিপক্ষে কলকাতার সল্টলেকে ড্র করে প্রথম পয়েন্ট পেয়েছিল লাল-সবুজরা।

১৫০ বছর বাঁচতে পারে মানুষ: নতুন গবেষণা

১৫০ বছর বাঁচতে পারে মানুষ: নতুন গবেষণা

অমরত্ব পেয়ে যাওয়া হয়তো সম্ভব নয়। তবে চাইলে বেঁচে থাকতে পারবেন ১৫০ বছর! যদি ঘাড়ে না চেপে বসে বড় কোনো অসুখ বা দুর্ঘটনা। এমনটাই জানা নতুন এক গবেষণায়।

মানুষের আয়ু কত লম্বা হতে পারে, জানার চেষ্টা করছেন সিঙ্গাপুরভিত্তিক বায়োটেক সংস্থা গিরোর গবেষকরা।

‘নেচার কমিউনিকেশন’ নামক এক জার্নালে বিজ্ঞানীরা সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন। তাতে উল্লেখ করা হয়েছে, ১২০-১৫০ বছর পর্যন্ত আয়ু থাকতে পারে মানুষের।

সেখানে আরও বলা হয়েছে, মৃত্যু হলো একটি জৈবিক প্রক্রিয়া। মানসিক বা শারীরিক চাপের উপরে তা নির্ভরশীল নয়। শরীরের ডায়নামিক অর্গ্যানিজম স্টেট ইন্ডিকেটরের স্কোর জানিয়ে দেবে কতদিন বাঁচতে পারেন আপনি। আর সেই স্কোরে সেঞ্চুরি হাঁকালে রেডিও থেকে ভিডিও কলের মতো দীর্ঘ জীবনে জার্নি করার সুযোগ মিলবে আপনার।

বার্ধক্য যখন আসে, তখন শরীরে নানারকম পরিবর্তন আসে। রক্তকোষে একাধিক বদল আসে। এই গবেষণায় মানুষের হাঁটাচলা থেকে যাবতীয় সবকিছুতে দৃষ্টিনিক্ষেপ করা হয়েছে। মূলত, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অনেক মানুষকে নিয়ে চলেছে সমীক্ষা।

বিজ্ঞানীরা সর্বাধিক বয়স মাপার জন্য বিশেষ কিছু ইন্ডিকেটর্স তৈরি করেছে। যার নাম দেওয়া হয়েছে ডায়নামিক অর্গ্যানিজম স্টেট ইন্ডিকেটর। এটা থকে জানা যায়, মানুষ কত বছর পর্যন্ত বাঁচতে পারে! তার জন্য বিশেষ ধরনের রক্ত পরীক্ষা করতে হবে।

পরীক্ষায় রক্তে উপস্থিত শ্বেত কণিকা, লোহিত কণিকা এবং প্লেটলেট বা অনুচক্রিকার হিসাব করা হয়। বয়স বাড়া মানে শরীরবিদ্যায় বলা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমশ কমতে থাকে মানুষের।

ডায়নামিক অর্গ্যানিজম স্টেট ইন্ডিকেটরের স্কোর যত কম  হবে, নির্দিষ্ট মাপকাঠি অনুয়ায়ী তত কম বয়স পর্যন্ত বাঁচবেন ব্যক্তি। সাধারণ রোগের উপর শরীর কেমন কাজ করতে পারে তা এই স্কোরের ভিত্তিতে জানা যেতে পারে। এই স্কোর রেট যদি সঠিক রাখা যায়, তাহলেই ১৫০ বছর বাঁচবেন আপনি। এখন এটা কীভাবে সম্ভব হতে পারে তার জন্য দীর্ঘ গবেষণা এখনও চলছে।


সূত্র: জিনিউজ

দাম বাড়ছে সিম কার্ডের

দাম বাড়ছে সিম কার্ডের

নতুন অর্থ বছরে মোবাইল ফোনের সিম কার্ডের দাম বাড়ছে। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিম কার্ডের ওপর সম্পূরক শুল্কহার ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। আগে সিম কার্ডের ওপর সম্পূরক কর ছিল ১৫ শতাংশ। এবার ২০ শতাংশ আরোপ হলে তা দাঁড়াবে ৩৫ শতাংশে।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেট উত্থাপন করা হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিম কার্ডে শুল্ক আরোপ করা হলেও তা খুব বেশি প্রভাব পড়বে না। কারণ চাহিদার ১০ শতাংশেরও কম সিম আমদানি করা হয়। আর বাকি ৯০ শতাংশ সিম দেশেই তৈরি হয়। দেশে এখন ৭টি প্রতিষ্ঠান সিম কার্ড তৈরি করে।

মোবাইল ফোন অপারেটর রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম সংবাদমাধ্যমকে বলেন, দেশের ইতিহাসে প্রস্তাবিত সর্ববৃহৎ বাজেট দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে টেলিযোগাযোগ খাতকে কিছুটা হলেও সংকুচিত করবে। এরপরও সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে পরিপূর্ণ উদ্যমে কাজ করে যেতে চাই।

খরচ বাড়ছে নগদ-বিকাশে

খরচ বাড়ছে নগদ-বিকাশে


চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নগদ, বিকাশসহ সব মোবাইল ব্যাংকিং কোম্পানির করপোরেট কর বাড়ানো হয়েছে। ফলে বিকাশ, নগদ, রকেট ও এমক্যাশসহ মোবাইল ব্যাংকিংয়ের খরচ বাড়বে।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, পাবলিকলি ট্রেডেড এমএফএস প্রতিষ্ঠানের করপোরেট কর ৩২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব করছি। আর পুঁজিবাজারে তালিকাভুক্ত এমএফএস কোম্পানির করপোরেট কর ৩২ দশমিক ৫ শতাংশ থেকে সাড়ে ৩৭ শতাংশ করার প্রস্তাব করছি।

তিনি বলেন, একক ব্যক্তির কোম্পানির ক্ষেত্রে করপোরেট কর ৩২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করছি।

২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।

এবারও হজ করতে পারবেন না বাংলাদেশিরা

এবারও হজ করতে পারবেন না বাংলাদেশিরা


বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে গত বছর সৌদি আরবের বাইরে থেকে কাউকে হজ পালনের অনুমতি দেওয়া হয়নি। পরিস্থিতির উন্নতি না হওয়ায় চলতি বছরও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তবে আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, সব ধরনের সেবা প্রদানকারী সংস্থার জায়গা সংকুলান হয় না। ফলে হজ ক্যাম্প ভবনে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং হজ ক্যাম্পের অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

মুস্তফা কামাল আরও জানান, চলতি অর্থবছরে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় এক হাজার ইমামকে সুদমুক্ত ঋণ ও চার হাজার দুস্থ ইমামকে সাহায্য প্রদান করা হয়েছে।

এ বছর সর্বোচ্চ ৬০ হাজার মানুষের অংশগ্রহণে হজ আয়োজনের সুপারিশ করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে ১৫ হাজার সৌদি নাগরিক এবং বিভিন্ন দেশে থেকে ৪৫ হাজার বিদেশি মুসল্লি হজে অংশ নিতে পারবেন।

গভীর নিম্নচাপসহ শক্তিশালী কালবৈশাখীর আশঙ্কা

গভীর নিম্নচাপসহ শক্তিশালী কালবৈশাখীর আশঙ্কা


গত মে মাসে ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশের উপকূল এলাকায় আঘাত আনে। তবে এ ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কম ছিল। তবে এবার চলতি জুন মাসে বঙ্গোপসাগরে একাধিক গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে শক্তিশালী কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা আছে।

বুধবার (০২ জুন) আবাহওয়া অধিদপ্তরে গত এক মাসের আবহাওয়ার পর্যালোচনা এবং আগামী এক মাসের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে অনুষ্ঠিত এক সভা থেকে এসব তথ্য জানা গেছে। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক সামসুদ্দিন।

সভা থেকে জানা যায়, অতিভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে। পাশাপাশি মাঝারি মাত্রার দাবদাহ বয়ে যেতে পারে দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শ ম সজিব হোসেন জানান, প্রতি মাসের শুরুতে পরিচালকের সভাপতিত্বে বিশেষজ্ঞ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে এসব তথ্য উঠে এসেছে।

সভায় জানানো হয়, মে মাসে স্বাভাবিক অপেক্ষা ২৬ দশমিক ৬ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। এটি সারাদেশের গড় হিসাব। কিন্তু রাজশাহী ও রংপুর বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং খুলনা ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।

জুন মাসের আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করে বলা হয়েছে, এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শুরুতে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাত পরিমাপ একেক বিভাগে একেক রকম হয়।

এ ছাড়া জুনে ঢাকা বিভাগে ৩৫৬ মিলি, ময়মনসিংহে ৪৩২ মিলি, চট্টগ্রামে ৫৮৯ মিলি, সিলেটে ৬৩৪ মিলি, রংপুরে ৩৮৯ মিলি, খুলনাতে ২৯৬ মিলি, বরিশালে ৪৮৩ মিলি মিটার স্বাভাবিক বৃষ্টিপাত হিসেবে ধরা হয়েছে বলেও আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়।

সভায় আরও জানানো হয়, এ মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। উত্তর-মধ্য অঞ্চলে দুই থেকে তিন দিন মাঝারি অথবা তীব্র বজ্রঝড় ও দেশের অন্যান্য জায়গায় তিন থেকে চার দিন হালকা অথবা মাঝারি বজ্রঝড় হতে পারে। 

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ মাসে একটি মৃদু অর্থাৎ ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের অথবা মাঝারি ৩৮ থেকে ৪০ ডিগ্রির দাবদাহ বয়ে যেতে পারে বলেও সভায় জানানো হয়।

জুন মাসে ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে এবং দক্ষিণ পূর্বের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে।

এদিকে বৃহস্পতিবার (০৩ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়াও দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এ সময় ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটারে ওঠে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার হতে আসাম অতিক্রম করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অবস্থান করছে। অপর লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ ছাড়া গতকাল বুধবার (০২ জুন) সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের সৈয়দপুরে ৩৫ দশমিক ৭  ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৫৪ মিলিমিটার।