Thursday, 10 June 2021

নতুন সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ

নতুন সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ


সেনাবাহিনী প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আগামী ২৪ জুন (২০২১) বিকেল থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুযায়ী তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো।

বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি। জেনারেল আজিজ আহমেদ আগামী ২৪ জুন অবসরে যাবেন।

Wednesday, 9 June 2021

গোলাপগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

গোলাপগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩



গোলাপগঞ্জে বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আম্বর আলী নামের এক কিশোর নিহত এবং আরোও ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুন) রাত ৯ টার দিকে গোলাপগঞ্জ-ভাদেশ্বর সড়কের ঢাকাদক্ষিণ  কানিশাইল গ্রামের সাবেক ভিপি সফিক উদ্দিনের বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত আম্বর আলীর বাড়ি ভাদেশ্বরের নালিউরি গ্রামে। সে মরহুম মনচই মিয়ার পুত্র।

জানা যায়, গোলাপগঞ্জ থেকে ভাদেশ্বরগামী বাস (সিলেট জ- ১১-০৪২৪) ও ভাদেশ্বর থেকে ঢাকাদক্ষিগামী সিএনজি অটোরিকশা কানিশাইল গ্রামের সাবেক ভিপি সফিক উদ্দিনের বাড়ির সামনে আসামাত্র মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

এঘটনায় অপর ৩জন মারাত্মকভাবে আহত হয়েছেন বলেও জানা যায়।

তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। 

গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পাঠানো হয়েছে। 
ফেঞ্চুগঞ্জে সুইসাইড নোট লিখে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা

ফেঞ্চুগঞ্জে সুইসাইড নোট লিখে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা

ফেঞ্চুগঞ্জে চলন্ত অবস্থায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে লাফ দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন। আত্মহত্যা করা ওই নারীর নাম রিনা পাল, তার বাড়ি কুলাউড়া উপজেলার রামপাশা গ্রামে।

মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যা ৬টায় ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলস্টেশনে পাশে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

আত্মহত্যার পর পুলিশ ওই নারীর হাত থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে।

জানা যায়, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস মাইজগাঁও স্টেশনে এসে থামে। সেখানে থেকে ছাড়ামাত্র চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন রিনা পাল। এসময় তার ডান পা কাটা পড়লে  গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাইজগাঁও রেলস্টেশনের সহকারী মাস্টার পার্থ তালুকদার নিশ্চিত করে বলেন, চিরকুটের লেখা পড়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Tuesday, 8 June 2021

রাস্তায় থাপ্পড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ (ভিডিও)

রাস্তায় থাপ্পড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ (ভিডিও)

সফরকালীন সময়ে রাস্তায় বেরিয়ে কতিপয় যুবকের থাপ্পড় খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট মান্যুয়েল ম্যাক্রোঁ। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে থাপ্পড় মারার দৃশ্যটি ভাইরাল হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, ম্যাক্রোঁকে থাপ্পড় মারার ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার দক্ষিণপূর্বাঞ্চলীয় ফ্রান্সের ড্রোম অঞ্চলে সরকারি সফরকালে জনতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ব্যারিকেডের কাছে যান ফরাসি প্রেসিডেন্ট। এসময় ব্যারিকেডের উল্টো দিক থেকে এক যুবক হাত বাড়িয়ে আচমকা প্রেসিডেন্টের গালে থাপ্পড় মেরে বসেন।

সঙ্গে সঙ্গেই নিরাপত্তা সদস্যরা ম্যাক্রোঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন এবং থাপ্পড় মারা যুবককে আটক করেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন...

Monday, 7 June 2021

গোলাপগঞ্জ উপজেলা আ'লীগের সহ-সভাপতি মস্তাব উদ্দিন ও সদস্য সেলিম আহমদকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

গোলাপগঞ্জ উপজেলা আ'লীগের সহ-সভাপতি মস্তাব উদ্দিন ও সদস্য সেলিম আহমদকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন


গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে মস্তাব উদ্দিন কামাল চেয়ারম্যান ও সদস্য পদে সেলিম উদ্দিন নির্বাচিত হওয়ায় ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বৃহত্তর চন্দরপুর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সোমবার (৭ জুন) বাদ সন্ধ্যায় চন্দরপুর বাজারে এ শুভেচ্ছা বিনিময় করেন নেতা-কর্মীরা। এসময় নেতৃবৃন্দ নব-নির্বাচিত এ দুই নেতাকে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন।


শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ কটই, সাংঠনিক সম্পাদক আফজল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল গফুর, আইন বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলী হোসেন, যুবলীগ নেতা দুলাল আহমদ, বোরহান উদ্দিন, বুধবারীবাজার ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি বেলাল আহমদ জয়, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ লিটন, ছাত্রনেতা আলী হোসেন রাদিস, কুতিল আহমদ, সালমান কাদের, সৈকত আহমদ, মোহন আহমদ প্রমুখ।

সিলেটে ফের ভূমিকম্পঃ উৎপত্তিস্থল দক্ষিণ সুরমা

সিলেটে ফের ভূমিকম্পঃ উৎপত্তিস্থল দক্ষিণ সুরমা


নিজস্ব প্রতিবেদকঃ গতমাসের ২৯ তারিখের কয়েকদফা ভূমিকম্পের আতঙ্ক না কাটার আগেই সিলেটে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে আবারও দুই দফা ভূমিকম্প অনুভূত হয়।

সন্ধ্যা ৬টা ২৮ ও ৬টা ২৯ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। এসময় নগরজুড়ে আতঙ্ক দেখা দেয়। বাসা ও অফিসে থাকা মানুষজন ঘর ছেড়ে আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন।

ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৮। যার উৎপত্তিস্থল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের কাদিপুর বা আশপাশের এলাকায় বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।

তিনি জানান, সন্ধ্যায় সিলেটে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট আবহাওয়া অফিস থেকে ১০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে।

এর আগে গত ২৯ মে সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট অঞ্চলে প্রায় চারবার ভূমিকম্প হয়। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। পরদিন ভোরে আবার ভূমিকম্প হয়। যার সবগুলোর কেন্দ্রস্থল সিলেটের জৈন্তাপুর এলাকায়।

কোবরা সাপের কামড়ে মৃতপ্রায় রোগীকে বাঁচিয়ে তুললেন চিকিৎসকরা

কোবরা সাপের কামড়ে মৃতপ্রায় রোগীকে বাঁচিয়ে তুললেন চিকিৎসকরা



বিষাক্ত কোবরা সাপের (স্থানীয় ভাষায় জাতিসাপ) কামড়ে মৃতপ্রায় রোগীকে চিকিৎসা দেয়ার পর সুস্থ ঘোষণা করেছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা। এনিয়ে দ্বিতীয়বারের মতো সাপেকাটা রোগীকে সুস্থ করল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স।

সুস্থ হওয়া ওই রোগীর নাম মো. জসিম হাওলাদার(৩৫)। বুধবার (২ জুন) পাটক্ষেতে কাজ করতে গেলে সাপে কামড় দিলে তার দেহে জ্বালাপোড়া শুরু হয়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় এক ব্যক্তি তার স্বজনদের খবর দেন। স্বজনরা জসিমকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


প্রথমে নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরাজ মজুমদার ওই রোগীকে চিকিৎসা দেন। পরে খবর পেয়ে আবাসিক মেডিকেল অফিসার ডা. বি এম রাইসুল সাইফ জরুরিভিত্তিতে হাসপাতালে আসেন এবং তার তত্ত্বাবধানে চিকিৎসা চলতে থাকে। টানা দুই দিন চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে সুস্থ হয়ে ওঠেন জসিম।

ডা. মেহেরাজ মজুমদার বলেন, রোগী প্রায় সাড়ে তিন ঘণ্টা অজ্ঞান ছিলেন। তার মুখ দিয়ে ফেনা বের হয়ে হচ্ছিল এবং প্যারালাইজড ছিল পুরো বডি। তাকে দ্রুত অ্যান্টিভেনম এবং প্রথমবারে ১০টি ভায়াল দেয়া হয়। তাতেও যখন মনে হয়েছে আরও অ্যান্টিভেনম দরকার, তখন আরও চার ভায়াল দেয়া হয়। সর্বমোট ১৪ ভায়াল অ্যান্টিভেনমসহ আরও বেশ কিছু ইমার্জেন্সি মেডিসিন ব্যবহার করা হয়। এরমধ্যে একটি মেডিসিন নড়িয়া উপজেলা পর্যায়ে না পাওয়ায় শরীয়তপুর সদর হাসপাতাল থেকে আনা হয়।

jagonews24

তিনি আরও বলেন, ইমার্জেন্সি দরকারে যেন রোগীকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নেয়ার ব্যবস্থা করা যায়, সেজন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়। প্রায় সাত ঘণ্টা পর রোগী কিছুটা শঙ্কামুক্ত হন এবং শুক্রবার দুপুর পর্যন্ত তন্দ্রাচ্ছন্ন ছিলেন। এখন রোগী সুস্থ আছেন এবং তাকে ছুটি দিয়ে দেয়া হয়েছে।


সুস্থ হয়ে ওঠা সাপেকাটা রোগী জসিম জাগো নিউজকে বলেন, ‘আমি পাটক্ষেতে নিড়ানির (আগাছা পরিষ্কার করা) কাজ করছিলাম।এমন সময় সাপ কামড় দেয়। আমি পা ঝাড়া দিলে সাপ ছিটকে পড়ে যায়। এর কিছুক্ষণ পরে শরীরে জ্বালাপোড়া শুরু হয়। আমি অসুস্থ হয়ে যাই। এরপর কী হয়েছে আমার মনে নেই। এখন আমি সুস্থ আছি।’

নড়িয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বি এম রাইসুল সাইফ জাগো নিউজকে বলেন, ‘আমরা আন্তরিকতার সঙ্গে যেকোনো রোগীর চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করি। সাপেকাটাসহ সব রোগী যাতে নির্ভয়ে এখানে আসেন সেটাই আমাদের কাম্য।’

নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সফিকুল ইসলাম রাজীব বলেন, ওই রোগীকে যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা খুব খারাপ ছিল। তারপরও আমরা তার চিকিৎসাসেবা শুরু করি। চিকিৎসাসেবা দেয়ার পরে রোগীর চেতনা ফিরে আসে। এখন তিনি সুস্থ আছেন।