Sunday, 5 September 2021

বিশ্বকাপ বাছাই: রাতে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

বিশ্বকাপ বাছাই: রাতে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ




কাতার বিশ্বকাপের বাছাইপর্বে রাতে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। কোপা আমেরিকার ফাইনালের পর ফের সুপার ক্লাসিকোয় মুখোমুখি এই দুই লাতিন পরাশক্তি।


শেষবারের দেখায় অবশ্য হেসেছিল আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে আনহেল দি মারিয়ার একমাত্র গোলে ব্রাজিলকে তাদেরই মাঠ মারাকানায় ১-০ ব্যবধানে হারায় লস ব্লাঙ্কোসরা। ২৮ বছর পর লাতিন শ্রেষ্ঠত্বের শিরোপা উঠে লিওনেল মেসিদের হাতে।
 
এবারও আর্জেন্টিনাকে যেতে হচ্ছে ব্রাজিলে। তবে ভেন্যু মারাকানা নয়, সাও পাওলোর করিন্থিয়ানস অ্যারেনা। কোপা বিসর্জনের প্রতিশোধ নেওয়ার জন্য মাঠে নামবে কোচ তিতের দল।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা সাত ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে অজেয় আর্জেন্টিনাও। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচ অপরাজিত লিওনেল স্কালোনির শিষ্যরা। বাছাইপর্বে তিন ম্যাচে ড্র করায় ব্রাজিলের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা।

ব্রাজিলের বিপক্ষে হারলে এবং ইকুয়েডর নিজেদের পরের ম্যাচ জয় পেলে, পয়েন্ট তালিকার দুই থেকে তিনে নেমে যাবে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ বাছাই পর্বে টানা ৭ ম্যাচই জিতেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সংখ্যাটা ৮ নম্বরে নেই লক্ষ্য তিতের।

লিওনার্দো বাচ্চি তিতে বলেন, আমাদের সেরা ফুটবলাররা নেই। তবে যারা আছে তাদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে ম্যাচ। উত্তেজনা আর চাপ বেশি থাকবে। আমি আশা রাখি আামাদের শতভাগ জয়ের ধারা ধরে রাখতে পারব।

ব্রাজিলের কোপা আমেরিকার প্রতিশোধ নাকি প্রতিপক্ষের মাঠে জয়ের ধারা অব্যাহত রাখবে আর্জেন্টিনা। তা অবশ্য জানা যাবে ম্যাচের পরেই। সে পর্যন্ত ভক্তদের অপেক্ষায় থাকতেই হচ্ছে।
কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৩

কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৩



মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা হোসেনপুর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত ট্রেনের সাথে একটি মাইক্রোবাসের (নোহা) সংঘর্ষে শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ জনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


এ ঘটনায় নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও শিশু রয়েছে। তবে তাৎক্ষনিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় কিছু সময় রেল যোগাযোগ বন্ধ থাকলেও ফের সচল হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ জানান, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসছিলো পারাবত এক্সপ্রেস। কুলাউড়া উপজেলার ভাটেরা হোসেনপুর বাস্ট্যান্ডের কাছে রেলটি পৌঁছালে বেখেয়ালে রেল ক্রসিংয়ে উঠে যায় নোহা গাড়িটি। তখন দ্রুত গতির পারাবত নোহা গাড়িটিকে ধাক্কা দিয়ে টেনে অন্তত অর্ধেক কিলোমিটার নিয়ে যায়। এ ঘটনায় কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও দেড়টার দিকে ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে।


রেল ক্রসিংয়ে সিগনাল ছিলো কি না জানতে চাইলে কুলাউড়া থানার ওসি বলেন, এটি অরক্ষিত রেল ক্রসিং। এলাকাবাসী নিজেদের সুবিধায় নিজে নিজে তৈরি করেছেন।
দেশের সর্বোচ্চ পর্যায় বিপিএল ফুটবলে নাম লেখালেন গোলাপগঞ্জের ইকবাল

দেশের সর্বোচ্চ পর্যায় বিপিএল ফুটবলে নাম লেখালেন গোলাপগঞ্জের ইকবাল



দেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায় বিপিএলে নাম লেখালেন গোলাপগঞ্জের সন্তান ইকবাল হুসাইন ইয়ার। বিপিএলের ফুটবল দল স্বাধীনতা ক্রীড়া সংঘ ইকবাল হুসাইন ইয়ারকে তাদের দলে ভাগিয়ে নিয়েছে।


ইকবাল হুসাইন ইয়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে মধ্য মাঠে ফুটবলের নৈপুণ্যতা দেখিয়ে সব বড় দলের নজরে চলে আসেন। এর পর থেকেই তাকে নিজ দলে ভিড়াতে চেষ্টা করে বিপিএলের অনেক বড় বড় দল। শেষ পর্যন্ত ইকবালকে দলে ভাগিয়ে নেয় স্বাধীনতা ক্রীড়া সংঘ। ইতিমধ্যে তাদের সাথে এক বছরের চুক্তিতে আবদ্ধ হয়েছেন ইকবাল হুসাইন।

ইকবাল হুসাইনের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিন সুনামপুর গ্রামে। সে ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্রের একজন খেলোয়াড়। এখান থেকেই তার ফুটবল খেলার যাত্রা শুরু।


ইকবাল হুসাইন ইয়ার জানান, আমি যে দেশের সর্বোচ্চ পর্যায় বিপিএলে খেলার সুযোগ পেয়েছি এটা আমার জন্য অনেক খুশীর। ইনশাআল্লাহ আমার খেলার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন বিলিএলে ভালো কিছু করে জাতীয় দলে খেলার সুযোগ পাই।
হিরো আলমের কণ্ঠে ‘মানিকে মাগে হিথে’ (ভিডিও)

হিরো আলমের কণ্ঠে ‘মানিকে মাগে হিথে’ (ভিডিও)



সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে ‘মানিকে মাগে হিথে’ গানটি। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবে আজকাল স্ক্রল করলেই নজরে পড়ছে অচেনা ভাষার একটি গান। একটি শব্দের অর্থও জানা নেই। তবুও গানের সুরে বুঁদ হয়ে আছেন সবাই। গানের কথা নয়, শুধু সুরই যে সংগীতপ্রেমীদের মোহাচ্ছন্ন করে ফেলে, তার প্রমাণ আবারও পাওয়া গেল। আর তাই ভাষা না বুঝে, মানে না জেনেও শেয়ার হচ্ছে ঝড়ের গতিতে।

গত কয়েক দিন ধরে নেটদুনিয়ায় ভাইরাল গানটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় আগ্রহের কমতি নেই। নেট দুনিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে, মিষ্টি চেহারার এক তরুণী মাইক্রোফোনের সামনে গান গাইছেন। গভীর চাহনি আর প্রাণ উজাড় করা হাসিতে কোটি কোটি মানুষকে মুগ্ধ করেছেন তিনি। ইতোমধ্যে সিংহলী ভাষার এই গানের তামিল, মালয় ও বাংলা সংস্করণ বের হয়েছে।

এবার ভাইরাল হওয়া গানটি গেয়েছেন সোশ্যাল মিডিয়া খ্যাত তারকা হিরো আলম।


শনিবার (৪ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন তিনি। ‘মানিকে মাগে হিথে’ হিরো আলম ভার্সন শিরোনামের গানটি ইতিমধ্যে শুনেছেন ১০ হাজারের বেশি মানুষ। আর গানটিতে মন্তব্য করেছেন প্রায় ৩ হাজার।

মন্তব্যের ঘরে একজন লিখেছেন, এই গান শুনলে অসুস্থ রোগীরা ও সুস্থ হইয়া যাইবে। কেউ আবার লিখেছেন আমি মরে যেতে চাই ছিলাম। কিন্তু গানটি শুনার জন্য এখনো বেচে আছি। আমাদের হিরো মলম ভাই ভাষা উচ্চারণ করতে গিয়ে একদম ছেড়াবেড়া পাকিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেছে একজন।

উল্লেখ্য, আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী। নিজের বানানো মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম। এরপর তিনি কাজ করেছেন চলচ্চিত্রেও। একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। নানা কারণে তিনি আলোচনায় রয়েই যাচ্ছেন। সম্প্রতি তিনি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন। এ নিয়ে তীব্র সমালোচনা হলেও তিনি থেমে নেই।


ভিডিওঃ


নভেম্বর থেকে ৪৩টি মডেলের স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নভেম্বর থেকে ৪৩টি মডেলের স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ



১ নভেম্বর থেকে  ৪৩টি মডেলের স্মার্টফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ। পুরোনো অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনে জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপ বন্ধ হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের তরফ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


হোয়াটসঅ্যাপের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, অ্যান্ড্রয়েড ৪.০.৪ বা তার আগের অপারেটিং সিস্টেমে থাকা ফোন এবং আইওএস ৯ বা তার থেকে আগের অপারেটিং সিস্টেম থাকা ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। এসব ফোন প্রস্তুতকারণ সংস্থাও এই তথ্য নিশ্চিত করেছে।

স্যামসং গ্যালাক্সি এসথ্রি মিনি, ট্রেন্ড টু, ট্রেন্ড লাইট, কোর, এস টু, এলজি অপটিমাস এফ সেভেন, এফ ফাইভ, এলথ্রি টু ডুয়েল, এফ সেভেন টু, এফ ফাইভ টু, সনি এক্সপিরিয়া, হুয়েই অ্যাসেন্ড মেট, অ্যাসেন্ড ডি টু, অ্যাপল আইফোন এসই, সিক্সএস এবং সিক্স এস প্লাসে হোয়াটসঅ্যাপ কাজ করবে না বলে জানা গেছে।


গত বছর থেকে হোয়্যাটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে নানারকম জটিলতা শুরু হয়েছে। এর ফলে জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা কমেছে বলে জানা গেছে। তবে অ্যাপে নিরাপত্তার কোনো অভাব নেই বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপস। এখানে দেওয়া বার্তা ও ছবি সব সময়েই নিরাপদ বলে দাবি করে আসছে তারা।
নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবকে সিলেট জেলা আওয়ামীলীগের অভিনন্দন

নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবকে সিলেট জেলা আওয়ামীলীগের অভিনন্দন



সিলেট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানিয়েছেন সিলেট আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমদ বলেন, সিলেট ৩ আসনের ভোটার প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি তাঁদের আস্থা রয়েছে।


তিনি বলেন, মানুষের এখন উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। মানুষ বুঝতে পেরেছেন যে- শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই।

তিনি আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে বিজয়ী করায় সিলেট ৩ আসনের ভোটারদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

Saturday, 4 September 2021

সিলেটে বিজ্ঞানভিত্তিক হোমিওপ্যাথিক ওয়ার্কশপ অনুষ্ঠিত

সিলেটে বিজ্ঞানভিত্তিক হোমিওপ্যাথিক ওয়ার্কশপ অনুষ্ঠিত



বাংলাদেশ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এসোসিয়েশন এর উদ্যাগে ৩ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী রেপার্টরি ও কেইসটেকিং বিষয়ক বিজ্ঞানভিত্তিক হোমিওপ্যাথিক ওয়ার্কশপ সিলেট নগরীর মির্জাজাংগালস্হ জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

জালালাবাদ হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের প্রভাষক ও জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন সভাপতি ডা. মোঃ আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক এসোসিয়েশন  সভাপতি ডা. মোহাম্মদ গিয়াস উদ্দিন এর পরিচালনায়  ওয়ার্কশপে  প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন HSRF এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব ডা. আহাম্মদ হোসেন ফারুকী।


তিনি তার বক্তৃতায় বলেন, পেশাগত মানবৃদ্ধিতে চিকিৎসকদের আন্তরিকতার সহিত কাজ করতে হবে। এতে ব্যক্তিগত সুবিধার পাশাপাশি  প্রাতিষ্ঠানিক সুবিধা লাভ করা যায়। 

প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন প্রদান করেন ডা. আব্দুল হালিম ঋপন, ডা. আব্দুল আলিম,  ডা. সামিউল আতিক, ডা. নিজাম উদ্দিন, ডা. মোহাম্মদ আব্দুল্লাহ।  

বক্তব্য রাখেন বাংলাদেশ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এসোসিয়েশন এর সহসভাপতি ডা. মো: মুঈন উদ্দীন মুনীর, জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক  কামাল খান।


দিনব্যাপী ওয়ার্কশপে উপস্থিত ছিলেন ডা. মুহিব আলী, মুহাম্মদ আব্দুশ শাকুর, ডা. আবুল হোসেন, ডা. রুহুল আমীন, ডা. হালিমা বেগম, ডা. আয়েশা বেগম, ডা. বুশরাতুত তানিয়া, নিখিল মালাকার, ডাঃমফিকুর রহমান প্রমূখ।

প্রশিক্ষণ কর্মশালায় সিলেটের  ৫০ জন হোমিওপ্যাথিক চিকিৎসক উপস্থিত ছিলেন।


জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় হোমিওপ্যাথিক চিকিৎসার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।