Tuesday, 14 September 2021

১৬ কোটি বছর আগে পৃথিবীতে দাপিয়ে বেড়াত ‘উড়ন্ত ড্রাগন’

১৬ কোটি বছর আগে পৃথিবীতে দাপিয়ে বেড়াত ‘উড়ন্ত ড্রাগন’


পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবাশ্ম আবিষ্কারে আমরা বিশ্ববাসী প্রতিনিয়তই নতুন নতুন চমকের সাক্ষী হচ্ছি। কোটি কোটি বছর আগেকার অক্ষত জীবাশ্ম আমাদের যে শুধু হতবাক করছে তাই নয়, একইসঙ্গে ভাবাচ্ছে ভবিষ্যতের পৃথিবীকে নিয়েও। সম্প্রতি এমনই এক আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা চিলির আতাকামা মরুভূমিতে। সেখানে পাওয়া গেছে ‘উড়ন্ত ড্রাগন’ তথা উড়ন্ত ডাইনোসরের জীবাশ্ম। পাখির মতো উড়ে বেড়াত এই অতিকায় ডাইনোসর। তাই একে বলা হতো ‘উড়ন্ত ড্রাগন’।

চিলির আতাকামা মরুভূমিতে বিজ্ঞানীরা সেই উড়ন্ত ড্রাগনের জীবাশ্ম আবিষ্কার করেছেন। এত দিন ধারণা করা হত, জুরাসিক যুগের এই ডাইনোসর কেবল উত্তর গোলার্ধেই বিচরণ করত। উড়ন্ত এ সরীসৃপ আদিম টেরোসরাসের অন্তর্গত ছিল, যারা ১৬ কোটি বছর আগে পৃথিবীতে বিচরণ করত। এদের দীর্ঘ লেজ, ডানা এবং বাইরের দিকে বেরিয়ে থাকা তীক্ষ্ণ দাঁত ছিল।

এই ডাইনোসরের জীবাশ্ম প্রথম আবিষ্কার করেছিলেন আতাকামা ডেজার্ট মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টরি অ্যান্ড কালচারের কর্মকর্তা ওসালদো রোজাস। এরপর চিলি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ নিয়ে গবেষণা চালান। দক্ষিণ গোলার্ধে উড়ন্ত ড্রাগনের অস্তিত্বের বিষয়টি প্রকাশিত হয়েছে জীবাশ্মবিজ্ঞান নিয়ে কাজ করা এক পত্রিকায়।

এই গবেষণার নেতৃত্ব দেওয়া চিলি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জোনাথন অ্যালার্কন বলেন, এত দিন পর্যন্ত উড়ন্ত ড্রাগনের বিচরণ নিয়ে যা জানা ছিল, প্রকৃতপক্ষে তাদের বিস্তৃতি ছিল তার চেয়েও বেশি। শুধু তাই নয়, এই আবিষ্কার থেকে উত্তর ও দক্ষিণ গোলার্ধের প্রাণীদের সম্ভাব্য স্থানান্তর ও তাদের আন্তঃসম্পর্কের সূত্রেরও ইঙ্গিত মেলে। আর এটি এমন একটি সময়ের ইঙ্গিত দেয়, যখন পৃথিবীর অধিকাংশ দক্ষিণাঞ্চলীয় ভূমি গন্ডোয়ানা নামক এক মহা-মহাদেশে সংযুক্ত ছিল।

বিজ্ঞানী অ্যালার্কন বলেন, এসব টেরোসরাসের একটি প্রজাতির খোঁজ কিউবাতেও পাওয়া যায়। এগুলো উপকূলীয় প্রাণী ছিল। তাই তারা সম্ভবত উত্তর ও দক্ষিণে জায়গা বদল করত। অথবা তারা এ অঞ্চলে একবার এসে আর ফেরত যায়নি।

শাহজালালে বাক্স থেকে মিলল ১২ কোটি টাকার বিদেশি মুদ্রা

শাহজালালে বাক্স থেকে মিলল ১২ কোটি টাকার বিদেশি মুদ্রা



রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে সোমবার রাতে ১২ কোটি টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে হাসান আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

এপিবিএন কর্মকর্তা জিয়াউল হক জানান, বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি বাক্স থেকে সোমবার রাতে ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার জব্দ করেন সিভিল এভিয়েশন সিকিউরিটির সদস্যরা, যা বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি টাকা সমমূল্যের।


বিপুল এই বৈদেশিক মুদ্রা বিদেশে পাচারের চেষ্টা করে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র।
গোলাপগঞ্জে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

গোলাপগঞ্জে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


গোলাপগঞ্জে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আতিক আহমদকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ফেঞ্চুগঞ্জ থানাধীন মানিককোনা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত এ আসামি গোলাপগঞ্জ থানার খালপার গ্রামের মোবারক আলীর পুত্র।

 
বিষয়টি নিশ্চিত করে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান বলেন, গ্রেফতারকৃত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আতিক গোলাপগঞ্জ থানার ২০০৬ সালের একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন থেকেই পলাতক ছিল। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হবে, এবং অপরাপর সাজাপ্রাপ্ত আসামিসহ পরোয়ানাভুক্ত সকল আসামিকে গ্রেপ্তারে সিলেট জেলা পুলিশের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
কানাইঘাটে প্রবাসীর মাকে যৌন হেনস্তা করে দুর্বৃত্তরা ভিডিও ছড়িয়ে দিল ফেসবুকে

কানাইঘাটে প্রবাসীর মাকে যৌন হেনস্তা করে দুর্বৃত্তরা ভিডিও ছড়িয়ে দিল ফেসবুকে


প্রবাসে থাকা দুই সন্তানের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য তাদের মাকে যৌন হেনস্তা করে সেই ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এমন ঘটনা ঘটেছে সিলেটের কানাইঘাট উপজেলায়।


হেনস্তার সাথে জড়িত চার ব্যক্তিকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, তাদের আটকে অভিযান চলছে।

সোমবার বিকেলের দিকে ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। বেনামি একাধিক আইডি থেকে সাড়ে ৪ মিনিটের ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

এতে দেখা যায়, চারজন যুবক একজন মধ্যবয়স্কা নারীকে টানাহেঁচড়া করছেন। কখনো তার শাড়ির আঁল ধরে টানাটানি করছেন। এসময় নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ওই নারীকে কাকুতি মিনতি করতে দেখা যায়।

ওই নারীর আত্মীয়দের দাবি, এমন ভিডিও করে ওই নারীর প্রবাসী ছেলেদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা।


ওই নারীর এক আত্মীয় জানান, গত ২৮ আগস্ট দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। নারীর বয়স পঞ্চাশোর্ধ্ব। তার স্বামী নেই। চার মেয়ে ও দুই ছেলে। মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে। দুই ছেলে দুবাইপ্রবাসী। বাড়িতে তিনি একাই থাকতেন। ২৯ আগস্ট বাড়িটি তালাবদ্ধ করে তিনি হঠাৎ প্রতিবেশী কাউকে না জানিয়ে পাশের গ্রামে তার বাবার বাড়িতে চলে যান। হঠাৎ বাবার বাড়িতে চলে যাওয়ার কারণ জানতে গিয়ে আত্মীয়রা ওই নারীর মুখে ঘটনাটি শোনেন। এরপর প্রবাস থেকে তার দুই ছেলে তাঁদের জানিয়েছেন, ভিডিওটি তাঁদের দুই ভাইয়ের কাছে পাঠিয়ে পাঁচ লাখ টাকা চেয়েছেন এক ব্যক্তি।

নারীর এক আত্মীয় বলেন, প্রবাসে থাকা দুই ছেলে উদ্বিগ্ন হয়ে জানিয়েছেন, ভিডিও ধারণকারীদের সঙ্গে যোগাযোগ করে কিছু টাকাপয়সা দিয়ে সম্পূর্ণ ভিডিও উদ্ধার করার জন্য। এরপর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও তারা জানিয়েছেন। এ বিষয়ে গত বুধবার রাতে একটি সালিস বৈঠক হয়। ওই বৈঠকে ভিডিও ধারণকারীদের চার লাখ টাকা দেওয়ার ফয়সালা করে অগ্রিম এক লাখ টাকা দেওয়া হয়। গত শনিবার এ টাকা দেওয়ার কথা ছিল। টাকা না দেওয়ার এক দিন পর ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার খবর পান তারা।


এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এ রকম ভিডিও পেয়ে আমরা সংগ্রহ করে দেখেছি। যে চার ব্যক্তি ওই নারীকে হেনস্তা করেছেন, তাদেরও শনাক্ত করা হয়েছে। তাদের আটক করতে অভিযান চলছে।


সূত্র: প্রথম আলো
দক্ষিন সুরমার শ্রমিকনেতা শাহ শফিক আহমদ আর নেই

দক্ষিন সুরমার শ্রমিকনেতা শাহ শফিক আহমদ আর নেই



দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের হাজিপুর (মাঝের গাও)নিবাসী নরওয়ে প্রবাসী সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাবেক সদস্য, মৌলভীবাজার -জালালপুর - গহরপুর স্ট্যান্ড এর সাবেক সম্পাদক, সিলাম ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি বিশিষ্ট শ্রমিকনেতা শাহ শফিক আহমদ আর নেই। 


১৩ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩ টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। 

মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনী আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মরহুমের জানাযার নামাজ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন মরহুমের ভাতিজা শাহ মুজিবুর রহমান মিন্টু। 


উল্লেখ্য, শাহ শফিক আহমদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে চেয়ারম্যান পদে  প্রতিদ্বন্দ্বিতাকারী  বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী নরওয়ে প্রবাসী শাহ রফিক আহমদের মেজোভাই।

Monday, 13 September 2021

‘ম্যাগনেট পিলার’ খোঁজার বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব

‘ম্যাগনেট পিলার’ খোঁজার বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব



সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ‘ম্যাগনেট পিলার’ খোঁজার বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে কমলগঞ্জের ভানুগাছ বাজারের কলেজ রোড থেকে এগুলো উদ্ধার করা হয়।


সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে র‍্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন খবরের ভিত্তিতে রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে র‍্যাব-৯ এর সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)-এর একটি দল অভিযান চালিয়ে কমলগঞ্জের ভানুগাছ বাজারের কলেজ রোডের একটি মিলের সামনে থেকে ২ টি বিদেশি ডিটেকক্টর মেশিনের বক্স উদ্ধার করে। এগুলোর মধ্যে ছিলো বিদেশি প্রফেশনাল গোল্ড মেটাল ডিটেক্টর ফাইন্ডার, স্ক্যানার আন্ডার গ্রাউন্ড লং রেঞ্জ, গোল্ড ডিটেক্টর ডিগার, ডায়মন্ড-সিলভার-কপার, এনআরজি ৪৩টি, কসটেপ ৫টি এবং এগুলো ব্যবহারের ইউজার ম্যানুয়েল বই।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর এএসপি মো. লুৎফর রহমান।


এ বিষয়ে অপারেশন কমান্ডারের বরাত দিয়ে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান সোমবার রাতে সিলেটভিউ-কে বলেন, ধারণা করা হচ্ছে- এগুলো কোনো চক্র ফেলে গেছে। এসব সরঞ্জাম ‘ম্যাগনেট পিলার’ খোঁজার কাজে ব্যবহার করা হয়।

তিনি জানান, এ চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে র‍্যাব-৯।

উদ্ধারের পর এসব সরঞ্জাম সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিশাল শোডাউনে মান্নান-মাহবুব পরিষদের মনোনয়ন পত্র জমা

বিশাল শোডাউনে মান্নান-মাহবুব পরিষদের মনোনয়ন পত্র জমা


যুক্তরাষ্ট্রস্হ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পত্র জমা দিয়েছে মান্নান-মাহবুব পরিষদ।

এ নির্বাচনে অংশ নিতে রোববার (১২ সেপ্টেম্বর) বিশাল শোডাউনের মাধ্যমে পরিষদের ১৯ জন প্রার্থী  বিভিন্ন পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 


মনোনয়ন পত্র জমাদানের আগে জ্যামাইকা, জ্যাকসন, হাইটস, এস্টোরিয়া ও ব্রস্কস থেকে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক মান্নান- মাহবুব পরিষদের প্রধান নির্বাচনী কার্যালয় ওজন পার্কে জমায়েত হন।


এরপর  মান্নান-মাহবুব পরিষদের ১৯ জন প্রার্থী  সর্মথকগণদের নিয়ে বিশাল শোডাউনের মাধ্যমে Direct health home care service অবস্থিত নিবার্চন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।


উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রস্হ বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক - এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী প্যানেল হচ্ছে মান্নান-মাহবুব পরিষদ।