Tuesday, 24 August 2021

হাজার-হাজার মানুষের উপস্থিতিতে মাওলানা রশীদ আহমদের শেষ বিদায়

হাজার-হাজার মানুষের উপস্থিতিতে মাওলানা রশীদ আহমদের শেষ বিদায়



সাপ্তাহিক ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’ পত্রিকার সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদের জানাযার নামাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) বাদ আছর বিকাল সাড়ে ৫টায় গোলাপগঞ্জের এমসি একাডেমি মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা রশীদ আহমদের বড় ছেলে তামিম ইয়াহইয়া আহমেদ।


এর আগে বিকাল সাড়ে ৩টায় এমসি একাডেমি মাঠে নেয়া হয় অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের মরদেহ। জানাযাপূর্ব সময়ে রশিদ আহমদ নিয়ে স্মৃতিচারণ করেন উপস্থিত বক্তারা।

মাওলানা রশিদ আহমদের জানাযার নামাজে দল-মত নির্বিশেষ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মাওলানা রশীদ আহমদকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

উল্লেখ্য, এডভোকেট মাওলানা রশীদ আহমদ সোমবার সকাল ১১টার দিকে সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


তিনি দীর্ঘদিন থেকে জটিল রোগে ভোগছিলেন। গত এক সপ্তাহ ধরে তিনি উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।

এডভোকেট মাওলানা রশীদ আহমদের বাড়ি গোলাপগঞ্জে। তিনি উপজেলার হাজীপুর এলাকার বাসিন্দা।

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দু'বার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বড়লেখায় জনতা ব্যাংকের পরিচালক মেশকাত আহমদ চৌধুরীর খাদ্য সামগ্রী বিতরণ

বড়লেখায় জনতা ব্যাংকের পরিচালক মেশকাত আহমদ চৌধুরীর খাদ্য সামগ্রী বিতরণ

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জনতা ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের পরিচালক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  সাবেক যুগ্মসচিব জনাব মেশকাত আহমেদ চৌধুরীর সৌজন্যে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাংকুল এলাকার অসহায়, দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


২২ আগষ্ট রবিবার রাতে বড়লেখার গাংকুল এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মেশকাত আহমদ চৌধূরী ভার্চুয়ালী সংযুক্ত হয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন এবং গাংকুলের জনসাধারণের উদ্যেশে বক্তব্যে রাখেন। 
তিনি তার বক্তব্যে বলেন, অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফুটলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। তাই আমাদের সকলের উচিত যার যার সাধ্য অনুযায়ী অসহায়দের পাশে দাড়ানো। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এরিয়া অফিস, সিলেট এর উপমহাব্যবস্থাপক সনদীপ কুমার রায়,হরিপুর স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব গোলাম মহিব চৌধূরী, এরিয়া অফিস,মৌলভীবজার এর সহকারী মহাব্যবস্থাপক দেবাশ্সি দেব,বড়লেখা শাখার ব্যবস্থাপক পীযুষ কান্তি দাশ প্রমূখ।
গোলাপগঞ্জে স্বামীকে কুপিয়ে হাসপাতালে পাঠালেন স্ত্রী

গোলাপগঞ্জে স্বামীকে কুপিয়ে হাসপাতালে পাঠালেন স্ত্রী




গোলাপগঞ্জে দা দিয়ে কুপিয়ে প্যারালাইসিস রোগে আক্রান্ত স্বামী হাবিবুর রহমান ওরফে তোফায়েল নামে একজনকে হাসপাতালে পাঠিয়েছেন স্ত্রী। এ ঘটনার পরপরই অভিযান চালিয়ে স্ত্রী রুবিনা বেগমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ আগস্ট) দুপুর ১ টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের জালালনগর মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান ওরফে তোফায়েল বাঘা ইউনিয়নের জালালনগর মাঝপাড়া গ্রামের সুলতান মিয়া ওরফে ময়না মিয়ার ছেলে।

 
এ ঘটনায় আহতের ছোট ভাই মাও অলিউর রহমান (৪০) বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি (মামলা নং- ২৩) দায়ের করেন।
 
পুলিশ সূত্রে জানা যায়, আহত হাবিবুর একজন প্যারালাইসিস আক্রান্ত রোগী। ধারনা করা হচ্ছে তাদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। রোববার দুপুরে এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী তার স্বামীকে দা দিয়ে আঘাত করেন। এসময় আশংকাজনক অবস্থায় আহত হাবিবুর রহমানকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

বাঘা ইউনিয়নের চেয়ারম্যান সানা মিয়া বলেন, আমরা আহত হাবিবুর রহমানের স্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম সমস্যা কি নিয়ে। মহিলা জানায়, তার স্বামী নাকি আরেকটি বিয়ে করেছে। বিয়ে করা স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে। সব সময় স্বামী তার উপর নির্যাতন চালায়। শরীরে বিভিন্ন জায়গায় ইনজেকশন পোষ করে। শরীর থেকে কামড় দিয়ে মাংস তুলে নেয়। চেয়ারম্যান বলেন, মহিলার শরীর থেকে মাংস নেয়ার কোন চিহ্ন আমরা দেখতে পাইনি।

 
গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামি আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মানবসিঁড়ি তৈরি করে তিনতলা থেকে দুই শিশুকে বাঁচালেন ৬ যুবক (ভিডিও)

মানবসিঁড়ি তৈরি করে তিনতলা থেকে দুই শিশুকে বাঁচালেন ৬ যুবক (ভিডিও)



কথায় আছে একতাই বল। একসঙ্গে কাজ করলে অনেক কঠিন বিষয়ও সহজ হয়ে যায়। অনেক অসাধ্যও সাধন করা যায়। সেই কথাগুলোও যেন ফের প্রমাণ করলেন চীনের ছয় যুবক। মানবসিঁড়ি তৈরি করে তিনতলার একটি অগ্নিদগ্ধ বাসা থেকে দুই শিশুকে উদ্ধার করলেন তারা।

চীনের হুনান প্রদেশে এই ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।


সেখানকার একটি আবাসিক ভবনে আগুন লেগেছিল। ভবনটির তিনতলার একটি বাসা থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। সেখানে দু’টি শিশু আটকে রয়েছে বলে বাসায় সামনের উপস্থিত জনতা দেখতে পান। শিশুদের উদ্ধারে দমকলের অপেক্ষা না করে ছুটে যান ছয় যুবক।

উপস্থিত বুদ্ধির জোরেই শিশুদের উদ্ধার করেন তারা। প্রথমে একজন গ্রিল বেয়ে বাসার কাছে পৌঁছান। তার পাশাপাশি বাকিরাও গ্রিল বেয়ে উঠে পড়েন। তারা এমন দূরত্বে দাঁড়িয়ে পড়েন, যেন যেখান থেকে অনায়াসে তারা মানবসিঁড়ির মাধ্যমে শিশুদের উদ্ধার করে নিচে নামিয়ে আনতে পারেন। 


দমকল বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই তারা ওই দুই শিশুকে নামিয়ে আনেন।

‘ট্রেন্ডিং ইন চায়না’ নামের এক ফেসবুক পেজ থেকে ওই ঘটনার ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে ওই ছয় যুবকের সাহসিকতা আর উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন অনেকেই।



Monday, 23 August 2021

সিলেট জেলা ও মহানগর সেচ্ছাসেবক দলের কমিটিকে যুবদল নেতা জাহেদ'র অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর সেচ্ছাসেবক দলের কমিটিকে যুবদল নেতা জাহেদ'র অভিনন্দন




সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের সাবেক সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুর রহমান জাহেদ।



রবিবার (২২ আগষ্ট) এক বিজ্ঞপ্তিতে তিনি নবগঠিত এ আহ্বায়ক কমিটির জেলা শাখার আহ্বায়ক আব্দুল আহাদ খান ও সদস্য সচিব জাকির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক মমিনুল হক রাহি, আব্দুল্লাহ আল মামুন পারভেজ, মহানগরের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ সহ সকল নেতৃবৃন্দগণকে অভিনন্দন জানান। তিনি আরোও বলেন সাবেক তৃণমূল ছাত্রদলের নেতাকর্মীদের দিয়ে এ কমিটি করায় আগামী আন্দোলন সংগ্রামে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। 



উল্লেখ্য গত (১৭ আগষ্ট) মঙ্গলবার কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে সিলেট জেলা ও মহানগর সেচ্ছাসেবক দলের  এ কমিটি ঘোষণা করা হয়। 

(প্রেস বিজ্ঞপ্তি)

মাওলানা রশীদ আহমদের মৃত্যুতে গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র শোক

মাওলানা রশীদ আহমদের মৃত্যুতে গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র শোক



গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ এডভোকেট মাওলানা রশীদ আহমদ আজ সোমবার সকাল ১১টায় সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি  করোনা আক্রান্ত হয়ে গত একসপ্তাহ ধরে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 


সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের কৃতিসন্তান, ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদ হোসেন এর সুযোগ্য সন্তান রশীদ আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র নেতৃবৃন্দ। 

এক শোক বার্তায় সংগঠনের আহ্বায়ক মোঃ শামসুল হক, সদস্য সচিব মোঃ দিলোওয়ার হোসেন, অর্থ সচিব মোঃ আব্দুস শুকুর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন বলেন, মরহুম মাওলানা রশিদ আহমেদ ছিলেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। লন্ডনে মুসলিম ও বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে সব সময় কাজ করে গেছেন। তিনি দেশে অসহায় মানুষের কল্যাণে বিশেষ করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের কল্যাণে কাজ করার জন্য দীর্ঘ দিন যাবত দেশে অবস্থান করে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন সত্যিকারের সমাজসেবককে হারিয়েছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


উল্লেখ্য আগামীকাল মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে মাওলানা রশীদ আহমদের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে । পরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হবে।
সিলেট-৩ আসনে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

সিলেট-৩ আসনে ভোটগ্রহণের তারিখ ঘোষণা



করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের ভোটগ্রহণ ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রচারণা চালানো যাবে ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত।

সোমবার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ৮৪তম কমিশন বৈঠক শেষে একথা বলেন ইসি সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার।


তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, ইউপি, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় এ বিষয়ে আলোচনা হবে।

গত ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে ৫ আগস্ট পর্যন্ত তা স্থগিত করেন হাইকোর্ট।

গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।


এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। কেন্দ্র ১৪৯টি। উপনির্বাচনে প্রার্থী চারজন হলেন- আওয়ামী লীগের হাবিবুর রহমান (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙল), নির্বাচনে নেমে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্রপ্রার্থী ও সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি-কার) এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মুহাম্মদ মিয়া (ডাব)। বিএনপি এই নির্বাচন বর্জন করেছে।