Saturday, 11 September 2021

সিলেট টিটিসিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিবের পরিদর্শন ও মতবিনিময়

সিলেট টিটিসিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিবের পরিদর্শন ও মতবিনিময়



প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব ডঃ আহমেদ মুনিরুছ সালেহীন ১১ সেপ্টেম্বর শনিবার দুপুরে নগরীর আলমপুরস্হ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে সিলেট টিটিসি, মহিলা টিটিসি, ডিইএমও এবং প্রবাসী কল্যাণ ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী এবং বিদেশগামী কর্মীদের  সাথে মতবিনিময় করেন তিনি।


মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ.এইচ.এম. মাহফুজুর রহমান, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মীর কামরুল হোসেন, সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, প্রবাসী কল্যাণ ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক বসারত আলী। 

সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  ওয়ালিউল্লাহ মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোঃ টিটিসির চীফ ইনস্ট্রাক্টর মোজাফফর হোসেন,কম্পিউটার অপারেশন,  শিরিন আক্তার  চিফ ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, মোঃ শাহ আলম পাটোয়ারী চিফ ইনস্ট্রাক্টর ক্যাটারিং,  মনিরুজ্জামান মনির ইন্সট্রাক্টর রিফ্রিজারেশন এয়ারকন্ডিশন, মোহাম্মদ ওমর ফারুক ইন্সট্রাক্টর কম্পিউটার অপারেশন, মোঃ দেলোয়ার হোসেন ইন্সট্রাক্টর ডিজেল এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ,জেলা জনশক্তি কর্মসংস্থান  অফিস এবং প্রবাসী কল্যাণ ব্যাংক  শাখা এর সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ ।


মতবিনিময় সভায় সচিব  ডঃ আহমেদ মুনিরুছ সালেহীন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সেবাগ্রহীতাদের সেবা সহজিকরণ লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, তার মধ্যে অন্যতম বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ  প্রদানে  সহজীকরণ,  মহিলা কর্মীদের দিকনির্দেশনামূলক নির্দেশনাসহ বিভিন্ন ট্রেডে ট্রেনিং প্রত্যাশীদের করনীয় নির্ধারনে বক্তব্য প্রদান করেন।

রোববার থেকে চালু আমিরাতগামী ফ্লাইট

রোববার থেকে চালু আমিরাতগামী ফ্লাইট



আগামীকাল রোববার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে আমিরাতগামী ফ্লাইট ফের চালুর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থাগুলো। তবে এক্ষেত্রে বেশকিছু শর্ত আরোপ করা হয়েছে। বিমানবন্দরে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে র‌্যাপিড পিসিআর টেস্ট করতে হবে। টেস্টে নেগেটিভ রেজাল্ট ও তার কিউআর কোড নিতে হবে।

আমিরাতের ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি শনিবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে আটকে থাকা প্রবাসীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত করোনার টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করা থাকলে আমিরাত ফিরে আসতে পারবেন। তবে দেশে অবস্থানের মেয়াদকাল ছয় মাসের অধিক হলেও ভিসার বৈধতা নিশ্চিত করতে হবে। এ জন্য আবুধাবিতে প্রত্যাবর্তনকারীদের ফেডারেল অথরিটি অব আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপের (আইসিএ) অনুমোদন নিতে হবে। আর দুবাইয়ের ক্ষেত্রে জিডিআরএফএ অনুমোদন নিতে হবে। যাত্রীদের অবশ্যই টিকা গ্রহণের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। বিবৃতিতে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালসহ ১৫টি দেশের নাগরিকদের জন্য একই আইন কার্যকর বলে উল্লেখ করা হয়।

এতে আরও জানানো হয়, আমিরাত পৌঁছার পর আরেকটি পিসিআর টেস্ট এবং চর্তুথ ও অষ্টম দিনে আরও দুটি কভিড টেস্ট করতে হবে। তবে ১৬ বছরের নিচের শিশুদের জন্য এই বাধ্যবাধকতা থাকবে না।

আমিরাত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও বাংলাদেশের বিমানবন্দরগুলোতে র‌্যাপিড টেস্ট ল্যাব স্থাপন না হওয়ায় আটকে পড়া প্রবাসীদের কর্মস্থলে ফেরার বিষয়টি এখনও ঝুলে আছে।
দ্বাদশ নির্বাচন ঘিরে দলীয় নেতাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা

দ্বাদশ নির্বাচন ঘিরে দলীয় নেতাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা




দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও দলীর নেতাদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সংসদ নির্বাচনকে ঘিরে ৩টি নির্দেশনা দিয়েছেন তিনি।

শনিবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় তিনি এ নির্দেশনা দেন।


প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনার মধ্যে রয়েছে, লিডারশিপ তৈরি, দল ও সরকার নিয়ে মিথ্যা প্রচারের বিরুদ্ধে জোরালো অবস্থান নেয়া এবং সরকারে উন্নয়ন কর্মকাণ্ড দেশের মানুষের কাছে বেশি করে তুলে ধরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বৈঠকে উপস্থিত থাকা এক নেতা গণমাধ্যমকে জানান, এই তিন বিষয়ে আওয়ামী লীগ পিছিয়ে রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

সূত্র জানায়, আজকের সভায় প্রার্থী বাছাইয়ের পাশাপাশি আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। সভায় প্রধানমন্ত্রী বলেছেন, করোনার প্রকোপ যেহেতু কমেছে আমি (শেখ হাসিনা) চাই আপনারা কাজ শুরু করেন। আমরা ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি। অতীতে যারা বিদ্রোহ প্রকাশ করে নৌকার বিপক্ষে কাজ করেছে তাদের মনোনয়ন না দেয়ার বিষয়টি নিশ্চিত করেছি।


সভা সূত্রে আরও জানা যায়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত নেতাদের উদ্দেশে বলেন, আপনারা বিভিন্ন এলাকায় সম্মেলনে গিয়ে এমন লোকের হাতে নেতৃত্ব দেবেন যারা দলের জন্য নিবেদিত প্রাণ, দলের জন্য কাজ করে এবং দলের সঙ্গে সম্পৃক্ত।

নেত্রী আবারও বলেছেন আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে। নির্বাচনী ইশতেহারে অর্থনৈতিক পলিসি কী হবে সেটা নিয়েও কাজ শুরু করতে বলেছেন বলে জানান মনোনয়ন বোর্ডের এক সদস্য।

গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সভায় দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় নেতাদের নির্বাচনের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
‘এটি আপত্তিকর ভিডিও নয়, রিহার্সাল করেছি’ (ভিডিও)

‘এটি আপত্তিকর ভিডিও নয়, রিহার্সাল করেছি’ (ভিডিও)



ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাসে সঙ্গে ২০ থেকে ২১ বছর বয়সী এক তরুণীর আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে। গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। এই ঘটনায় ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে সন্ধ্যায় সবুজবাগ থানায় মামলা করেছেন।

আপত্তিকর এ ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।

ভিডিওতে দেখা যায়, চিত্ত রঞ্জন দাস একটি কক্ষে ২০-২১ বছর বয়সী এক তরুণীর সঙ্গে আপত্তিকর আচরণ করছেন।


ওই কক্ষের কেউ তা গোপনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে শনিবার চিত্ত রঞ্জন দাস গণমাধ্যমকে বলেন, এটি কোনও আপত্তিকর ভিডিও নয়। আমি ওই নারীর সঙ্গে নাটকের রিহার্সেল করেছি।

তিনি বলেন, এটি মূলত একটি নাটকের সংলাপ। আমার এলাকার বরদেশ্বরী মন্দিরে চিত্রায়িত। ভিডিওটি খেয়াল করলেই বুঝবেন।

এর আগে এই বিষয়ে আওয়ামী লীগের নেতারা বলেন, ব্যক্তি চিত্ত রঞ্জন দাসের অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না।

Thursday, 9 September 2021

আমানতপুর সরকারি প্রাথমিক  বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব হস্তান্তর

আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব হস্তান্তর



সিলেট সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের  আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গত ৬ সেপ্টেম্বর সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।


বিশিষ্ট মুরব্বী হাজী জহুর আলীর সভাপতিত্বে ও রফিক আহমদের পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দরগাহবাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মাহবুব, মাষ্টার আজাদ মিয়া,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল হান্নান, সমাজসেবী মখলিছ আলী, আব্দুল মালিক,মাওলানা আব্দুর রউফ, জসিম উদ্দিন, হাবিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, নতুন কমিটির সভাপতি মাওলানা আব্দুল মুকিত, সহসভাপতি রাকিবুল হাসান,অভিভাবক সদস্য আব্দুল্লাহ কাছামিয়া প্রমুখ।


সভায় প্রাক্তন কমিটির  নেতৃবৃন্দ নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।


 অনুমোদিত  নতুন কমিটির ১১ সদস্য হলেন সভাপতি মাওলানা আব্দুল মুকিত, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিয়া বেগম, সহ সভাপতি রাকিবুল হাসান,দাতা সদস্য মনসুর আলম, অভিভাবক সদস্য আব্দুলাহ কাছা মিয়া,জমির উদ্দিন,সুজিয়া বেগম,ইয়াসমিন বেগম, ওয়ার্ড মেম্বার মুক্তার আলী,বিদ্যুৎসাহী সদস্য নাছিমা বেগম, শিক্ষক প্রতিনিধি তানিয়া কবির।


সভাপতির সমাপনী বক্তব্যের পর মাওলানা আব্দুর রউফ মোনাজাত পরিচালনা করেন। 


বিজ্ঞপ্তি

মঙ্গলগ্রহে জমি কিনলেন বাংলাদেশি প্রকৌশলী!

মঙ্গলগ্রহে জমি কিনলেন বাংলাদেশি প্রকৌশলী!

 


পৃথিবীর বাসিন্দারা মঙ্গলগ্রহে জমি কিনতে পারবেন এমন খবর বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল। তবে সেই মঙ্গলগ্রহে মাত্র ৫০ ডলার দিয়ে জমি কেনার কথা জানালেন বাংলাদেশি এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার নাম এলাহান উদ্দিন। বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুরে।

তিনি জানান, ‘প্রযুক্তি থেমে নেই। ইতোমধ্যে মঙ্গলগ্রহে সফলভাবে অবতরণ করেছে নাসা। পৃথিবীতে বসেই মঙ্গলে বাসস্থান গড়ার জন্য কাজ করে যাচ্ছে একদল বিজ্ঞানী। তবে তার জমি কিনে নেয়ার মাধ্যমে বিজ্ঞানীদের ওই কাজেও বাংলাদেশ সাক্ষী হয়ে থাকবে বলে মন্তব্য তার।

তিনি জানিয়েছেন, এ প্রতিষ্ঠানের মাধ্যমে মঙ্গলগ্রহে পূর্বে জমির মালিক হচ্ছেন ডেনিস হোপ। আর সেই প্রতিষ্ঠানটির মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ, জিমি কার্টার ও রোনাল্ড রিগ্যানও জমি কিনেছেন বলে দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিনের।

১১ আগস্ট তিনি অনলাইনে ওই জমি কেনার ডলার পরিশোধ করেন। তবে এর কোনো কাগজপত্র না পাওয়ায় প্রথমে বিশ্বাস হচ্ছিল না তার। কিন্তু মঙ্গলবার আন্তর্জাতিক ইউএসসি কুরিয়ারের মাধ্যমে জমি কেনার দলিল হাতে পেয়েছেন বলে জানান এলাহান উদ্দিন। আর ওই দলিল হাতে পেয়ে খুশির শেষ নেই তার। বলেন, ‘আমরা পিছিয়ে থাকতে চাই না। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো, মঙ্গল গ্রহেও পা রাখবে বাংলাদেশিরা। যদি কোনোদিন বাংলাদেশি বিজ্ঞানীরা মঙ্গলগ্রহে পা রাখতে পারেন, তাহলে তাদের গবেষণার কাজে তার ক্রয় করা জমি উৎসর্গ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

Tuesday, 7 September 2021

গোলাপগঞ্জের একজন গীতিকার ফজলুর রহমান ফলু

গোলাপগঞ্জের একজন গীতিকার ফজলুর রহমান ফলু




সিলেট অঞ্চল- সংগীত এবং মরমী কবিদের অঞ্চল নামেই ব্যাপক সমাদৃত। রাধারমণ, শাহ আবদুল করিম, শীতলংশাহ, দ্বীন ভবানন্দ, হাসন রাজা, আরকুম শাহ, দূর্বিন শাহ প্রমুখ বাউল সাধকগণ এ অঞ্চলেরই কৃতি সন্তান। যারা বাংলা সংগীত, বাউল সংগীত রচনা করে সিলেটকে বিশ্বব্যাপী নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়। এ অঞ্চলে পুঁতি রচনা, গীতিকবিতা, বাউল সংগীত কিংবা মরমী সংগীত রচনার ইতিহাস বেশ পুরোনো। কালের বিবর্তনে একের পর এক গীতিকবি, বাউল-মরমী কবিগণ রচনা করেছেন তাদের নিজস্ব সংগীতের সুর।


তেমনি নতুন প্রজন্মের একজন গীতিকার ফজলুর রহমান ফলু। যিনি প্রবাসে ব্যবসায়িক কাজে শত ব্যস্ততার মাঝেও বাংলা সঙ্গীত রচনায় অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা। দেশ ও বাংলা ভাষার টানে তিনি সুদূর যুক্তরাজ্যে বসবাস করেও বাংলা সংস্কৃতিতে নিজেকে নিয়োজিত রেখেছেন সর্বদা। প্রতিনিয়ত রচনা করে চলেছেন অসংখ্য সঙ্গীত। তিনি বাংলাদেশ বেতার সিলেটের নিয়মিত তালিকাভুক্ত একজন গীতিকার। 


গীতিকার ফজলুর রহমান ফলু পরিচিতিঃ

গীতিকার ফজলুর রহমান ফলু'র পৈতৃক নিবাস সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের কুশিয়ারা নদী তীরবর্তী লামা-চন্দরপুর গ্রামে। লামা-চন্দরপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান তিনি। তাঁর পিতার নাম মরহুম হাজী চুনু মিয়া, মাতা খায়রুন্নেছা খানম। সিলেটের মুরাদপুর সেনানীবাস সংলগ্ন হাজী চুনু মিয়া ভিলেজ তাঁর পিতার নামেই প্রতিষ্ঠিত এবং কাচা লংকা রেস্টুরেন্টের পরিচালক সমাজসেবী সাইস্তা মিয়ার বড় ভাই তিনি। ৬ ভাই ও ২ বোনের মধ্যে ফজলুর রহমান ৪র্থ। পরিবারের সদস্যদের মধ্যে ফজলুর রহমান-সহ ৪ ভাই ও ১ বোন যুক্তরাজ্যে, ১ ভাই আমেরিকায় এবং ১ভাই ও ১ বোন দেশে অবস্থান করছেন। ব্যক্তিগত জীবনে তাঁর স্ত্রী ও ১ পুত্র সন্তান রয়েছে।


শিক্ষাজীবনঃ

ফজলুর রহমান ফলু বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করলেও তাঁর জন্ম, বেড়ে উঠা ও শিক্ষাজীবন হয়েছে দেশের মাটিতেই। তিনি ১৯৮৮ইং সালে স্থানীয় আল-এমদাদ উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সহিত এস,এস,সি পরীক্ষায় কৃতকার্য হোন। এরপর ১৯৯০ সালে ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। কলেজে পড়ালেখাকালীন তিনি ছাত্র রাজনীতিতেও সক্রিয় ভূমিকায় ছিলেন। তিনি ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাংঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এইচ,এস,সি শেষ করে ১৯৯৪ সালে তিনি সিলেট এমসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান শাখায় ভর্তি হোন। তবে ওইসময়ে অধ্যায়নরত অবস্থায় তিনি যুক্তরাজ্য পাড়ি জমান।


লেখক ফজলুর রহমানঃ

গীতিকার ফজলুর রহমান ফলু ছাত্রছীবন থেকেই লেখালেখিতে সম্পৃক্ত ছিলেন। আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে পড়ালেখাকালীন সময়ে বিদ্যালয়ের মাসিক সংকলনে তাঁর বেশ কিছু লেখা প্রকাশিত হয়েছিলো। এছাড়া ওই সময়েই তাঁর বিভিন্ন ধরণের লেখা লোকাল পত্র-পত্রিকায়ও প্রকাশিত হতো।


প্রবাস জীবন ও গীতিকার হয়ে উঠাঃ

গীতিকার ফজলুর রহমান ফলু এমসি কলেজে অধ্যানরত অবস্থায় যুক্তরাজ্য পাড়ি জমান। যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর তিনি বিভিন্ন ধরণের ব্যবসায়িক কাজে জড়িয়ে পড়েন। এসময় প্রবাসের ব্যস্ততায় লেখালখিতে অনেকটা দূরত্ব সৃষ্টি হয়ে যায় তাঁর। সর্বশেষ ২০১৫ সাল থেকে তিনি গীতি রচনা শুরু করেন। এরপরের বছর ২০১৬ সালে তাঁর লেখা ৩২টি গান একসাথে 'চ্যানেল এস' প্রকাশ করে। এরপর থেকেই ফজলুর রহমান ফলু ব্যাপক আলোচনায় চলে আসেন। ক্রমান্বয়ে প্রকাশিত হতে থাকে তাঁর এলবাম ও জনপ্রিয় সংগীত। এখন পর্যন্ত তাঁর রচনায় ১৩২টি গান ইউটিউব-সহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাঁর সংগীত রচনার প্রতিভায় ২০১৮ সালে তাকে একজন নিয়মিত গীতিকারের তালিকাভুক্ত করে বাংলাদেশ বেতার সিলেট।


মিউজিক স্টুডিও প্রতিষ্ঠাঃ

গীতিকার ফজলুর রহমান ফলু যুক্তরাজ্যে বসবাস করলেও মন পড়ে থাকে মাতৃভূমির মাটি ও মানুষের প্রতি। সমাজ ও মানুষের সেবায় ফজলুর রহমান ফলু ও তাঁর পরিবারের রয়েছে অবাধ বিচরণ। তেমনি একজন গীতিকার হিসেব সিলেটের সংগীত অঙ্গনের কথা চিন্তা করে নগরীর উপশহরে প্রতিষ্ঠা করেছেন 'এফ আর মিউজিক স্টুডি'। যেখানে সিলেটের প্রতিভাবান শিল্পীদের পাশাপাশি সংগীত চর্চায় সুযোগ পাবেন উদীয়মান শিল্পীরাও।

এব্যাপারে ফজলুর রহমান ফলু জানিয়েছেন, আমি সঙ্গীতাঙ্গনের অনেককেই দেখেছি যারা ঢাকা শহরে গিয়ে সংগীত চর্চা করে থাকেন। মূলত তাদের কথা চিন্তা করেই সিলেটে এ স্টুডিওটি প্রতিষ্ঠা করেছি। যাতে সিলেটের প্রতিভা সিলেটের মাঠিতেই ফুটে উঠে। 

এছাড়াও সিলেটের গীতিকার ও শিল্পীদের মধ্যে যারা আর্থিক অস্বচ্ছলতায় নিজেদের প্রতিভা ফুটিয়ে তুলতে পারছেন না তাদেরকে FR Music Studio-এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলেও ঘোষণা দেন ফজলুর রহমান ফলু। যেকোনো প্রয়োজনে এফ আর মিউজিক স্টুডিও-এর নিম্নের নাম্বারে যোগাযোগ করার আমন্ত্রণ জানান তিনি।
মোবাইলঃ ০১৭২৯-২৬৫৫৮০।